নওশাদ জামিলের চারটি কবিতা
কিছু স্মৃতি বড় মায়াময়
ফেলে যাওয়া চুল, চিহ্নরাশি
জানালায় জিরাফের মতো
উঁকি দেয়। বলে–উড়ে উড়ে
বাতাসের বিদ্যালয়ে ঘুরি।
বুঝি না বুঝি না এই বিদ্যা
তথাপি নিশ্চিত থাকি–ভাবি
ডানার ঝাপ্টায় উড়ে যাবে
একগোছা চুল, স্মৃতিরাশি।
খাদ নয়, চূড়াও নয়–দেখি
স্মৃতিগুলি ঝুলে আছে আজ
বুক বরাবর–সেই থেকে
বুকে ব্যথা। বুঝি না বুঝি না
তথাপি নিশ্চিত থাকি–ভাবি
কিছু স্মৃতি বড় মায়াময়।
ঘাসের জীবন
কথাসাহিত্যিক কামরুজ্জামান জাহাঙ্গীর শ্রদ্ধাস্পদেষু
ইটগুলো হয়নি তো সেতু
মাঝখানে গড়ে দিল এক
দণ্ডিত দেয়াল। দূর থেকে
ভাবি, আয়ু কতদিন আর?
চরাচরে–ভাসে যার মুখ
সেও কি আড়াল, আবছায়া?
কে জানে কখন ভেঙে যায়
ইটের জীবন, কঠোরতা।
কংক্রিটদেয়াল ঘেঁষে ঘেঁষে
খসে গেছে পুরনোপ্রণয়
কে জানে কখন ভেঙে যায়
পিচঢালা পথ, রঙ্গমঞ্চ
সেতু নয়, মনে পড়ে শুধু
ইট-চাপা ঘাসের জীবন।
অন্য চোখ
কেবল নিজের কাছে ফেরা
আর কিছু নয়। চুপচাপ
শুধু দেখা–এত কি সহজ?
কিছুই দেখি না, তবু আমি
দৃষ্টির গোচরে তুলে নিই
ভুল করা মানুষের মুখ
কিছুই বুঝি না, তবু দেখি
বোঝাপড়া হয় না আমার।
তবে কি ফুরালো দেখাদেখি?
দুইচোখ নয়, ধীরে ধীরে
তৃতীয় চোখের কাছে ফেরা
আর কিছু নয়। চুপচাপ
যখনই নিজের কাছে ফিরি
দেখি খুলে যায় অন্য চোখ।
অব্যক্ত আঙুল
কামরূপ-কামাখ্যার দিকে
উড়ে গেছে বাঘিনিশেকর
রয়ে গেছে তার তীব্র ঘ্রাণ
ঘ্রাণ শুঁকে শুঁকে–যেন আজ
জেগে ওঠে ত্রস্ত শিহরণ
বনভূমি থেকে লোকালয়ে
জলাভূমি থেকে পথে পথে
আমি বুঝে নিতে চাই–স্বাদ।
ঝড়-জলোচ্ছ্বাস পাড়ি দিয়ে
এসেছি গভীর লোকালয়ে
দেখি এক নৃমৎস্য নারী
দাঁড়িয়েছে পথে–নখ তার
নোঙরের ছয়টি আঙুল
গেঁথে আছে বুকের পাঁজরে।
