২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিরদিন, তোমাকে

জাহিদ সোহাগ জাহিদ সোহাগ

Published : 13 Jul 2015, 07:24 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

তোমার রাত্রি ঘন হলে, মানে, তোমার অসচেতন ভঙ্গি দেখে শ্রদ্ধা জাগে না; যদিও শ্রদ্ধার সম্পর্ক নেই, তবু তো কারো কারো স্থুলতায় বারুদ ঘষে ঘষে আগুন জাগে না –অগ্যতা এশট্রে থেকে তুলে নেই বাসি সিগারেট।

সবে তো সমতল শেষ করে পাহাড়ের কাছে এসেছি, পাহাড়ে উঠে উঠে ক্লান্ত হও, মুখটা তামাটে করো, আমার আবার সাদা চামড়ায় জাগেনা, বহুদিনের সংস্কার তো!
বাতি জ্বালানো ঘরে, উহ্, যা গরম, ল্যবরেটরিতে অজ্ঞান ব্যাঙ, আমি তো সাইন্স ফেলে আর্টসে এসেছি, আদিম সমাজের গল্প-টল্প বলতে পারি।
আবার তুমি জেগেও উঠলে, ন্যাংটো হয়ে চাখাবে, চিনি ক'চামচ জিজ্ঞেস করলে তোমার মনে থাকা উচিৎ আমার ইনসোমেনিয়া, উচ্চ রক্তচাপ।
তখনএকটা খরগোশ খাচা থেকে বেরিয়ে আসে। আমার তো সকালে তীব্র হতাশা। ঢুলতে ঢুলতে পাহাড়ে উঠে তোমাকে চুমু খাবো গাছের স্বাস্থ্য নিবাসে ঠেস দিয়ে। আর ভ্রমণের দিনও শেষ হয়ে আসে। রুম সার্ভেন্ট কত টাকা বকশিসপাবে ঠিক করে রেখেছো মনে মনে। আমি তোমার কাছে তার জন্য একটু হাসি চাই। সেলফির জন্য আমার কাছে একটু প্রস্তুতিও থাকা দরকার।
২২.২.১৫


অলংকরণ: নাজিব তারেক

যক্ষ্মা হাসপাতাল থেকে পালিয়ে এসেছ কিনা, তবু তোমার ঠোঁট দাও, ওই হাওয়া কলের রক্ত– তোমার যদি মৃত্যুর পিপাসা থাকে তবে তা আমার কাছে গচ্ছিত রাখো।
এখন তোমার জন্য একটা কফিন আমার শরীরের মাপে বানিয়ে রেখেছি–তার ভেতরে চায়ের সুবাস আর টুকরো টাকরো স্মৃতি নিয়ে এসো; অন্তত শিরা বাঁচিয়ে এসো ব্লেড দিয়ে এলোমেলো হাত কাটি।
আমরা আমাদের কাছে ডেকে নেই চৈ চৈ চৈ হাঁসের ধীর পায়ে ঘনীয়ে আসা সন্ধ্যার দিকে; আর যারা হারিয়ে গেল তারা যেন ডাহুক হয়ে কচুড়িপানার আড়ালে ডিমে রক্ত তুলে দেয়। এসো, আমরা একে অপরের বুকের ভেতর কফিন খুলে দেই।
বাতাবি লেবুর ঘ্রাণ হৃদয়ে মেখে মেখে রাস্তায় এসে দাঁড়াই। যদি ভুল স্টপেজে তোমার আমার বাস এসে থামে।

২৩.১.১৫