২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কামরুল হাসানের পাঁচটি কবিতা

কামরুল হাসান কামরুল হাসান

Published : 01 Jul 2015, 07:52 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

কৈবল্যধাম থেকে বিষাদসিন্ধুর

সেই তো আলো, তুমি নিয়ে গেলে দূরে
মুখশ্রী অপরূপ, তারপর অন্ধকার, তারপর দূরতর পথ
কৈবল্যধাম থেকে বিষাদসিন্ধুর রেখায়িত জল
তারপর নচিকেতা, তারপর অনন্ত বিধূর।

অন্ধ তো ছিলাম ভালো, চক্ষুষ্মান হতে গিয়ে পুনরায়
আলোর বাগানে হোঁচট খেলাম
আলোকের বর্শা খুব তেজীরূপে মর্মে এসে বিঁধে
বলে, বল, তুই হবি কি জ্যোতিষ্মান?

আমার অপারগতা বুঝে বলেছি আঁধার ভালো
তুমি নিয়ে এসেছিলে রূপা তুমিই ফেরালে
আলোকষষ্ঠির দণ্ডি ঐ ঘূর্ণিপাত্রে অবিরত চিত্রিত
ছায়াপথ জুড়ে অজস্র আলোকপিণ্ড দানা বেঁধে আছে।

দূরতম কোন এক নক্ষত্রজগৎ ঐ মুখাবয়বে চিত্রিত
অতিলৌকিক প্রেম এনেছিলে লৌকিক বস্তুনিচয়ে
এখন তাদের দেহে অতিনীল অভিনব তেজস্ক্রিয় ফোটে

তারপর অনন্তলোক, তারপর নক্ষত্রসুদূর!

রূপ নিয়ে কালোর কবরে

রূপ নিয়ে তাদের গর্ব কাল গর্ভাশয়ে প্রোথিত ভ্রুণের
মিলিত কোলাজ হতে গিয়ে যৌবনের অশেষ তেজের
অপভ্রংশ পড়ে থাকে দলিত শয্যায় কত যে মুখভঙ্গি
এরা পথে রেখে গেছে, মুগ্ধ কালোর দিকে কত যে মুখোশ
ছুঁড়ে রতিতীব্র হয়েছে বেহুশ, এখন পিষ্ট হতে ভালবাসে
নগর সৌধচূঁড়া, খোঁপা থেকে খুলে যাওয়া নিভৃতের ফুলে।
রাত্রির আঁধারের নিচে কী করে প্রস্ফুটিত করে তোলে রূপ
তখন কালের যাত্রার ধ্বনি শোনা যায়, তখন ত্থুত্থুরে
পিতামহী ঘনিষ্ঠ দাঁড়ায়, লোলচর্ম এতখানি লুকায়িত ছিল
ঐ টানটান স্নেহের প্রলেপ, ঐ তেজোদীপ্ত অহঙ্কারী গ্রীবা
ঘোরাতে ঘোরাতে তারা কবেকার, চলে গেল কালোর কবরে।

আলস্য সংবাদ

এখন আলস্য লাগে, ও আমার আলস্য কুমকুম
প্রভাত হাঁটার পথে ডেকে আনো এন্তার ঘুম
স্বপ্ন গড়িয়া চলে নীলবর্ণ মার্বেলের মত–
পালে কত হাওয়া লাগে, নৌকা ভাসে শত শত
অনিন্দিতা বঁধূ হয়ে চলে আসে শোকমগ্ন ঘরে,
কত যে সার্কাস আর মুগ্ধরেণু সাজানো বিথরে
কল্পনার বল্গাঘোড়া পঙ্খীরাজ উড়েছে আকাশে
উত্তুঙ্গ শৃঙ্গে চড়ে আনচান প্রাণের সকাশে
গোপন বধূটি আসে, আলস্যের বেহাগ বাতাসে
চুমকুড়ি, জড়াজড়ি এসে পড়ে পৃথিবীর ঘাসে।

কুসুম কুমুর ঘ্রাণ, কুমকুম আলস্যে আসে বিস্তারিত ঢঙ্গে
ও আমার অকাতর পদ্মপাতা, পদ্যখাতা দিই রণভঙ্গে।
প্রকাশিল ওগো প্রেম, ওগো কল্পছবি, ভাবি কী বিচ্ছিরি
পনিরের মত প্রাণে একটানা চালিয়ে গেল মিছরির ছুরি।

আমার প্রেমিকা

আমার প্রেমিকা এই সংসারের যাঁতাকলে পিষ্ট রয়েছে
কখনো এসেছিল কাছে ভেবে খুব মনোবেদনায়
নিজেকে ধিক্কার দেয় স্নানঘরে ভিজে বারবার
আর স্বগত বলে, গতজন্মে ঘটেছিল ওইসব পাপ
এখনো পাপের মূর্তি রয়ে গেছে, দূরবার্তা ছোঁড়ে
জীবন্ত পথে-পথে ঘোরে স্মৃতি, ছবি, চিঠির অক্ষর।
সে সব বিলোয় যদি, বৃক্ষদের সবুজ ফটোকপিয়ারে
কেবল ছাপাতে থাকে, ছেড়ে আসে দূর পোস্টাপিসে
কিংবা কাহিনী সব সবিস্তারে মুদ্রিত করে পত্রিকায়
দুহিতা হচ্ছে বড়, যদি জেনে যায়, আড়ষ্ট হয়ে
থাকে খুব স্বামীর সমুখে, দর্পণে তাকাতে ভয়
যদি প্রাসাদে ঝিমুনি ধরে, লৌহবাসরে ঢুকে পড়ে সাপ
তবে তো উদ্যান ছেড়ে ভাসতে হবে গাঙুরের জলে
ভাবে সে আপদ সরে গেলে স্বস্তি পাবে খুব, একদা
বলেছিল, 'দীর্ঘায়ু হও'; আজ প্রাণপন মৃত্যু যাঞ্চা করে।

অসীমের অতন্দ্র ভেলায়

কত যে দূরবর্তী চাঁদ ঠেলে ঠেলে অবিরত যাই
তোমাদের তারকা-বাড়ির ছাদে
কাঙাল বামনের হাতে-ধরা চাঁদে
নক্ষত্রেরা ভীষণ অবাক, ঠাঁই নাই, ঠাঁই নাই!

আর এরা তো কেবলি সুর করে করে কাঁদে
অহংয়ের পাতা জালে রূপময় ধূলোবালি
ঈশ্বর-বালকের চকচকে রূপালী আধুলী
নক্ষত্রেরা আটকে পড়া ইলিশ ওই আকাশের ফাঁদে!

অসীমের ঘোর লেগে যায় সসীমের অতন্দ্র ভেলায়
চাঁদে যত ভূতদল দেয় মাধুর্যের পাড়ি
নিখিল ভূবনে অনিবার্য দেয় গড়াগড়ি
এরা তো যাবেই ডুবে মাঝগাঙ্গে, ঐ মরণ মেলায়!