বুলেট, তোমার নিজের কোনো ভিন্নমত নেই
বুলেট, তোমার নিজের কোনো ভিন্নমত নেই
হুকুমের হাতে তুমি নিরপেক্ষ নৃত্যপর
হুকুমের হাতে তুমি নিজে পর নিজেই অপর
হুকুমের হাতে তুমি প্রশ্নহীন ওজরবিহীন
হুকুমের হাতে তুমি বারংবার শুধু নাচবেই
বুলেট, তোমার নিজের কোনো ভিন্নমত নেই
ট্রিগারের আজ্ঞাবহ,
বশংবদ বারুদজীবীর –
হুকুমের খাস দাস,
নিত্য ভৃত্য বিভিন্ন বিধির –
বুলেট, তোমার নিজের কোনো ভিন্নমত নেই
সুরক্ষার বর্ম তুমি,
মারণাস্ত্র হননকারীর –
শিকারীর তাক তুমি
নির্বিকার হন্তারক তীর –
বুলেট, তোমার নিজের কোনো ভিন্নমত নেই
একাত্তরে
আমিও বুলেট ছিলাম আমার নিজের
একাত্তুরে
আমরা করেছি চাষ বুলেট বীজের
একাত্তুরে বাঙালি করেছে চাষ বুলেট বীজের
দেখো, এখনো রেখেছি ধরে
এই বুকে সেই বুলেটটিকেই
বুলেট, তোমার নিজের কোনো ভিন্নমত নেই
মানুষ পশু ও পাখি, তৃণ-তরু, শস্য, জল, টিয়া
একতারা, সোনারূপা, তসবীহদানা, সাধু-মরমিয়া,
এ-বাংলার জাগ্রত ধূলির কণা মহূর্তেই বুলেটের ফণা
বাংলার পলল বুক মুক্তিযুদ্ধে বুলেটের মুক্ত আলপনা
দেখো, এখনো রেখেছি ধরে
এই বুকে সেই বুলেটটিকেই
বুলেট, তোমার নিজের কোনো ভিন্নমত নেই
এখন কি শুরু হবে অন্য এক মুক্তিযুদ্ধ
মাুনষের অনন্ত মুক্তির?
এখন কি শুরু হবে অন্য এক শুদ্ধিযুদ্ধ
মানুষের অনন্ত শুদ্ধির?
হোক শুরু হোক,
মানুষের নাম হোক মানুষ-আলোক।
সেই যুদ্ধে সর্বজয়ী আলো দিয়ে বুলেট বানাও
যোদ্ধা আর চিকিৎসক কাঁধে কাঁধ যাও হেঁটে যাও
সেই যুদ্ধে প্রাণী ও অপ্রাণী এসে দাঁড়াক সটান
পরাজয়হীন সেই যুদ্ধে
সকলেই গেয়ে যাক বিজয়ের গান।
পক্ষ ও বিপক্ষহীন সেই যুদ্ধ শান্তিযুদ্ধ,
সেই যুদ্ধ যুক্তিযুদ্ধ,
সেই যুদ্ধ শেষযুদ্ধ,
সেই যুদ্ধ ডাকে তোমাকেই –
বুলেট, তোমার নিজের কোনো ভিন্নমত নেই
আলোর বুলেট হেনে বিদ্ধ করো মানুষ ও মানুষীর বুক
মানুষের মধ্যে যারা অমানুষ, ভালো করো তাদের অসুখ
তাদের তমসা-বুকে চাষ হোক ভালোবাসা আর পুষ্পকথা
শুদ্ধচিত্ত মানুষের বরাদ্দ তো মৃত্যু নয়, চির অমরতা
সময় সড়ক জুড়ে
অনন্তের যাত্রীরাও কথা রাখবেই –
বুলেট, তোমার নিজের কোনো ভিন্নমত নেই
পেরিয়ে ব্যক্তির সীমা, দেশজাতি
মানুষ তুলবে ধরে সর্বরং মানবপতাকা,
সন্তানের মুখে মুখে স্বপ্নসত্য আঁকা,
দাঁড়াবে বিজয়ী বেশে
দিবানিশি জাতি আর জ্ঞাতি,
মানুষ করবে চাষ জলেস্থলে নভোনীলে আলোর বুলেট
মানুষ করবে চাষ শত্রু ও মিত্রের বুকে আলোর বুলেট
আলো দিয়ে বানাবে বুলেট, ভালো দিয়ে বানাবে বুলেট
বিজয়ী ব্রহ্মাস্ত্র তুমি হে বুলেট
তুমি ছাড়া বিজয়ের অন্য অস্ত্র নেই
সেই অস্ত্রে সুসজ্জিত মানুষেরা
নিজের বিজয় নিজে ধরে রাখবেই –
বুলেট, তোমার নিজের কোনো ভিন্নমত নেই
