মোহাম্মদ রফিকের তিনটি কবিতা
ইতিহাস
ইতিহাস নিরেট দুঃস্বপ্ন। এক-একটি মৃত্যুর সমান। আমি জেগে উঠি, ক্ষণে ক্ষণে ক্ষণান্তরে;
জানি, মৃত্যু নয় জীবনের মান,
দেখি, ঝুরঝুর ঝরে পড়ে কবরের ইটসুরকি;
অনন্ত মৃত্যুর অন্তরাল ভেঙে
আমি পাখা মেলি। সাক্ষী ইতিহাস।
কবে উবে গেছে ডাইনির পাহাড়,
সূর্যরশ্মি ছড়িয়ে পড়েছে গোরস্তানে।
দূই ভাই ঢুকল এসে প্রস্তর মারিয়ে
হাবিল, কাবিল। এরপর..
ভাইয়ের দুহাত উপচে ভাইয়ের উতল রক্তস্রোত;
ভোর হলো। মানুষের কন্ঠস্বরে জেগে উঠি।
আমার জন্মদিন
আমি নদ্যা, আমি লখিন্দর
পূবের–নিতাই, আমি
বেহুলা–কপিলা তুমি
তুমিই বসন ও মহুয়া
আমাদের জন্মদিন আজ
আমি, স্বর্গে নেই মর্ত্যেও বা নেই,
নরকে-পাতালে,
মৃত্যুই হল না কোনো কালে,
হবে না জেনেও, আমি মরি
আমি, ভালবাসা। দিগভ্রম…
আন্ধার সুরঙ্গে যাত্রা অন্তহীনতায়,
খুড়ে খুড়ে বালু–পাথরের ভিত,
হাতে চামচিকের ফাটা ডিম, বিষ্ঠা বাদুরের
তোমাদের চোখে চোখে জ্বলে হিম আভা,
স্বর্ণালী সুতোর
আমি ঠিক পৌঁছে যাব নিঃসীম কন্দরে,
নদ্যা কিংবা লখিন্দর…
একটি দিন
কাল ভোর হবে
অন্য একটি দিনের সৈকতে পৌঁছে যাব আমি,
হয়েছে জাহাজডুবি রাতের আঁধারে;
তখনও বিচ্ছিন্ন খোল মাস্তুল এবং নানা সরঞ্জাম
ভেসে আসছে অনন্ত সময়ে, ভারসাম্যচ্যুত
খাবি খায় আকাশ পৃথিবী ছেয়ে ভূমণ্ডল ও প্রকৃতি
ফেনারাশি দিগবিদিক জ্ঞানশূণ্য,
অনন্য অস্তিত্বে হাহাকার আর্তস্বর;
দূর থেকে, অন্য একটি জাহাজের সিটি বেজে উঠল ওই
পুরো মিথ্যে হল না জীবন;
