রক্তের দর্পণে বাংলাদেশ
(ফয়সল আরেফিন দীপন স্মরণে)
সময়ের তীরে বিদ্ধ চোখের রক্তের অস্থিরতায় উদ্ভাসিত বৃক্ষ প্রায়শই মানুষের মুখাবয়ব উজ্জ্বল করে তোলে, আর সন্তানের সান্নিধ্যে সেই মুখাবয়ব হয়ে ওঠে উজ্জ্বলতর ! দিনান্তে অশান্ত হৃদয়ের ছায়া জেগে ওঠে পাতালরেলে, কিন্তু অগণিত মানুষের পদচ্ছাপ তাকে উড়িয়ে নিয়ে যায় ভিন্ন কোনও গ্রহে, যেভাবে পাহাড়ের পাদদেশে প্রবাহিত স্রোতস্বিনী নিয়ে যায় হেমন্তে ঝরে যাওয়া রঙিন পাতা, যেভাবে চাপাতির ডগায় আমাদের আত্মা ও শরীর সমাপিত হয়ে আছে। অশান্ত ঈশ্বরের জন্য আছে নরবলি আর আছে অসুরের পূজা । পাতা ঝরে যাবার শব্দে যুদ্ধের দামামা কী বেজে ওঠে ।
যদিও জীবন শেষাবধি এক অসমাপ্ত যাত্রা, তবু আমরা যারা সন্তানের হাত ধরে পাড়ি দিতে চেয়েছি গভীর অরণ্য আর অতিদীর্ঘ মহাদেশ, কিন্তু চাঁদের আলোয় বিভাজিত মহাদেশ দেখে হয়েছি ভীত, সন্ত্রস্ত, যেভাবে ঈশ্বর আর তার প্রেরিত মহাপুরুষেরা বিভাজিত করে রেখেছেন আমাদের মনোভূমি আর এই বিশ্ব, যেভাবে ঈশ্বর নিজেই বিভাজিত হয়ে আছেন অসুর আর ঈশ্বরে ! সন্তানের হাত ধরে আমরা যারা বৃদ্ধ হতে চেয়েছি, কিন্তু ধূমকেতুর ক্ষিপ্রতায় পৃথিবী ছেড়ে চলে গেছি, সেইসব সন্তানেরা এখন পিতাদের দুঃস্বপ্ন ফেরী করে ফেরে। রাতে ঘুম থেকে জেগে ওঠা ক্রন্দনরত শিশুর মতো এই পৃথিবী এখন অস্থির, কিন্তু আছেন ভ্রাম্যমাণ মিউজিশিয়ান, যিনি পাতালরেলে, পার্কে, রাস্তার মোড়ে এই পৃথিবীকে তথাগত করে তোলেন !
কী এক অস্থিরতায় বিদ্ধ আমাদের সময়, যখন সাপ তার নিজের লেজ ভক্ষনে উদ্যত। অসুরের দীর্ঘ ছায়া জাগে, আমরা নিহত হতে থাকি পথে-ঘাটে, অরণ্যে-কার্যালয়ে, আপন গৃহে । পৃথিবীর এই অস্বাভাবিকতা কখনই এতো স্বাভাবিক ছিল না । জলের প্রবাহে ভেসে যায় আমাদের সকল প্রত্যয়, যেন জীবন কখনই আমাদের হয়ে উঠবে না, যেন আমরা করিনি যুদ্ধ, যেন আমাদের কোনও ইতিহাস নেই । কিন্তু কীভাবে নিঃশ্চুপ হয়ে আছেন মহান ঈশ্বর আর তার ঈশ্বরী । বন্ধুরা, যুদ্ধের দামামা কি বাজে ?
চৈতন্য নিথর করে বসে আছি পাহাড়ের পাদদেশে, জীর্ণ এক পানশালায় । হেমন্তের পাতা ঝরে–লাল, হলুদ, খয়েরী আর আত্মায় জাগে গান, বিষন্নতার, আসন্ন ধ্বংসের। ভাবি, বন্ধু দীপন, এই ঝরা-পাতার মতো আমারও কি যাবার সময় হোল ? সন্তানের মুখ, সে তো সময়ের উদ্গম, সে তো অনন্তের ছবি, যে ছিল আপনার শেষকৃত্যে, আর এখন সে আছে ধূলিধূসরিত এই পৃথিবীর পথে। ঈশ্বরহীন ধর্মসত্যে আমরা আছি এই পৃথিবীর পথে, যেখানে জলস্রোত নিয়ে যায় হেমন্তের ঝরাপাতা, আর রক্তে ভেসে যায় বাংলাদেশ! ভ্রাম্যমাণ মিউজিশিয়ান সেই অনিঃশেষ সত্যের নিমিত্তে ক্রন্দন আজও ফেরী করে ফেরেন।
নিউইয়র্ক, নভেম্বর ৭, ২০১৫ ।।
