২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ আফসারের তিনটি কবিতা

syed_afsar

Published : 13 Dec 2015, 09:26 AM

Updated : 23 Jun 2022, 04:04 PM

বন্ধন

মা, বৃক্ষ ও নদী–তিনে একটি আত্মা

বৃক্ষ, প্রাণ খুলে হাসে ফল ও ফুলে
নদী, বুক উজাড় করে জলবৈচিত্রে
মা, সন্তানকে ভালোবাসে নির্লোভে

মা, বৃক্ষ ও নদী–তিন একই বহতা
আমি ও মা একটি সম্পর্কের সুঁতা

ঘূর্ণিটান

তোমার অহংকারের ভেতর বন্ধ রাখি
চোখ, এলোমেলো গল্পে না-খুলে মুখ
ছাপিয়ে রাখছি কথা, তবুও গন্ধ শুঁকে
নেয় দেনা; অহং মুখটি ছোঁয়া যাবে না
তাই মনে-চৌকাঠে গাঢ় বেদনা

পুঁতে রাখছি নিস্পৃহস্মৃতি আষাঢ়-ফাগুনে
ঘূর্ণিবিন্দুতে আটকে গেছি—কী এক টানে

সম্পর্ক

গোপন ইশারায় বলছো কথা, শুনছি
শুনছি মিথ্যের ভেতর আসা-যাওয়া
অবসন্ন দেহ থেকে ফোটায়-ফোটায়
ঝরছে জল, তুমি ভ্রমেতিহাস লিখছো!
লিখছো আসন্ন দিনে কীভাবে ক্ষীণ হচ্ছে
একান্নবর্তী পরিবার ও যৌথসম্পর্কগুলো