২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অ-বিবাহ

শামসেত তাবরেজী

Published : 15 Jul 2015, 01:28 AM

Updated : 23 Jun 2022, 04:04 PM

দূরাগত ধ্বনিমনীষার সঙ্গে হল বিবাহ আমার
কালরাতে। অসঙ্খ্য তারকাঘেরা ঘামসিক্ত সামার
এ যে– বার্তা-বাতাস নাই, অচঞ্চল কেশদাম, দুরুদুরু দিঠি,
একজোড়া চাঁদ, গম্ভীর আঙুল, শুধু হাস্য মিটিমিটি।
একবার মনে হল, এ বিয়ে টিকবে কি? জোড়াচাঁদ
মাখায় নরক থেকে তুলে আনা বিষ, আরব বিবাদ
ঠোঁটে, কিন্তু, আমি যে চাই এই বিয়ে বৎসর বৎসর
আমার মরমে পশে রক্ষা করুক দরোজাজানালাহীন ঘর!
একই সঙ্গে যে ঘর বাহির– ঝলমলে সাত-আসমান
সিঁড়ি বেয়ে উঠা আর নামা, আর মুখে একটিই জবান!

(শ্যামলী যাবার আগে সন্দেহ সত্যি করে বেজে উঠল ফোন:
'এ্যাই শোন, ভেঙ্গে ফ্যালো বিভ্রমের সুউচ্চ তোরণ'!)