২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে রেহানে জাবারি

শামস আল মমীন

Published : 13 Sep 2015, 11:27 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

২২ অক্টোবর, ২০১৪। ভোরে ফাঁসি হয় রেহানে জাবারির। বয়স হয়েছিল তাঁর ২৬ বছর। ধর্ষণ এড়াতে আততায়ীর বুকে ছুরি বসানোর অপরাধে তাকে প্রাণদন্ড দেয় ইরানের সুপ্রীম কোর্ট। এই ফাঁসির আদেশের বিরোধিতা করে বিশ্বের অনেক মানবাধিকার সংগঠন। মেয়ের বদলে তাকেই ফাঁসি দেওয়া হোক বলে মিনতি জানায় রেহানের মা । তাতে সাড়া মেলেনি। মৃত্যুর আগে মাকে শেষ চিঠি লেখে গিয়েছেন রেহানে। তাঁর এই মর্মস্পর্শী চিঠি পড়ে এই কবিতা লেখা।

মা, পৃথিবী আমাকে উনিশ বছর ভালবেসেছে। আমি তার উষ্ণ ছোঁয়ায় মুগ্ধ ছিলাম। তোমার সুরে শাহনামা
আর গালিবের দরদী গজল শুনতে শুনতে কখন যে ফুটে উঠেছি গুলবাগে; কখন যে শরমে লুকাতে শিখেছি মুখ, কোনদিন বুঝতে পারিনি। সেই রাতে, হ্যাঁ মা, সেই কালো রাতে ওরা হয়তো আমাকে কোথাও ছুঁড়ে ফেলে দিতো..তারপর তোমাকে নিয়ে যেতো লাশ শনাক্ত করতে; তখন এও জানতে পারতে আমি ধর্ষিতও হয়েছিলাম। লজ্জা আর শোকের ভারে একদিন তুমিও..এই তো হতো মা.. শেষ মেষ এভাবেই শেষ হতো। এখন তোমার মতো আমিও ভাবতে শিখেছি মৃত্যুই সবকিছুর শেষ নয়। তোমার কাছেই শিখেছি লড়াই করতে, প্রতিবাদী হতে, আর সব কিছুর পরও নারীর সম্ভ্রম জিইয়ে রাখতে, কিন্তু সেদিন এসব কিছুই কাজে লাগেনি মা। ওরা আমাকে বলেছে খুনি, বলেছে খুব হৃদয়হীনা আমি..কিন্তু আমি একটুও কাঁদিনি মা; ওদের দয়াও চাই নি আমি কারণ খোদাতালায় আমার বিশ্বাস ছিল। কিন্তু ওরা মেয়েদের প্রতি ছুঁড়ে দেওয়া কুৎসিত শব্দগুলো বার বার বলছিল,ওরা বলছিল ভয়ঙ্কর নির্মম খুনি আমি; এ মাটির ভালবাসা ইঞ্চি ইঞ্চি করে যে তুমি আমার ভেতরে রুয়ে দিয়েছিলে, সে মাটির মানুষেরা আমাকে দেখে হেসেছে নিভৃতে। ওরা নাকি আমার হাতে দেখেছে খুনীর রক্ত, তুমি তো জানো মা পৃথিবীতে মশার মতো নিকৃষ্ট একটি প্রাণীও মরেনি আমার হাতে। নেইল পলিশে আমার নখগুলো তখন চমৎকার গোলাপী ছিল, ওরা বুঝতে চায়নি এ হাত শুধুই ভালবেসেছে পৃথিবীকে। তুমি কেঁদো না মা, প্লিজ কেঁদো না..আমার জন্য আবারও কষ্ট পাবে জানি, তবু বলি মা..আমার শেষ ইচ্ছার কথা বলি..

আমার ফাঁসির পর, আমি চাই না আমার দেহ মাটির তলায় গলে পচে যাক, আমি চাই না আমার সুন্দর চোখ, আমার নিঃষ্পাপ আত্মা মলিন ধুলায় মিশে যাক; আমার মৃত্যুর পর আমার চোখ, হাঁড়, হৃদযন্ত্র, কাউকে দিও.. আমি চাই আমি বেঁচে থাকি কারো দৃষ্টিতে নিঃশ্বাসে রক্তধারায়।

আমি চাই না আমার কথা ভেবে কারো চোখ ভিজে যাক, ভালবাসার ফুলগুলো আমার কবরে শোকার্ত শুকিয়ে যাক আমি চাই না মা.. আমি চাই না আমার কবর কিম্বা কোন স্মৃতিচিহ্ন থাক যেখানে এসে তুমি শুধুই কাঁদবে।
মরনের ওপার থেকে আমি কিন্তু জানতে চাইবো মা আমার সুন্দর চোখ দিয়ে যে দেখবে তোমাকে, খোঁপায়
গোলাপ গুঁজে শরমে লুকাবে মুখ যখন দেখবে তাকে মুখোমুখি..কি কথা বলবে কি কথা বলবে তাকে, আমাকে।
আর..যতক্ষণ বাঁচি মা আমাকে জড়িয়ে রাখো যে রকম রাখতে বুকে ছোটবেলায়, অনেক মায়ায়
অনেক আদরে..