একরাম আলির ছয়টি কবিতা
১
ঝড় এগিয়ে আসছে
তার ছড়ানো ডানা
হাড়ে মাংসে পালকে অবিরাম ঝাপটায়
গাছের পাতায় পাতায় পুরে দেয় নিজের গর্জন
ঝড় এলেই সব কিছু ভুলে
প্রেতগতিতে তুমি বেরিয়ে যাও
সারা শরীরে ধুলো আর গুমরে-ওঠা শব্দ আর গতি
কার মৃত্যুর ওপর হেঁটে যাচ্ছ তুমি
কার জন্ম কামনা করছ?
২
চোখ ঝড়ের চেয়ে ক্ষিপ্র
চোখ দেখছে আকাশ থেকে পাতাল
পুরুষ, রমণী, নিভে-যাওয়া আলো
তোমার রুগ্ন পায়রা আর ওড়ে না তেমন
তার চোখের চারপাশে সাদা গুটি
যখন ঝুঁকে খেতে দাও
বাহুল্য মনে হয় তোমার ঢিলে ব্রা
সে দেখতেও পায় না
আকাশ কত রঙ বদলাল
রান্নাঘরে কত রকমের থালাবাটি
বদলে বদলে গেল
আজও বেড়ালরা ঘুরছে পায়ে পায়ে
তাদের খিদেয় সারা বাড়ি থমথমে
রোঁয়া উড়ছে
৩
বৃষ্টি পড়ছে, উঠে আসছে ধরিত্রীর গন্ধ
কিছুক্ষণ থাকবে
তারপর ধীরে মিলিয়ে যাবে
উড়ো হাওয়ায়
তখন আবার তোমার শরীরের গন্ধ ফিরে আসবে
একেকটা অঞ্চলের গন্ধ একেক রকম
ঠোঁটের, স্তনের, নাভির…
কিছুই আর আগের মতো নেই
সময়, গন্ধ আর স্মৃতির বিবর্তনে
নতুন শঙ্কার মুখোমুখি আমরা
শুধু চোখের তারায় অস্বস্তি
কোনো দিন যেখানে যাওয়া হয়নি
এ কি সেই চোখধাঁধানো সমুদ্রের
অস্থিরতা?
৪
নাক আমার নিজের গন্ধ টের পায়
গরমে ঘামে চেনা এক দেহের বিচরণ
তোমারও গন্ধ সেই প্রথম দিনের মতোই
পেটিকোট, ব্রা, ব্লাউস
এসবের নির্জনতা ভয়ঙ্কর গুমোট
তবু সেই একই গন্ধে
কত কাল রয়ে গেলাম আমরা
পথে পথে গাইলাম
নির্জনতম অঞ্চলগুলির গান
৫
দিন তলিয়ে গেছে শহরের এপাশে
পুরোনো সব ঘিঞ্জি বাড়িঘরের ভেতর
যেখানে অন্ধকার জমে থকথকে
সেই কাদা থেকে তোমার আর আমার
পুরোনো হাসি ছড়িয়ে পড়ছে
আরও পুরোনো এই শহরে
আমাদের ঝুলভর্তি হাসির চারদিকে
আলো আর আলোর চোখরাঙানি
৬
শুকিয়ে-যাওয়া পুকুরের পাড়ে
কেউ গান গাইছে
একফোঁটা জল নেই, গুল্ম নেই
পুকুরের গর্ভে খটখটে পাঁক চৌফাট্টা
তবু তার গানে শাপলার প্রস্ফুটন
পদ্মের নরম অহংকার
টলটলে জলের কাজল লেগে আছে
