বর্ষাকে আজ বর্শার মতো নাচাবো
বর্ষাকে আজ বর্শার মতো সাজাবো
এসো হে বর্ষা আদরে ভাদরে এসো
বর্ষাকে আজ বর্শার মতো নাচাবো
এসো হে বর্ষা অধীর শরীরে মেশো।
কোন গরবিনী জন্ম তোমাকে দিয়েছে
কোন মেঘবতী কোন সে দরিয়াসতী!
কার কেশপাশে ঝঞ্ঝার পাঠ নিয়েছে,
কোন কেশবতী কোন সে অধরাবতী?
পরোয়া করি না কার কেশ কতো অান্ধার;
জলের গভীরে জ্বালাতে শিখেছি অগ্নি,
আষাঢ়ে-ফাগুনে বাজুক কোমলগান্ধার –
উজ্জয়িনীর শর্তে জীবন লগ্নী।
তাইতো মাঞ্জা ভিজিয়ে আবার এসেছি
কালিদাস ভনে বসিনি তপতী আসনে
ডাল থেকে ডালে নাচতে যদিও শিখেছি
আকাশ দরিয়া রেখেছি ধরণী শাসনে।
বলেছি : বজ্র, তুমি হও বরমাল্য
শুক্লার সনে মনোতপোবনে সন্ধি,
স্নায়ুর বাঁধনে বয়োসন্ধি বা বাল্য
আয়ুর দৈর্ঘ্যে থাকিনি আমরা বন্দি।
নয় দিন-ক্ষণ, নয় বন্ধন, চন্দন
তনুমনজোড়া তরুলতাদের বেশবাস
নগ্ননধর অধরে ধরেছি রঙ্গন :
নয় গৃহবাস, গৃহে গৃহে আজ পরবাস।
ভিজতে শিখেছি, শিখবো ভেজার শর্ত
বেনোজলে আজ ভাসুক স্বর্গ-মর্ত্য।
১৫.০৭.২০১৫
