২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাজুল হাসানের গুচ্ছ কবিতা

মাজুলহাসান

Published : 16 Oct 2015, 01:34 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

সৎভাই

বাবা চাইতেন আমি যাতে সাহস নিয়ে ওর দিকে চোখ তুলে তাকাই
এক টেবিলে বসেও শান্ত থাকি। একসাথে কফি খাই।
বাবা ছিলেন চিরসবুজ। আমিই তার গোপন শ্বাসরোমের খবর রাখিনি
জানি- একদিন বাবার কথাই সত্যি হবে
একদিন বন্দুক তাক করা পোস্টারের কোলাহোল থেকে
জুতো বাধার ভান থেকে, সড়ক ডিভাইডারের সবুজ আড়াল ছিড়ে
আমি আর সেই লোকটা এসে দাঁড়াব লাল কৃষ্ণচূড়া গাছটার নিচে

আয়ু! আরে সৎভাই যে! চলো এবার একটা লম্বা ম্যারাথন হয়ে যাক…

Image
mazul.jpg

ফ্যাকাশে পোর্ট্রেট

লোকটি একা ও ছায়াহীন; অতঃপর বিপ্লবী গন্ধগোকূল
ডোরাকাটা পাজামা পরে ড্রইংরুমে টিভি দেখছেন- তিনি নন
মাহামান্য টিকটিকি। এলইডি জ্বেলে ছুটে আসছে সাঁজোয়া ট্যাংক
ডুবন্ত সূর্যের পেটের ভেতর থেকে ভেসে আসছে সৈন্যের হাসি
অদূরে কূপ থেকে উঠে আসছে রক্ত; ওরা বলল- জীবাষ্ম জ্বালানী
রাতে লোকটি নভোমণ্ডলের দিকে ছুড়ে দেয় জ্যোতির্ময় আক্রোশ
লোকটি পান করে গেলাসভর্তি একাকীত্ব, নিস্তব্ধ অরুদ্ধতি

দূরে, বহু দূরে ক্রমশঃ স্পষ্ট হচ্ছে প্রত্নযুদ্ধের ফ্যাকাশে পোট্রেট…

পাখিসিন্ড্রম

শহরের হৃদকম্প বয়ে বেড়ানো বেকার যুবকটিকে দেখছি না
যার খালি পকেটে আকাশ; নীল উল্টানো পাখিসিন্ড্রম
অথচ আজ- দোয়েলআঁকা নোটগুলো রদ্দিকাগজ হবার জোগাড়
দারোগা সাহেব প্লিজ জিডি লিখুন- কিশোর কবিটি নিখোঁজ
ওর প্রবল মুদ্রাদোষগুলো হয়ে গেছে ময়ূরের ছিন্নপেখম
তাই দিতে পারছি না মাত্রাবৃত্তের কোনো সংহত প্রমাণ
দারোগা সাহেব, একবার দোয়েলের আহত শিস নেড়েচেড়ে দেখুন-
রাতে ভালো ঘুম সুনিশ্চিত। এই দৈবদিবাকর ভোর আপনার ঘুষ…

রৌদ্রছুটির নিমন্ত্রণ

মেঘেদের বাড়ি সবুজ। আমরা বলতাম মেঘালয়
সাইকেল নিয়ে কীভাবে ফাঁকি দেবো ওর বড় দুই বোন
শিলা-বৃষ্টির চোখ?
ওপাড়ার পাঁচ তিরের লক্ষ্যভেদে শুধু ফরিদেরই জয় হোক
কাঙ্খিত নারীলাভে দুলে উঠুক আদি-শেকড়ের দ্বিতল সাঁকো
আরবার হয়ে উঠুক নয়নতারা। দ্যাখো— স্মৃতিহীন উদ্ভ্রান্ত প্রেমিক
রংধনু। গতজন্ম মেঘালয়ে গিয়ে নিজেকেই চিনতে পারেনি সে।
সেই থেকে এইসব মেঘস্মৃতি, নিমন্ত্রণ, ৫ তিরের লক্ষ্যভেদ
আমার স্মৃতিভ্রষ্ট দিনের উজ্জ্বল ডায়েরিতে চিরঅক্ষত আছে…

সর্বরাষ্ট্রীয় গীতবিতান

যারা গান ভালোবাসে না তারা মানুষ খুন করতে পারে
সর্বরাষ্ট্রীয় গীতবিতানে এই শ্লোক লেখা আছে
তাই ফুলবাগানের দেয়াল যতোই উঁচু হোক— কান খাড়া করি
তীব্র দাবদাহ নয়, জিঘাংসাই পোড়ায় বেশি মানুষকে
এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে দেখতে পাচ্ছি— দেহবারান্দায়
নিজেরই অনেকানেক লাশ পড়ে আছে
সবচেয়ে টাটকা খুনটি হয়েছে মাত্র ২ মিনিট আগে
অর্থাৎ ২ মিনিট আগেও আমার চোখে ছিল উজ্জ্বল ঈর্ষা
অর্থাৎ এই ২ মিনিটেই গিলে ফেলেছি পুরো সূর্যটাকে
অর্থাৎ ২ মিনিট হলো আমি কোনো একটা গান শুনছি
অর্থাৎ ২ মহাজাগতিক মিনিট!
প্রতিশোধই জীবন। তবু গান নিজেকে খুন করতে শেখায়
নিঃসন্দেহে এটা গানের ইহজাগতিক ভালো দিক…

সঙ্গভগ্নাংশ

ওঙ্কার। প্রফুল্ল শালিখই সবচেয়ে ভালোবাসে মানুষ
অথচ নগরের কলিজা খামচে ধরছে দ্বৈতার্থবোধক শিস

বোবা গান মানুষকে একটা পালকের মতো
কঠিন ধাঁধাঁয় নিক্ষেপিত করে
এই পতন, নৃ ও অন্তরীক্ষ স্বঅর্জিত

হাঁটার চেয়ে সঙ্গিনীর নৈকট্য-ঘ্রাণ অধিক মনোরম…

যাত্রা

অতিরিক্ত প্যাসেঞ্জার হয়েও কেউ কেউ মাত্রা'য় পৌঁছাতে পারে
আটকা পড়েছি লৌহপুষ্পের বাগানে৷ কেবল ছুরিকাচির শান
জবাই করি আত্মার পশু৷ তবু ফিরে আসে ছিন্নমস্তক
সজল-পাশবিক চোখ। ৩ দিন ৪ দিন হলো ঘুমাতে পারি না
নিকটে বুড়িগঙ্গার কাকচক্ষু জল, দূরে নদীবক্ষে তাঁতানো রোশনাই
সারেং, তোমার এমভি রকেট সার্ভিস কি চাঁদে যায়?

খেলনা দূরবীন

কাঠের বন্দুক দেখে আবারও ডাকাত হতে ইচ্ছে করে। অথবা নাবিক।
যার কাছে ছেলেবেলা এক এবং অদ্বিতীয় সমুদ্রঘটক। নিশিদিন ঘুঙুর
বাজে পায়ে। তবু গুটিশুটি বেড়ালের মতো সন্ধ্যা নামে শহরে
গলিতে রিকশার টুংটাঙ। দূরে উদ্ধত ফণা। শুধু ঢেউ। শুধু ঢেউ।
১৩ নটিক্যাল মাইল দূরে ফ্রিজ হয়ে আছে ডুবসাঁতার
এখন এই সিমেন্টের সাগরে স্মৃতিকে কতদূর প্রসারিত করতে পারবে
খেলনা দূরবীন?

আঙ্কেল টম!

মাঝে মাঝে নত হওয়াটা ভালো। এই অবস্থা
মাথাগুটানো কচ্ছপের মতো
নিজের থেকে মুখ ফিরে থাকার সুবিধাও বিস্তর
তখন অক্ষয়িষ্ণু অহমে অন্যের কালোগোলাপ ও
আলোকিত শরীরবাগান দেখার সুযোগ মেলে
আঙ্কেল টম! উঁকিঝুঁকি মারছো নিজেরই অতলান্তে?
ঘন অন্ধকার-নীল…

মার্থা গঞ্জালেস

মাহিদা ফেরদৌস ঋণীকে প্রথম যেদিন মার্থা গঞ্জালেস বলে ডেকেছিলাম— সেদিনই কুড়িয়ে পেয়েছিলাম একটা মাউথওর্গান। মৃদঙ্গ নয়, সমীরছিদ্র বক্রবংশী নয়, মৃদু কিংবা ত্রিকালকম্পি রাজশঙ্খও নয়। একটা একতারাও তো হতে পারতো। কিন্তু সব থুয়ে ক্যানো মাউথওর্গান? ভেবেছি, আর সকালটা অপেক্ষা করেছে হলুদ কার্ডিগানের, বিকেল পালিয়েছে কেতকিদের গোধূলি দালানে আর ছুমন্তর বলে সন্ধ্যা হয়েছে আফিম-নিস্তব্ধ। ঋণীকে বলা হয়নি কোনোদিন— মার্থা গঞ্জালেস এক অনিন্দলাস্য ও ফুটোন্মুখ গোলাপের নাম। শ্বেতশুভ্র মেষ চরে বেড়ানো ককেশিয় পর্বতরাজি নয়তো ল্যাতিন অরণ্যের কোনো নিভৃত নিদ্রাটিলায় এর জন্ম। অথবা কোথাও এই নামে কোনো ফুল নেই। প্রিজম-বিভ্রম। মনে হয়— রাগ ইমন আর ঋণীদের কোণার ঘরটার একটা যোগসূত্র আছে। রোজ রাতে গানের মাস্টার আসে। কী মলিন জামা! অথচ ফেরার পথ কী হীরকদ্যূতিময়! রোজরোজ অমন ঝকঝকে ঈর্ষা দেখে আমার অন্ধ হবার জোগাড়। সেই কবে নক্ষত্রবাগান তছনছ করে গেছে পাগলা হাতি। বিধ্বস্ত তারা ছড়িয়ে পড়েছে চতুর্দিক, একান্ত গোপনে কাঠবাদামের অন্তরেও হয়েছে লহু-লুব্ধক ক্ষরণ। সেই সমুদ্দুর অবশ্য পেরিয়ে গেছি পাগলা হাতির পিঠে চেপেই। গেছি ককেশিয় পর্বতরাশিতে, নয়তো ল্যাতিন অরণ্যের নিভৃত নিদ্রাটিলায়। (অথবা যাইনি)। রাজশঙ্খের মতো মৃদুস্বরে ডেকেছি— মার্থা গঞ্জালেস, মার্থা ও ম্যারি! কী আশ্চর্য, মাউথওর্গান কিংবা চার্চ মিউজিক নয়, ঠিক তখনই ভেসে এসেছে রাগ ভৈরবী।

সোনার মোহর মাড়িয়ে

সুলতানের গ্যারেজে বখে যাওয়া গাড়িদের আদব শেখানো হয়
ডানাভাঙা যান্ত্রিক গুণিতককে শুশ্রুষা দিয়ে ফেরানো হয় পূর্বাবস্থায়
আর কে না জানে গাড়ি ও পুরুষের মধ্যে আছে অভূতসদৃশ্য
টায়ারের কর্কশ দাগ এবং পুরুষের বুটের ওঙ্কার আদতে একই প্রজাতির
ওরা আপাতবিচ্ছিন্ন পলল ভূখণ্ডগুলোকে পদচিহ্নের আওতায় আনে৷

ভাবছি- সবশেষ কবে আকাশ গিলেছি: হেমন্তদুপুরকে গড়েছি রঙধনু…

Image
Flag Counter