রহিমা আফরোজ মুন্নীর পাঁচটি কবিতা
ক্লাসরুমে
তিনি দেবতাদের উড়িয়ে দেন আর ভূতের ভয় দেখিয়ে আমাদের দৌড়ের উপর রাখেন। নিজেদের শান্ত রাখতে কষ্ট হয় বলে আমরা আশ্রয় নিতে ঢুকে পড়ি তার চোয়ালের ভেতর। চলে যায় যত পূর্ণিমা অমাবস্যা
ক্রমশঃ তার গর্জনের দ্বিগুন প্রতিধ্বনি হয়ে যাই।
ঝুলে থাকা বর্তমানের এই সময়ে ক্লাসে আমরা যার যার চরকায় তেল দেই, কথা বলি পরকাল নিয়ে আর এমনি আনুষঙ্গিক পার্থিব সভ্যতা নিয়েও
এখন আমরা
আরও বেশি খুশি
আরও কম ভীত!
মডেল
আহ! আবার কেন তোল! ফোলা মাথা, ফাঁপা মাথা, শান্ত হও, প্রথমে ছাঁচে ঢেলে নিতে দাও যতো ফুঁসে ওঠা। আর এই টুপিটা, সত্যি তেমন ছোটো না, শুধু ছাঁটতে হবে, অবশ্য মাথাটাকে বাঁচিয়েই
এই অবসরে তুমি ভাবো আর ভাবো
যতক্ষণ না রঙ শেষ হয়
যতক্ষণ না দিন শেষ হয়
আর আমার আঁকা যখন শেষ হবে, সোনা, তোমাকে আমার ভালোবাসারও শেষ হবে।
সিডেটিব
গলে যদি নাই যেতে পারো শুভ্রতায় তবে জড়ালে কেন এই হাড়ের শরীরে! অলস তোমার রূপ, লেগে থাকো চ্যাটচ্যাটে এমন, ঠোঁটে দাঁতে। আর কি যে তোমার রঙ্গ, প্রিয়তম, ভেসে যাও আরও আরও দূর ভাসিয়ে শিমুল তুলা।
এদিকে হুল বাগিয়ে যতো বেলেহাজ, বুঝি ভাবো এরা চুমু খায় আমাকে! বিছানাপত্র তছনছ, মশারির হু হু শ্বাস, আতঙ্কে আমি সেঁধোই আমার চামড়ায়। সব হারিয়ে ইচ্ছাও হয় না আর তোমার সাথে বোঝাপড়ায়।
মুখোশ
সুচতুর তোমার মেধা, খয়েরের লালে লুকিয়ে রেখেছ ফাটা ঠোঁটের রুক্ষতা। মুখ দেখলে ভয় হয়। বিশ্বাস করতে পারি না আর সুস্মিত সম্ভাষণ।
অভ্যাস শব্দটা একটা নিঃসঙ্গ দ্বীপের মতো, আলগা আর দূরের বানিয়ে জান কেমন করে ছাড়িয়ে নিতে হয় স্মৃতিসম্ভার থেকে নিজকে। জান কেমন করে একই সুর ভাজতে হয় বারে বারে ফিরে ফিরে।
এখন অঘটনগুলোর সাথে একই পকেটে বয়ে বেড়াও শৈল্পিক সব মুখোশ। কোনোটা যন্ত্রনাহীন, কোনোটা অনুশোচনাহীন।
তুলির কয়েকটা মাত্র আঁচড়, আর দেখতে না দেখতেই নামে অমাবস্যা, ঘোরালো তোমার মুখ।
সুপারম্যান
প্রতিটি ব্যথার মধ্য থেকে আমি এখন আমার উদ্ধারকর্তার কথা ভাবি। ভাবি এই দুপুরে মাকড়সা জাল কেন বোনে! আমি ঝগড়া করতে পারতাম তার সাথে। আয়নার ভেতর কোড়ামুড়ি দিয়ে ওঠে এক সাপ, উপভোগ করে আমার অস্বস্তি, অপেক্ষা করে কখন আমি করুণা চাইব, অথচ আমি তার কাছে বসবো পারস্পরিক নির্ভরতায়। আমার পোষা হাতিগুলো ছাদ ধরে রেখেছিল, ভেঙে পড়বে যেন আমাকে নিয়েই
তবুও পথ ছুঁয়ে থাকি দিনভর, ছুঁয়ে যাই জানালার পর জানালা
