মিছিল খন্দকারের গুচ্ছকবিতা
কাঙ্খিত কণ্ঠস্বর
………………..
বাতাসের দিন এলো
বই থেকে উড়ে যেতে চাইছে পড়া, না পড়া পৃষ্ঠারা।
ট্রেন মিস করার পর প্লাটফর্মে বিমর্ষ আলস্য নিয়ে
বসে থাকা যাত্রীর মতো এই মেঘলা দুপুর-
তাকে সুর না দেওয়া একটা বোবা লিরিক মনে হয়।
বিকেলের দিকে সে গান হয়ে উঠবে কি?
তাহলে বিকেল নাগাদ আসবে কেউ?
এ ঘর পাবে পাখালীর কাকলীমুখর বাগানের মর্যাদা?
এসব প্রশ্ন পেরিয়ে সন্ধ্যায় হাত থেকে ফসকে পড়ে কাপ
তার চুরমার শব্দকে পরিচিত কণ্ঠস্বর মনে হয়।
ইচ্ছা করে, সন্ধ্যা জুড়ে ভাঙি সহস্র চায়ের কাপ
কাঙ্খিত কণ্ঠস্বর নিয়ে তারা বাজুক,
বাজতে থাকুক!
না ঘটা কাহিনী
……………….
সারা সপ্তাহ ঘুরে একটা প্রজাপতির সাথেও দেখা হলো না
গলা ধরে হাঁটা হলো না পানকৌড়ির সাথে।
এদিকে বৃষ্টি আসার আগে বাতাস মধুর হলো,
প্রাণ জুড়ালো না।
আকাশ গোমরা হলো, আচম্বিতে নামল বৃষ্টি।
হরতকী মেয়েরা দল বেধে হাসতে হাসতে
ভিজতে ভিজতে চলে গেলো নদীর নিকটে,
তাতে কলসি হলো অজুহাত।
সারা দিন এতো ঘুরেও দেখা হলো না নিজের সাথে
অথচ শুনেছি কিছুটা প্রজাপতি
উড়তে উড়তে বসেছে জংলার বাঁশে
তার পাশে সামান্য পানকৌড়ি জিরোচ্ছিলো বসে।
এসব কাহিনীতে আমার ভেতরে জলাধার-
যা না দেখেই বাতাসের শিহরণ খুলে
বৃষ্টির মধ্যে নেমে
ওইসব মেয়েদের হাসির মধ্যে
মিশে যেতে হলো আলগোছে!
ইবাদত
………
সারা দিন জিগিরে জিগিরে
সারা রাত ধ্যানে জায়নামাজে
আমার সকল পূণ্য পাপ
তুলে দেব প্রভুর জাহাজে।
খেলনা জীবনের চাকা
…………………….
বলার অধিক কতো কলস্বর কথায় কথায়
হাতের রেখার মধ্যে ফুঁসে ওঠে বিগত নদীরা
তাড়িত বিদ্যুত লেগে রক্ত আর(ও) উজ্জ্বলতা চায়
আর জ্বলি আর নিভি, সব জুড়ে না বলার পীড়া।
অথচ খেলেছে কথা, হাতে হাতে চলেছে ইশারা
নদীর পাশেই শুয়ে নদী হতে চাওয়া(র) বাহানা
বুকের ভেতরে ঢুকে খুঁজে দেখা তৃষ্ণানেভা ধারা
পাওনা ফিরিয়ে দিয়ে পেতে চাই যা-ই পেতে মানা!
পাওয়ার কিছু নেই, আছে শুধু ফুঁ'য়ে ওড়া চুল
এমন দৃশ্যের দিকে চোখ তাক করে করে রাখা
যতোটা দেখেছো দৃশ্যে তার সব নয়তো নির্ভুল।
নাই থাক, খেলনা জীবনে এই আছে তাও চাকা
পাশাপাশি বয়ে যাই, যেতে চাই জীবনতো যায়
না চাওয়া এখানে এসেছে আজ, সেও পেতে ধায়!
মৃত্যুচিন্তা
…….
বন থেকে কতো দূরে ছাপাখানা-
একটা শিমুল গাছ বাতাসের কাছে
জানতে চায় রোজ।
