২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিহাব শাহরিয়ারের অদৃশ্যগুচ্ছ

shihab_shariar

Published : 13 Nov 2015, 04:27 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

১.
খড়ের রঙ তাড়া করে বিকেল
বাজপাখির পাখায় জড়িয়ে থাকে
শিকারির হাত
২.
চর্যার বালিকার নাকফুল
ঝুলে থাকে মধ্যরাতের টেবিলে…
…এরপর ফুল্লরার ঘুম
৩.
আত্মহত্যার আঙুল ভেঙে গেলে
নদী-ঢালে নির্মিত রোদেরা
বন্দি হয় হ্যান্ডসেটে
৪.
তোমার চতুর চোখগুলো
আমার সম্মুখে ছুটেছিল বলে
আমি কার্নিশের কাঠে বার্নিশ করেছি
৫.
নালার নির্জন শরীরে পড়েছিল
পালকের ধবল শ্বাস– তুমি পারোনি
খেলতে জ্যোৎস্নার খেলা
৬.
ব্যাধিগ্রস্ত শরীর জেগে
ওঠে দৈনন্দিন অভ্যাসে
আমরা কেন যাই না তবে দীর্ঘশ্বাস ছেড়ে
৭.
রাত্রিরা যদি মায়াবিনী হয়
তুমি তবে কেন মেতে ওঠো
জন্মনেশায়
৮.
ডট ডট ডট …
ডগার ঘামগুলো
মিশে গেছে আজ রমণীয় নিঃসঙ্গতায়
৯.
অভিমানের হাওয়ারা ছুটেছিল বলে
প্রণয়ের পাত্র থেকে
ঝরে গেছে চোখ
১০.
কাশফুলের সাদা হেমন্তের সাথে
যদি না ওড়ে নদী
অভিমানে দীর্ণ দাঁতে শুয়ে থাকে নগ্ন স্তন
১১.
অভিশাপের তুফানে বরফ গলেছিল
তুমি সাঁতার কেটেছো সাদা অন্ধকারে
মিশরের মমির মতো
১২.
ঘাঘরার গন্ধ থেকে
তুমি গ্রহণ করেছিলে শাড়ি
আড়িপাতা চুম্বনেরা তোমাকে ধরেছিল…
১৩.
বেলুনেরা বাতাসে উড়ে গেলে
উপরের আকাশ-খিড়কি দিয়ে
তারা আর তাকায় না পিছনে
১৪.
রৌদ্রকিরণে ভিজে ভিজে
তামাসম তুমিও তাকাও না
পোড়া দগ্ধ হৃদয়-গ্রহের দিকে
১৫.
সকালের রোদেরা আছড়ে পড়লে
জানালারা নগ্ন হয়
অন্ধকারের ছায়াতল থেকে
১৬.
মৃত্যুরা যদি দল বেঁধে নামে
ভূমিদস্যুরা কি তবে
ছেড়ে যাবে কবরের জমিন
১৮.
গণিকা আগুনে পুড়ে গেলে ঘর
চুম্বনের চিহ্নগুলো
ছুঁয়ে যাবে ওষ্ঠদ্বার
১৯.
তুমি বেদুঈনের মাতাল মধ্যাহ্নের মতো
ছুটে গেলে– আমি মৌনতা নিয়ে
দাঁড়িয়ে থাকবো সন্ধ্যার সিঁড়িতে
২০.
দাবদাহের দরোজা দিয়ে আমি বেরিয়ে গেছি
আমাকে রঙিন নেশায়
ডুবিয়ো না আর
২১.
আমার অবস্থান কেবল
তোমার মুখ ও মননের চৌহদ্দিতে নয়
আমি টিকে যেতে পারি যে কোনো বৃক্ষশাখায়
২২.
কতগুলো হাঁস উড়ে গেলে
তোমার শূন্য চিলেকোঠায় ছড়াবে
চন্দনের ঘ্রাণ?


২৩.
ঈশ্বর, আছি ধৈর্যের দড়ি ধরে
নিচ্ছি শুকনো লাউপাতার ঘ্রাণ
আমাকে দেখাও করতোয়া নদী
২৪.
লাগাও প্রেমতালা
ভুলের মাথা খেয়ে
চিকচিক করুক টিপরঙ
২৫.
হরিণী নাচে
মায়া লাগে বুকে
ঝুরঝুর পড়ে কদম-পরাগ
২৬.
স্রোতের স্কেল মেপে
ক্লান্ত সারেং আবার কি
জাগবে পাটাতন থেকে
২৭.
মেট্রোতে অন্ধকার নেই
আবছা আলোয় তরুণীর চুল থেকে
খসে পড়ে উকুন
২৮.
বিন্দুর এব্রিবিয়েশন
সমুদ্র নয়– একটি নৌকা কি
বাঁচাতে পারে ডাকাতিয়ার মাঝিকে?
২৯.
'প্রেম' শব্দটিকে 'রাজনীতি' বানালাম
কারণ তুমি রাজনীতির খপ্পরে পড়েই
আমার প্রেমের পকেট মেরেছো
৩০.
ছাতার নিচে যে ছায়াটুকু
সারা শীতে জমিয়ে রেখেছিলাম
একদিন তুমি তার সবটাই মাথায় ঢেলেছো
৩১.
ইচ্ছে আমার
পার্কের বেঞ্চে বসে
ছুড়ে দেবো তীর তোমার বুক বরাবর
৩২.
যে ঘরে পিসিমার শাড়ি থাকে
উনুনের ধোঁয়াগুলো যায় না সেখানে
আতুর ঘরে একবার নাভি কেটে গিয়েছিল
৩৩.
সুখের দিন খোঁজা নিয়ে
নব্বই দশককে ভারী করেছিলে তুমি
আজ নাবিকের হাতেই সমর্পিত হয়েছে তোমার দিন
৩৪.
মন কেড়ে নিয়ে
যারা ভালো থাকতে চায়
অবশেষ তাদের মন হয় শূন্য শূন্য শূন্য
৩৫.
রঙ্গ থাকে না কাছে
বুড়ি বয়স ক'জন পায়
গোধূলির দিকে তাকালেই দেখবে আলো মরে যাচ্ছে
৩৬.
ডিম্বানু ও শুক্রানুর সম্পর্ক খুঁজে খুঁজে
দম্পতিরা পাড়ি দিয়েছেন বেশ কিছু পথ
সূর্যের আলো নিভে থাকে সকালের মেঘে
৩৭.
রাধার হাতের রেখায়
কৃষ্ণের চোখ পড়েছিল
জল-যমুনা কি জেগেছিল জ্যোৎস্নার ভিতর?
৩৮.
আয়নার হাতগুলো ক্রমশ বাঁকা হতে থাকে
আমরা নদী-বাতাসে দীর্ঘ রাতের সিঁড়ি পার হই
ভেজা বালিরা একদিন তাদের হাত রেখেছিল আয়নায়
৩৯.
নখেরা খোলস বদলায় বলে
চৈত্রের রোদগুলো পায়ে পায়ে চলে
আমি তোমার কাছে শুধুই চৈত্রদিন চেয়েছিলাম
৪০.
পড়ে ছিল বাসক পাতা
নড়ে উঠেছিল বৈঠকঘর
ছাতার ছায়াগুলো ঢুকেছিল নাভির ভিতর
৪১.
ছায়ারাত জমে থাকে কপালে
ঘুমগুলো ঘুরঘুর করে চোখে
বাতাসেরা বাতাসেরই শত্রু হয়
৪২.
জলের তলায় জমে লবণের বেলুন
বেলুনের রঙগুলো বার বার খোলস
বদলায়, আমরা আকাশের কাছে জিম্মি হই