২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মাশ্রয়ী কোপ

রাজু আলাউদ্দিন

Published : 29 Nov 2015, 02:58 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

রক্ত প্রবাহ আরও দূর কোনো রক্তকে ডেকে আনে;
চাপাতি, ছুরি ও আগ্নেয়াস্ত্র ঘাতকের অভিধানে
পাশাপাশি শুয়ে স্বপ্ন দেখছে তোমাকে এবং আমাকে।
কূট-রাজনীতি দুষবে এ ওকে; মামলা তদন্তও
বছরের পর বছর গড়াবে–এ কথা অন্তত
নিশ্চিত। তাই কিভাবে এড়াবে এ ধার্য্য বেদনাকে?

রাষ্ট্রনায়ক, নেতা আর যত বিদ্বান-ক্রীতদাস
ধর্মের আঁচে ছড়িয়ে দিচ্ছে রক্তিম উল্লাস।
আজ তুমি যাকে লাভ ভাবো, কাল সেটাই কি নয় বিষ?
মনে পড়ে কোন্ অজুহাতে গড়ে উঠেছিল আইসিস?

একদা তুমি যে আয়ুধ ছুঁড়েছ প্রতিপক্ষের দিকে
বুমেরাং হয়ে আসে তা এখন তোমারই স্বর্গলোকে।

প্যারিস, সিরিয়া, ফিলিস্তিন আর ইরাক ও ইউরোপ
ধীরে ধীরে খাবে গোটা পৃথিবীকে ধর্মাশ্রয়ী কোপ।
ঘাতক কি জানে ধর্মের নামে দাসত্ব করে কার?
এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধনদৌলত যার।