২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মতিন বৈরাগীর কবিতা

matin_bairagi

Published : 01 Sep 2015, 07:36 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

০১.

সত্যি কি তুমি ?

দীর্ঘ প্রতীক্ষার সে কি তুমি !
একটা শীতল হাওয়া স্নিগ্ধ যেন ভোরের বাতাস
যেন বৈশাখের দাবদাহ হাওয়ায় বিলীন
নমিত সকল প্রাণ ভূমির দিকের
আমি আরেক আমি একরাতের
দীর্ঘ প্রতীক্ষার পর সে কি তুমি !
নমিত বৃক্ষরাজি
আলোর আনন্দ নাচ ধ্রুপদ্ সংগীত
বাতাবী লেবুর ডালে থোকায় থোকায় জোনাকী
হীরক বিভূতি তারকাপুঞ্জের
যেন সবুজ পাহাড় মেঘমালায় শোভিত
আর ঝর্না! এক তন্ময়তায় তোমার দিকে
শষ্যের শীর্ষে অপ্সরীর মুখ
পাখিদের পাখার আওয়াজ
দীর্ঘ প্রতীক্ষার পর এক শীতল ছোঁয়া সে কি তুমি?
এক বিভ্রম অরণ্যের: অপার রহস্য
এক কুহক অমা-রাতের
এক চাঁদের গীটারে তখন হাল্কা নরম সুর: নতুন নিনাদ
আর তারকারা যারা গল্পের নানা কিনারায়
নিশ্চুপ মুগ্ধ শ্রোতা
তোমার ছায়া?
তৃণগুল্মের সবুজ কার্পেট
তুমি তো আমার প্রতীক্ষা
আমার মুখ আকাশের দিকে মওলানা রুমির মতো
আমার সমস্ত ধ্যান বিগলিত
দীর্ঘ প্রতীক্ষার পর সে কি তুমি !
২০.০৮.১৫.

০২.

একমাত্র সিদ্ধপুরৃষ

আমরা চারজন,
একটা টেবিল তার উপরে পানপাত্র তার পাশে আনন্দ
নিতম্বের ভাঁজ কয়টা ফরেন কয়টা বিদেশীনি
গ্লাশের টুং টাং হাতের নড়াচড়া মিটমিটে আলো
সিগারেটের ধোঁয়া
ফাঁকা এ পানশালায় এখন আমরাই চারজন
কয়টা বোতল শূন্য মৃতের মতো, কয়টা গ্লাশ
একটা আওয়াজ
এমন সময় তারা টেবিলজুড়ে কোনো ঠাসাঠাসি নেই
তখন পানশালা শূন্য

তাদের মুখ শরীর হাত-পা কোনো কিছু দৃশ্যের নয়
সঙ্গী পেগগুলোর এবং চিয়ার্স
একটা গান এক সুর গুনগুন গুন- মুখরতা রাত্রির

কেউ খোলা জানালার ওপারে ইউকেলিপ্টাস গাছের মতো গহীন
কেউ দখিনা হাওয়া
কেউ ট্রাফিক মোড় থেকে লাল নীল আলোর দ্রবণ
শুধু অনুভব চারপাশের;

তারা স্বাধীনতার পতাকাটার রঙের মতোন
আমরা,
উপেন্দ্রের দোকানের গরম কচুরিতে রসনার লোল
চায়না পাড়ার তেলে ভাজা মুরগী
খ্যাতপল্লীর নারী নিয়ে হাতাহাতি, তারপর 'টেনশন রিলিজড'
আমরা বক্তৃতায় ভাল, চোকমুখগোল টকটকে এখনো-
তারা হাওয়া একটা মিনার মাথায় আকাশ

এক কবির উচ্চকন্ঠ আবৃত্তি বক্তৃতার ঢং
আরেক কবি ট্রেনের শব্দের দেয়ালে এপাশ ওপাশ
উঁচু গ্লাশ একটা হাত
দৃশ্যমান কম্পন
ছলক ঝলক তিনটি ছন্দের
টুপটাপ বৃষ্টির
কব্জির নাচন 'কবির ইমাম' মাথার দোলা পৃথিবীর ঘূর্ণন
চোখের পাতায় সময়ের ভর
এক নিমগ্নতার তল, অনেক চেনা মুখ জানালায় প্রস্থান

ভোরের রোদ, ওপাশে ওয়েটার- কুকুর কুন্ডলী
কব্জির নাচ কব্জি নূয়ে কব্জি বেঁকে
সেই এক রাত, সেই রাতে সে ছিল সিদ্ধির সিদ্ধ পুরুষ
২২.০৮.১৫.

০৩.

অধরা থেকে যায়

এইতো নিকটে ছিল, আমার বিশ্বাস একটু বাতাসে
ছাঁয়া হয়ে উড়ে গেলো
এক সাধক গাইছে গান 'খাঁচার ভেতর অচিন পাখি…'
একটা একতারা আকাশের- বাউলের হাতের নাচে
আমি ফিরলে সে আবার উড়ে যায় ডানা মেলে
পড়ে থাকে পাতার পালক-

দিনের ও রাতের এই কষ্ট
দেখি আসে, ফিরি, সে যায়- কখনো আসে ঘোর বরষায়
আঙিনায় বসে হাঁটে দুই চোখে স্বপ্ন নামে
আমি দেখি একমুখ নাকি মুখোশ মেঘের মত ভাসে
তারপর টুকরো টুকরো ছবি নানা প্রতীকের
একটা দূর হিম হয়ে থাকে
স্থিতি ভাঙে বরফ চূর্ণির মতোন
একটা শষ্যক্ষেত দোলে আর লাঙলের ফলায় সূর্যের ঝিলিক
পেশির বাহু মেলে ধরে শপথের শিলালিপি
তখন শষ্যের আগ ছূঁয়ে নামে বিরল জোসনা

আমি ফিরি সে যায় আমি আসি সে মিলায়
আমি ডানা পেয়ে উড়ি প্রাণপনে ঘুরি
একটা স্কেলেইটর—এক শিশুর হাত তুলে নেয় পতন-

তখন ঈশ্বর আসেন
আলোর প্রপাত

আমি হাত বাড়িয়ে ছূঁতে গেলে আলোর কণা ঝরে
আর অক্ষর উড়তে থাকে বেতশ বনের উপর দিয়ে
দোলে এলাহো
দরিয়ায় গাংচিলের চিৎকার নানা শব্দে বাজে

আমি ধরতে পারি না, কে এসেছিল, বুঝি না…!
কেবল এক তৃষ্ণা অধরাই থেকে যায়।
১৭.০৮.১৫.

০৪.

আমি

আমি এই ধ্বনি ঈশ্বরের তার কিতাবের
এই ধ্বনি শিল্পের সুন্দরের নির্মাণের
এই ধবনি নিশিথের গহীনের অরন্যের সিংহের মুষিকের
এই ধ্বনি পর্বতের ঝর্ণার আকাশ মেঘের
এই ধ্বনি দদিচির ধৃতরাষ্ট্র ঘোড়েল কৃষ্ণের
এই ধবনি দেহের জৈবিক নিত্যের
আমি নেচে উঠি চারিদিকে ধেয়ে যাই আমির বিলাস
আমি গাই হাসি আমি যাই আমি আসি
এই দেহ বসতির ভিড় থেকে ফিরে যাই –

আমি এই ধ্বনি ঈশ্বরের তার কিতাবের
সারাদিন গান গায় রুমঝুম ঝুম বৃষ্টির
আমি ছোট আমি বড় আমি নাচি হাসি গাই
কাঁদে বিপন্ন অসুখ শিকল পরানো পায়

আমি অহং তর্জন গর্জন সারাদিন
প্রবেশ বাহির ড্রাইভ
বলি, আমি হই আমার মতোন আমি রই
উঠি আমি নামি কল্পনায় দ্রুতগামী দ্রুতি
এক আমি বহুর বিস্তার অমর স্মৃতিতে শ্রুতি
বাহুর বন্ধনে লগ্ন প্রেম ছেদ আমির স্খলন
ফিরে দেখি গাই 'চরণ তোমার দিয়োগো ধরিতে'
আমি বেদ পুরান অমর অমৃত লোকগাঁথা
ইতিহাস আমি পরবাস আমার বিলাস
তাই আমি যাই আমি আসি হারান সূত্র
পাপী তাপী প্রকাশে প্রকারে পবিত্র জীবগোত্র

আমি এই ধ্বনি ঈশ্বরের তার পুরুষের তার কিতাবের
২০.৮.১৫.

০৬.

আমি ও আপন।

আমি, হাঁটছিলাম আমার সাথে
দিগন্তের ধুসরতা ম্রিয়মান আকাশ মেঘের গর্জন
আলোক নেতিয়ে পড়েছে নুয়ে পড়া লাউডগার মতো
আমি, হাঁটছি আমার সাথে পাশাপাশি
গাছগুলো থেকে বেরিয়ে আসা হাত জানাচ্ছে বিদায় সম্ভাষণ
পাখিগুলো উড়ছে ডাইনসোর যুগের
একটা ছবি যার মাথা থেকে বেরিয়ে এসেছে ৫টি মানুষ
আত্মার ধুকপুক
অজস্র সূর্যের প্রস্থান এই পর্বের
নেমে আসা আঁধারে লেপ্টানো চাঁদ ভাঙা নক্ষত্র পুঞ্জের কণা
হাওয়ায় উড়ছে
মৃত্যু শাসন করছে জন্ম আর জন্ম একটা বনসাই নদী
জন্মদিচ্ছে বিকালঙ্গ প্রাণ
আর তারা ফুরিয়ে যাচ্ছে নিজের শরীর ও ছায়া দেখার আগে
আমি, হাঁটছি আমার সাথে আমার আপন
প্রাচীন ফসিলগুলো হাঁটছে হুপেই পাহাড়ে
আল্পসের পাদদেশের একগুহায়, আমি হাঁটছি মালিবাগ
রেললাইন ধরে পশ্চিমে
আর গুহার শীতলতা সোঁদাগন্ধ পাথর কেটে ফুটিয়ে তোলা
ব্ইাসন, ম্যামথের ছবি আমার শরীরে-
একটা শহর ভেঙে পড়ছে
আমি, হাঁটছি আমার সাথে-
০৯.০৮.১৫

০৭.

তামাশা

শাদাটে চোখের কান্না কেবল শেষে
সত্যটা আর খুঁজতে হয়না ক্লেশে
পাওয়াতো যায় কিছুটা বসার ঘর
ও হরিগো বল হরি বলো পরষ্পর

একই তো যদি মনে ধরে তবে বলো
দূরহোক সব শংসয় সন্দেহ
ঠিক সে সত্য মানে যারা
তারাই সঠিক হৃদয়ের দামপারা

চলছে সবাই উত্তরে দখিণে
বেঠিকতো নয় যদি যাই পশ্চিমে
পশ্চিম আর থাকবে না পশ্চিম
আসি আর যাই ঘরের শানাই ধিন

কষ্টটা কেনো কষ্ট রেখো না কোনো
নিজের পাবার হিসেবটা আজ গোনো
কালকে যা হবে তা হবে, তাইতো হবে
আজকে আমার পাওনাটা দেও সবে।

০৮.

স্বপ্ন নয় তো ?

দরজাটা খোলা অপেক্ষার দীর্ঘ জানালায় অনেক উঁকিঝুকি
দুটো গাছ মাথার উপর চাঁদ নিয়ে দাঁড়িয়ে
লাইটপোষ্টের নিচে দাঁড়িয়ে আনন্দের নিগ্রো কাশছে
দেয়ালে ক'টা পোকা দুটো টিকটিকির এ্যাম্বুস
অপেক্ষার দীর্ঘ জানালায় উঁকিঝুকি ফিসফাস
এক অচেনা বাতাস বইছে
একটা আশা বিবর্ণ ঝরে পড়ছে
আমি খুঁজছি আমাকে
মেঘেরা তাকিয়ে তাকিয়ে দেখছে বিভ্রান্ত মানুষ
তখন এক কবি ধ্যানীর মতো চোখ তুলে বলল:
নকল হৃদয় নিয়ে আসল খুঁজছো কেন?

লোভ তোমাকে বিভ্রান্ত করেছে
এই বলে তিনি তার আঙুলের ভাঁজে আমাকে দেখালেন
সেখানে আরো অনেক ভাঁজ আরো কতো কেউ
আর এতক্ষণ জানালায যারা উঁকিঝুকি দিচ্ছিল
তাদের মুখ গলে যেতে থাকলো
তারা সবাই পরিচিত : আশপাশের
তিনি হেঁটে গেলেন জ্যোৎস্না মাখা পায়ে
ইস্তাম্বুলের দিকে-
০৬.০৭.১৫

0৯.

আলোর ঝরনা

পড়ো প্রভুর নামে তোমার বিশ্বাস এবং অবিশ্বাস
যাতনা নির্বান প্রেম হিঙসা লোভ কিংবা ত্যাগ, সত্য মিথ্যা
আলোক আঁধার মানুষ অথবা প্রাণী জীবন অথবা মৃত্যু
দূর অথবা নিকট মুক্তি অথবা শৃঙ্খল, পড়ো-

কি লেখা আছে অক্ষরে, বিপরীত যা গঠন করে বিপরীত
বিপ্রতীপ বৈরীতায়
পড়ো এবং মুছে ফেলো পড়ো এবং মুছে ফেলো, সকল সংলাপ নির্জনতা
প্লাবন ধুয়ে দেয় অপ্রচ্ছন্ন মন, পড়ো
তেমার বিশ্বাস ভিতর ও বাহির প্রাঙ্গন টলমল করে –

ঝুমকা ফুলের শত পাপড়িতে বিভাষিত আলোকের ডানা
দোলে মেঘের ওড়না
সমুদ্র জাগরিত হয় মূর্ছনায় এক সুর বাজে অনন্ত অভিমুখী
রাত্রির ভেদ ভেঙে গড়ে আলোর মিনার
সমুদ্রস্নিগ্ধ হয় অলৌকিক ঝর্নায়-

পড়ো প্রভুর নামে তোমার বিশ্বাস এবং অবিশ্বাস
টুটে যাক স্থবিরতা যাদুর শরীর ভেঙ্গে নিজের আয়নায়।

০৫.০৮.১৫.