২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মারুফ কবিরের একগুচ্ছ কবিতা

maruf_kabir

Published : 18 Nov 2015, 09:38 AM

Updated : 23 Jun 2022, 04:04 PM

কয়েকটা দিন আগে

আমি কয়েকটা দিন আগে মারা যেতে চাই,
সবাই আরও কিছু দিন বাঁচতে চায় তাঁর আয়ুর চাইতে;
আমি কিছুটা আগেই চলে যেতে চাই।
আর সবার মতো আমি স্বপ্ন দেখতে চাই না সমৃদ্ধির আর সুখের বিকট,
নির্জন দুপুরে আমার সময় কাটে দ্রুততায় প্রস্থানের এ অপূর্ব পৃথিবী থেকে;
কারো মৃত্যু কামনায় নয়, আমার নিজের এক অপরূপ মৃত্যুর প্রত্যাশায়।
ইমন কল্যাণে আমার মৃত্যুর সুর বাজে-
ভৈরবী, মালকোষে কিংবা মধুবন্তি রাগে আমার উষ্ণ মৃত্যুর প্রত্যাশা জাগে;
দুঃখ নিয়ে নয়, অপার সুখে আমি প্রত্যাশা করি অস্তমান সূর্যের রঙে আমার তিরোধানের,
জ্যোৎস্নার আলোয় আমায় ঝরা পাতা আবিষ্কার করবে বিবাগী বাতাসে;
পুরাতন ব্রহ্মপুত্রের পারে বালুর ঝিকিমিকিতে, কালিগঙ্গায় শীতার্ত কুয়াশা ঘেরা চরে।
বেউথা ঘাটে সন্ধ্যায় মাঝির হারিকেন জ্বালানো আলোতে-
হিমালয়ের পর্বতমালার ভাজে ভাজে আমার নিঃশ্বাস রয়ে যাবে।
হেমন্তের আগমনে আমি সঙ্গোপনে ফিরে আসবো ধান কাটা মাঠে কুয়াশার রতিতে;
পলাশের ডালে, অদ্ভুত সবুজ পাতায় কিংবা কৃষ্ণচূড়ায় আমায় খুঁজে পাবে।
যদিও থাকবো না আমি এ ধরণীতে-
কয়েকটা দিন আগে আমার মারা যাবার ইচ্ছের অবসান চাই।
আমি কিছুটা আগে চলে যেতে চাই;
অপার উষ্ণতায়, বড় দীর্ঘ প্রতিক্ষায়, বারে বারে মৃত্যু দূরে সরে যায়।

আমলকীর পাতার ছায়া

কচুরিপানার ফুল থেকে বৃষ্টির ফোঁটা ছুঁইয়ে দেবো তোমার ঠোঁটে,
শ্যাওলা জমা বিকেলে, আদ্র হৃদয়ের পরশে উঠবে তুমি কেঁপে।
চুম্বনের অবসাদ সরিয়ে দু-ঠোঁটে জড়িয়ে সবুজ রঙের তুলিতে-
ভ্যান গখের সুয়েরলিং স্ট্রোকে আঁকবো প্রেমের চিত্রমালা শরীরজুড়ে।
আমলকির পাতার ছায়া নাচাবো সূর্যের আলোতে তোমার খোলা পিঠে আর মসৃণ উরুতে;
নরম জ্যোৎস্নার আলো মদিরায় মত্ত হয়ে শুইয়ে রাখবো অবিরত কোমল নাভিতে।
ঝরা বকুলের দীর্ঘশ্বাস তোমার বুকেই ফেলব যখন পাহাড়ে;
কুয়াশা চুইয়ে পড়া সকালে, তোমার চোখে স্বপ্ন ঝরবে আহারে।

পলাতক স্বপ্ন

পলাতক স্বপ্নগুলো রাত ভোরের আগে ডেকে তোলে আমাকে-
দিগন্তে তখনো ক্ষয়ে যাওয়া চাঁদ, সূর্যের আলোর সাথে যুদ্ধ করে হেরে যাবার অপেক্ষায়।
আমি সেই ছোটবেলা থেকে একটা কৌটার ভেতরে যত্ন করে স্বপ্নগুলো জমিয়ে রেখেছিলাম,
আমার সংগ্রহে প্রতিদিন নতুন নতুন স্বপ্ন জমে যেত, আগেরগুলোও পেত আরও চকচকে ভাব।
কত রকমের স্বপ্ন- হিমালয়ে হারিয়ে যাবার স্বপ্ন, জোনাকি পোকা হবার স্বপ্ন কিংবা ট্রাক ড্রাইভার,
এতো এতো স্বপ্নের ঘোরে আমি বেশ ছিলাম, অনেক না থাকার মাঝেও।
একদিন আমার চারপাশ কেমন করে প্রলুদ্ধ করে ফেললো খুব নির্বিরোধী জীবনের তরে;
আমি সিদ্ধান্ত নিলাম জমানো স্বপ্নগুলোকে হত্যা করবো, আর বাস করবো সবার মতন জীবনে।
কেমন করে জানি বিষয়টা জেনে গেল স্বপ্নগুলো, তাই একদিন সুযোগ বুঝে পালিয়ে গেলো আমার কাছ থেকে;
সে থেকে পলাতক ওরা আজ রাত ভোরের আগ পর্যন্ত।
ওদের ফিরে পেয়ে আমার সে কি উচ্ছ্বাস! কিন্তু ওরা জানালো আমাকে হত্যা করতেই ওরা ফিরেছে আবার।
ওদের কণ্ঠে ঘাতকের স্বর ছিল না, ছিল না নির্মম কোন আমন্ত্রণ, খুবই আন্তরিকভাবে আমাকে হত্যা করতে চায়;
আমি জানালাম আমার স্বপ্ন ছিল ভরা পূর্ণিমায় বসন্তের বাতাসে জ্যোৎস্নার আলোয় চলে যাবো আমি,
ওরা জানালো ও স্বপ্নটি আত্মহত্যা করেছে বহু আগেই, আমাকে লাশ কাটা ঘরে পৌঁছে দিয়ে ওরা যাবে চলে।
আমাকে পলাতক স্বপ্নগুলো উপহার দিতে চায় এক চমৎকার বিদায়, দারুণ উষ্ণতায়।
আমার খুব শখ হল ওদের সাথে আর কয়েকটা দিন কাটিয়ে দেই, সেই উত্তাল সময়ের মতো!
পলাতক স্বপ্নগুলোর অনেক তাড়া, ক্ষয়ে যাওয়া চাঁদের সূর্যের আলোর সাথে যুদ্ধ করে হেরে যাবার আগেই
আমাকে জীবনের সব চাওয়া পাওয়ার কাছে জয়ী করে ওরা ফিরে যেতে চায় ওদের পলাতক অবস্থানে,
আমি ওদের কাছে এ কথা ও কথা বলে সময় নিচ্ছিলাম আরও বেঁচে থাকার লোভে;
ওরা বুঝে যায়, আমার প্রতারণায় স্বপ্নগুলো অবাক হয়- কি করে ভালবেসেছিলাম আমি তাদের?

মুনাফালোভী মন

মুনাফা লোভী মন মোনাফেকি করে ওঠে বারবার ফাঁকি দিয়ে বাস্তবের পৃথিবী;
ফুরসত করে পূর্ণিমার আলো গোগ্রাসে গিলে খাই যতটুকু পারি আমি।
সমুদ্রের মতো বিস্তৃত হতে চাওয়া মন সঙ্কীর্ণতার কলসে ঠিকঠাক এঁটে পড়ে,
কিসের মোহ পুরো জীবন পুড়িয়ে ফেলে, নিজ ভূমে পরবাসী করে দেয়।
তোমার আমার ভালবাসার মতন সঙ্কীর্ণ হয়ে আসা সময়ে-
হাতের মুঠোয় নিয়ে চোখের মনি দুটো দিয়ে ছুঁয়ে দেখি চাঁদের আলো,
ভালবাসার অতীত হতে, স্বাধীনতার সম্ভবনা হাতে
প্রেমে কিংবা অপ্রেমে স্বাধীনতা হারায়! চন্দ্রালোকে ভিজে যায় যোনি।
স্বপ্নের সীমারেখা টেনে দেই সবলে ভেবে মধ্যবিত্ত সম্পর্কের পরিণতি,
লোভের কাব্যে চিড় ধরায় স্বপ্নের ডালপালা, সম্পর্ক টেনে নেবার পালা থমকে দাঁড়ায়;
আমার মগজের ভেতর একটা যোনি আছে, ধর্ষণের ভয়ে প্রায়শ কুঁকড়ে দেয় যে আমাকে।

সবুজের সাথে সঙ্গম বিরতি

অগ্রহায়ণ এলেই সবুজের সাথে সঙ্গম বিরতির সময় এসে যায়,
আর কালিগঙ্গার পারে বালুগুলো কুয়াশার রতিতে ভেজার জন্য ব্যাকুল হয়।
আকুল হয়ে আমি বাতাসে সরষে ফুলের ঘ্রাণের অপেক্ষা করি,
ধুলোর আস্তরণ ঠেলে মগজে ঢুকে পাগল করে আমাকে এই অগ্রহায়ণে
রাত্রির জুড়ে হিমের সাথে আলিঙ্গনে শেষে সকালে সূর্যের আলোতে
কেমন নন্দাদেবীর রূপে আহবান করে বাংলার প্রান্তরে।

অপেক্ষার ক্ষয়

জলের উপর ভেসে থাকা হিজল ফুলের যেমন ডোবা হয় না;
মৃত্যুর অপেক্ষা তেমনই আমার যেন ফুরায় না!!
রাতভোর হয় বৃষ্টির দাপটে; বিস্তীর্ণ বিকালে সূর্যের বশ্যতা স্বীকার,
অবাধ্য মৃত্যু বারবার অশোকের ডালে রঙ্গিন ফুল হয়ে বেঁচে থাকে।
সন্ধ্যার স্নিগ্ধতায় প্রগাঢ় হয় জীবনের বেঁচে থাকার অভিলাষ,
শিরিষ শাখায় রবি ঠাকুরের দীর্ঘশ্বাস, সুরের সাগরে ভাসার প্রমত্ত বিশ্বাস।
ধ্রুবতারার উন্মেষ সদ্য যুবকের মুখে তরুণীর ওড়নার হাওয়ার মতন সুখের প্রলেপ লাগায়,
স্মৃতিতে বাঁশির সুর বেজে ওঠে, বুকের ভেতর এস্রাজের বিষাদও কেমন ভাল লাগা হয়ে যায়।
নিজ ঘরে পরবাসী মন হয় উচাটন, আসলে নয় কেউ আপন, অথবা ছিল না চেষ্টা কখনও আপন হবার কারো!
কামিনী কত সহস্র বছরজুড়ে সন্ধ্যায় মধুভান্তি রাগে সুবাস ছড়ায়, রাত্তির জুড়ে মেঘমল্লার, সকালে ঝরে পরা হিজল আবার,
অপেক্ষা কি শুধু মৃত্যুরই হয়, সুখের অপেক্ষায় জীবনের আর কত ক্ষয়!!