২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাপাতির ত্রাস : দুই কবির কবিতা

admin

Published : 05 Nov 2015, 12:25 AM

Updated : 23 Jun 2022, 04:04 PM

তিনটি ত্রাসের কবিতা

ওমর শামস

চাপাতির অন্ধকার

কিন্তু রাত্তিরে আমি ম'রে যাই,
কেননা আমার ঘুমের ভিতর স্বপ্ন ঢুকতে পারে না …
চাঁদ জাগুক, থাকুক, না থাকুক
বৃষ্টি হোক না হোক
পাতা পড়ুক না পড়ুক
স্বপ্নের প্রবেশের পথ নেই,
তাই আমি ম'রে যাই।
আবার সকালে বাঁচি।
যখন জাগি তখন চড়ুই, পায়রারা উড়ে গেছে।
ধোঁয়া, বাস, ঘন্টা, আলকাতরা, অফিস, দোকান, উদ্ভ্রান্ত ট্রাফিক লাইট
আমাকে জাগায়, ওঠায়, বাঁচায় …
আমি সারাদিন বাঁচি, বাঁচি এবং বাঁচি –
মিটিং, হরতাল, সফলতার উদযাপন, বিফলতার বিরুদ্ধে শ্লোগান, খাদ্য, বাজার,
সত্যর ইঁটকে খোয়ায়, খোয়াকে সুরকিতে,
ভাঙতে-ভাঙতে বাঁচতে থাকি।
সন্ধ্যা কখন শেষ!
পাখিরা ঘুমিয়ে পড়েছে। কেউ-কেউ সারা রাত ধ'রে
জীবনের সেলাই করবে, না হয় পিচ ঢালবে …
আর আমি বিছানায় গিয়ে ম'রে যাবো,
কেননা আমার অন্ধকারকে একটা চাপাতি
দু-ভাগ ক'রে ফেলেছে –
স্বপ্নের আসার কোনো পথ নেই।

নক্ষত্র পাঠ

কুক্ষণ কখনো আসে …
সে যা শিখেছিলো,
আলোর মতো চাহনি
দুধের মতো দয়া
পাখির মতো প্রফুল্লতা
লতার মতো আলিঙ্গন,
রাজকুমারের প্রত্যাশা নয়
প্রজাদের জন্য আকাশের মতো ভালোবাসা –
সে যা শিখেছিলো – রাজকুমারীর হঠাৎ মনে হলো,
সব ভুল – সব কাঁটা আর পেরেক ।

জল্লাদ!
প্রথমেই তার উস্তাদের শির গ্যালো ।
ছিটকে উঠলো বিদ্যুৎ তার চুল থেকে!
মক্তব আর মিনার থেকে সবাইকে লটকানো হলো
ছাতিমের ডালে। পুরোহিতের মুণ্ডু গ্যালো কেননা
সে সঠিক নক্ষত্র পাঠ করে নি।
সকল যুবক পুরুষের জন্য ব্লেড –
তেরাস্তা, চৌরাস্তা স্তূপাকার হলো মাথা।
এখন জবার বদলে প্রতিশোধের ফুল –
সব দুঃস্বপ্নের কুণ্ডয়ন।
কাঁঠালিয়া, কর্ণফুলি, কীর্তিনাশা এখন লালস্রোতা।
কৃষক বুঝে ওঠে না ধান হবে কি না হবে!
শ্রমিক ভূতলের তলে শিক-জালিতে নির্মাণ ক'রে চলে
শুধু কয়েদখানা। সৈনিক ভুলে যায় তাকের নিশানা, কিন্তু
গুলি ক'রে চলে – উদ্ভ্রান্ত গুলি ক'রে চলে।
লাশ, যেখানে সেখানে লাশ –
আড়িয়াল বিলে, শান্তাহারে, টাঙ্গাইলে, চিরলডাঙ্গায়,
শর্ষে ক্ষেতে, রেল লাইনে, লক্ষ্মী হাটে, ইটের ভাটায় –
এবং শহরের রাজপথে লাশ।
তারই মধ্যে বেরোয় জৌলুশ –
গাজনের গাজনা বাজা, কে দ্যায় সাজা? সবাই রাজা!
রঙ, ঢং, ঢোল যাত্রার সাজে বেরোয় পাত্র,
মিত্র, সভাসদ, সান্ত্রী, মন্ত্রী,সং।
মাইক্রোফোন, ফোয়ারা, হাউই ফেটে পড়ে।
কে না উল্লসিত! এই হলো নব্য শাসনতন্ত্র।
কিন্তু সবাই ঘুমোলে, লাশগুলি নাকি হাঁটে,
আবার লাশ হয়ে ঘুমোয় লোকে জেগে উঠলে।
_ _ _ _

প্রাচীন দেবতারা –
ইয়াওয়ে, ওসিরিস, উরসুন, দুর্গা সভা করে :
কে যাবে ফের জীন ধরতে সামান্য সবুজ শিশিতে।
এখন চাপাতি ! শুধু চাপাতি!

বিস্ফোরণ

মাটির সঙ্গে বেখাপ্পা, আসমানের সঙ্গে ঝগড়া!
কি সমস্যা তোমার ?
সমস্যা?
এখানে তাপবিদ্যার দ্বিতীয় সূত্র কাজ করছে না!
বুঝলে না? এনট্রপি বাড়া উচিত। মানে বাংলাদেশে মানুষ সব
ভূগোলে প্রায় সমপরিমাণে ছিটানো থাকা উচিত – যেমন গ্যাস
অথবা মহাশূন্যের ভিতরে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি –
অথচ এখানে সবাই রসুনের কোয়া।
এক কেন্দ্রে, শাসনেও তাই!
নদী শুকোচ্ছে, বৃক্ষ লোপ পাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে,
মেঘ শুকোচ্ছে,
অনামিকা থেকে চাপাতি গজাচ্ছে –
আরে, চিন্তার কারণ নেই!
সান্দ্রীভূত হতে হতে কেন্দ্রে বিন্দু হ'লে
আবার ফেটে পড়বে।
থারমোডাইনামিক্সের সঙ্গে কোয়ান্টাম তত্ত্ব যোগ দেবে না ?

দীপনের দোকান

আনিসুর রহমান

দোকানের মালপত্র সাবাড় করে, নতুন পণ্যে পসার বাড়ে,
এলো গোলক দিন, আজব নগরে, শয়তান শ্রাদ্ধ করে!

কে সে ছেলে? কিনে অন্য সদাই, চিনে মানুষের মুখ
শুনে পাখির গান, জেনেছিল মাছের সাঁতার
দেখেছিল প্রজাপতির হাসি, ফুল আর পাতাদের রঙ
পেয়েছিল জীবনের পণ, মায়া ভরা শিশুদের ঢং!

জীবন হাটের দোকানে চলো, হাক দিয়ে গেলো
এসেছে নতুন মহাজন হবে নতুন কারবার, কি বলো?
এ খবর রটে যায়, নগরের আকাশে বাতাসে উড়ে
বুড়ো বাপ তার নগরের এ মাথা ও মাথা ঘুরে,
ছেলের খোঁজ করে, পথের টোকাই খেয়াল করে,
আহারে বোকা বাপ, কয় দিশেহারা বুড়ো লোকটিরে,
ব্যবসার নতুন পসারে আজ আপনার ছেলেও কি না
জীবনের হাটের লাভ লোকসানের সওদা হয়ে ফিরে!

দোকানে উঁকি দিয়ে দেখে বাপ টেবিলে ছেলের মাথা ঝুলে
বাবাটি কী করে? মাথা ঠুকে দেয়ালে,দীর্ঘশ্বাস ফেলে
বাবা দেয়ালের লেখা পড়ে, 'এখানে জীবনের দামে
মুণ্ডু ফেলে দিন, রক্ত মাড়িয়ে বেহেশত কিনে নিন!'