২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শারদুল সজলের চারটি কবিতা

shardul_sajal

Published : 31 Oct 2015, 06:12 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

আসছে শীতে

কপালের ভূমি ভেঙে, সেঁচ দিয়ে
যতই চারাধান বুনি
জন্মে না
খরা তাপ ঝড়ে সারা বছরই
গ্রীষ্মমাস

আমার কপাল নাকি একটুকরো কালো পর্বত!
মাটি জলে অনুর্বর–ঈশ্বর গড়েছে–
সুদানের মরুমাটিতেও আতাফল ফলেছে

তাই–আসছে শীতে, খরা তাপ ঝড় উড়িয়ে
কপাল নিঙড়ে,সেঁচ দিয়ে–
নতুন চারাধান বুনবো

প্রস্তুুত থেকো –ডাকবো

মনোজগতের অন্ধকার

না গেলেও থাকা যায় না বুকের বা'পাশের সোনালি মাছ
লাফিয়ে আছড়ে পড়ে দৃশ্যমান অ্যাকুরিয়ামে

অ্যাকুরিয়ামে তুমুল অস্থিরতা
সময় পেরিয়ে হলুদ দিনের রজনীগন্ধা
অবর্ণনার গভীরে শনাক্ত করে

পেয়ে গেলেও– পাওয়া হয় না, পাওয়া যায় না

একজীবনে এ দু'চোখ যত মানুষ দেখে
অর্ধেক তার পড়ে থাকে না-দেখা চোখের আড়ালে
আর অর্ধেকের ৯৯ ভাগ বিস্মৃতির বির্বণ বলয়ে
বাকি ১ ভাগ ভোগ ও বিনাশে
রূপান্তর করে –কাফ্কার মনোজগত…

পেয়ে গেলেও– পাওয়া হয় না, পাওয়া যায় না

চুম্বক আবিষ্কারের ইতিহাস

চুমুর দৈর্ঘ্য মেপে উড়ে যায় বালক বয়স। আলবিরুনীর গণিত সূত্রে
নেচে ওঠে জাফরানি আনারস
তোমার বুক ম্যাগনেশিয়া অঞ্চল আমাকে টেনে টেনে উত্তাপ ছড়াচ্ছে
কীভাবে ভুলে যাব আমি চুম্বকের ইতিহাস?

নবম শ্রেণিতে প্রথম চুমুর বিনিময়ে চুম্বকের আবিষ্কার
সবল-স্বাস্থ্যের শহরে দেড়'শ ডিগ্রী তাপের ধারাপাত ঠোঁটের ডগায় রেখে
বৃত্তের মডেল দেখালে তোমার শরীরে এঁকে
তারপর বুঝালে চুম্বকশক্তি চুমুর তরলে কতটা জ্বলে
জ্বলতে জ্বলতে কত ডিগ্রী অ্যাঙ্গেলে টানে

ও মহল­ার বড়দি' পিথাগোরাসের উপপাদ্য করতে গিয়ে
তোমার কাছেই প্রথম শিখলাম–বৃত্ত থেকে বিন্দু বড়
সেদিন যদি স্বীকার না করতাম আমাকে কী আবার চুমু দেয়াতে
ওখানে ধরাতে!

বয়সের ফড়িং-সময়

কাম ও ক্রোধের আগুনে মফস্বলের উঠতি ডালিম বাগান পুড়ে যাচ্ছে
সূর্যের রঙ ধুসর-তামাটে হয়ে আছড়ে পড়ছে বেগানা যুবকের ঘামে
এই সময়ে বলো– কী করে চুপ থাকি, কী করে কামকে
কার্পাস তুলোর হালকায় উড়িয়ে দিই

প্রতিনিয়ত শরীরের সেমিনারে আমি প্রধান বক্তা
গোলাপ বাগানে গর্জে ওঠা বিদ্যুৎ তরঙ্গে রাজহাসের সাঁতার
এ'সব টাটকা জীবন থেকে কীভাবে তুলে রাখি
ঘামের কাহিনি?

চুমুর সাথে 'তোমার বিরোধ মেটাও'– এই বলে
চুমুগুলো আমার উড়ে চলছে
ঠোঁটের কর্মশালায়