গোলাপের আখ্যান
নীৎশের ক্রন্দন: গোলাপসুন্দরী ১
ল্যু(ইস) আন্দ্রেয়া ভন সলোমী, আপনি কী ছিলেন অর্ধউন্মাদিনী না কী সন্ন্যাসিনী ! 'ঈগলের চঞ্চুর মতো আপনার মেধা আর সিংহীর মতো আপনার সাহস' [১] নিয়ে হয়ত আপনি ছিলেন না উন্মাদিনী; আলপ্স পর্বতের নির্জনতা নয় কিংবা নয় রোমের ধ্বংসাবশেষ, আপনি শুধু খুঁজে ফিরেছেন উজ্জ্বল চিন্তা, সেইসূত্রে উজ্জ্বল পুরুষের মুখ, তাদের কোলাহল, ধ্বংস, আর নির্মিতি । কালান্তরে আমি সাক্ষ্য দিয়ে যাই, গোলাপের মতো পূর্ণ হয়েই ভাষার অন্তরে গোলাপ ফুটিয়াছে;ল্যু সলোমী,আপনার প্রথম যৌবনে আপনি ছিলেন সন্ন্যাসিনী, ছিলেন বিষণ্ণ গোলাপসুন্দরী!
আর নীৎশের কথারূপচিন্তার প্রবাহের জন্য, সেই শৈশব থেকে আপনার কী যে অণ্বেষা ! 'চিন্তায় আচ্ছন্ন অর্ধনেত্রে যিনি ধরে রাখেন তাঁর অন্তরের আখ্যান, আর কী অসম্ভব সুন্দর, মহৎ তাঁর হাত।' [২] যিনি জরাস্ত্রুত হতে আগ্রহী নন, কিংবা চান নি হতে ক্লান্ত নিঃসঙ্গ সাধক, যিনি হয়ে উঠতে চান প্রাতিস্বিক মানুষ- কতো সহজ, তবু নয় অনায়াসসাধ্য। হে আমাদের আদি পিতামহ এবং পিতামহী, কাঠবিড়ালিদের দুরন্তপনার মধ্যে পাইনের বনে পরিশ্রুত সূর্যালোকে আপনাদের ভ্রমণ, লাইমবৃক্ষের নীচে আপনাদের মধ্যাহ্নভোজ; নৈতিকতার নিয়মগুলো অমান্য করে নৈতিক যে জীবন তাকেই যেন আমরা চাই। তবু কী অসম্ভব দূরন্তে থেকে যাই আমরা, যেভাবে থেকে গেছেন আপনারা দুজন।
মাউন্ট সেক্রো'র সূর্যালোক এবং বরফের আচ্ছাদন, সবই যেন আমাদের আচ্ছাদিত করে রাখে ! বেইরুথ ফেষ্টিভালে কোনো এক গ্রামীন জনপদ জেগে ওঠেছিল ওয়াগনারের সঙ্গীতে; নীৎশে যেখানে সঙ্গীতের মূর্ছনায় ছিলেন মৌনী, ল্যু আন্দ্রেয়া সলোমী, আপনি সেখানে থেকে গেছেন বধির; এবং ইচ্ছার অধীনতায় যে ইচ্ছা, আন্দ্রেয়া, হে বিষণ্ণ গোলাপসুন্দরী, হে আমাদের পিতামহী, আপনি তাকে করেন নি মান্য । নক্ষত্রময় আকাশের নীচে আমরা দাঁড়িয়ে থাকি; কিন্তু বৃত্তাকারে সবকিছু আসে না ফিরে, যেমন আপনি আসেন নি ফিরে আদি পিতামহ নীৎশের কাছে !
নৈতিকতার বেড়াজালে আবদ্ধ না হয়ে অনেক যুবাদের সাথে গোলাপসুন্দরী আপনার কেটেছে অনেক কাল ; দিওনিসাসের সাথে পাইনবনে শুয়ে আছেন ঈশ্বরের গোধূলিবেলার শেষ সন্ত, নির্জন নীৎশে ! ভিয়েনার পানশালায়, জ্ঞানপিপাসু ল্যু আন্দ্রেয়া সলোমী, আপনার সাথে দেখা হবে জেনে আমি আছি উদগ্রীব, যেভাবে উদভ্রান্তিতে ছিলেন ক্রদনশীল নীৎশে !
নিউইয়র্ক, জুন ১৪, ২০১৫
[১] ল্যু'কে নিয়ে নীৎশের ভাবনা [২] নীৎশেকে নিয়ে ল্যু'র ভাবনা
রিলকের গোলাপঃ গোলাপসুন্দরী ২
হে 'দুঃস্থ গোলাপের জননী,' আপনি ছিলেন তাঁর চিহ্ন, তাঁর দৈবী । এই সেই কবি, যিনি ছিলেন ক্ষীণ, কোমল, সন্ত্রস্ত, আর ভঙ্গুর, কিন্তু কী যে অনতিক্রম্য এক রাজকীয়তা তাঁর ! যদি কবি হয়ে যান অঙ্গহীন, অনুভূতিহীন, তবু আপনি থেকে যান কবির রক্তপ্রবাহে, তাঁর প্রতিটি রক্তকণিকায়! অস্তিত্ব এতো সংবেদনশীল, এতো প্রবল, ভালোবাসা তাই এতো ব্যাপ্ত, যেন এইমাত্র উদ্ভব হোল এই পৃথিবীর-যেন গর্জনশীল সমূদ্র আছড়ে পড়ছে পাহাড়ের পাদদেশে, যেন ঈগলের ঠোঁটে পাহাড় হয়ে উঠবে এখনই উড্ডয়নশীল ! আপনার মধ্য দিয়ে কবি হয়ে ওঠেন পূর্ণ, আর এই পৃথিবী হয়ে উঠে পূর্ণতর ! গোলাপসুন্দরী, ল্যু(ইস) আন্দ্রেয়া ভন সলোমী, আপনি ছিলেন গৃহহীন এই ফ্যাকাশে শিশুর আশ্রয়, তাঁর দুগ্ধ, আর তাঁর দৃষ্টির ব্যাপ্তি ।
রূপকথার জন্ম হয় বলে, আছে সময়ের উদ্গম, আছে নৈতিক ভ্রান্তি । তাই নিশ্চুপ রাতকে বিদীর্ণ করে 'সহস্রাধিক ঘণ্টির' মস্কো নগরী আর সেইক্ষণে, গোলাপসুন্দরী, আপনাকে বিবাহিত জেনেও আপনার সাথে ঘুমিয়ে আছেন শান্ত সহোদর, অনুজ কবি রাইনার মারিয়া রিলকে; যেন নৈতিকতা এক অশেষ ভ্রান্তির নাম ! আর আপনি ই তো 'রেনে'-কে টেনে হিচড়ে করেছেন 'রাইনার' !
ছোট্ট গির্জায় ধূলিধূসরিত ক্রুশ যেন আমাদের আত্মার প্রকাশ ! প্রার্থনারত মানুষ দেখে মুগ্ধ আপনি, গোলাপসুন্দরী । খোলা আকাশের নীচে দীর্ণ এই জীবন; যা কিছু বৃহৎ, তাই যেন কবির কাছে সন্ত্রাস, যা তাকে গিলে খেতে হয়েছে উদ্যত । 'পুনুরুজ্জীবন' নিয়ে ব্যস্ত তলস্তয়, তাই কবি দারজিভিন শোনাবেন, 'শিলায় লিখিত পঃক্তিমালা,' যা মৃত্যুর থেকেও চিরস্থায়ী।'
গোলাপসুন্দরী, রিলকের অন্তর্গত মানুষকে জেনেও আপনি চলে গেছেন আপনার আত্মানুসন্ধানে, আর ভাঙ্গা দর্পণের মতো পড়ে আছেন অতলান্তের কবি । আন্দ্রেয়া, প্রথম যৌবনে কুমারীত্ব ছিল যেমন আপনার অর্জন, মধ্য যৌবনে অগণিত পুরুষের সান্নিধ্য থেকেও রয়ে গেছেন সন্তানহীন ! জ্ঞানের অন্বেষা আপনাকে করেছে উদ্ভ্রান্ত, নিষ্ঠুর, আর সৌম্য !
এখন মধ্যরাত । ভলগার ভাঙ্গা দর্পণে ভেসে যায় গৃহহীন কবি, যার নাম রাইনার মারিয়া রিলকে, আর আপনি চলেছেন মনোবিজ্ঞান নিয়ে আত্মানুসন্ধানে !
নিউইয়র্ক, জুন ১৪, ২০১৫
প্রেমোত্তীর্ণ ফ্রয়েডঃ গোলাপসুন্দরী ৩
যে প্রেমিক হয়েছে উন্মাদ,ভাসুক সে তরল চাঁদের মতো, এবং হাওয়া এসে কাঁপিয়ে দিয়ে যাক জীবনের যা কিছু স্থির, যদিও স্থিরতা এক ভ্রান্তি, আর মুগ্ধতা, সে এক উন্মাদ মাতাল, ক্ষণিকের জন্য পানশালার সঙ্গী, কিংবা রাতের পদযাত্রায় এক অসামান্য পথিক । উজ্জ্বল রঙের মতো এতো যে আশ্বাস, তাও হয়ে যায় ভস্মীভূত, হয়ে ওঠে শ্মশানের ছাই । গোলাপসুন্দরী, ল্যু(ইস) আন্দ্রেয়া ভন সলোমী, এই যে জ্ঞান, যার জন্য আপনার এতো উদ্ভ্রান্তি, তারও ধ্রুবসত্যতা নেই ! আপনার অন্বেষণ অবচেতন নয়, কিংবা নয় রিলকের এঞ্জেল, যারা সুন্দর এবং ভ্রান্তিতে পূর্ণ, কিংবা নয় নীৎশের অতিমানব, অনাগত মানব ! ফ্রুলেইন সলোমী, জীবনের স্থিরকল্পে যে জ্ঞান, হয়তো তাই আপনি চেয়েছেন ! কীভাবে ইতিহাসে মানুষ হয়ে ওঠে মানুষ, এইতো, বোধকরি, আমাদের শেষ অন্বেষণ !
হে আফ্রোদিতি, সমুদ্রফেনা থেকে জাত আপনি জেনেছেন, 'নারীর যৌনতাই তাঁর চৈতন্য, এবং তাঁর চৈতন্যই তাঁর যৌনতা,' [১] তবু কি নিস্পৃহতায় কেটেছে আপনার প্রথম যৌবন, কারণ 'নারী সে তো আপনাতেই পূর্ণ,' [২] যেভাবে হৃদয়ের সন্তাপ থেকে উদ্ভুত গোলাপ বিকশিত হয়েই পূর্ণ ! গীলত, পল রী, নীৎশে- এইসব উজ্জ্বল মানুষ যারা ছিলেন শিক্ষক কিংবা বন্ধু তাদের আপনি দিয়েছেন হৃদয়ের উত্তাপ, কিন্তু আপনার শরীর থেকে গেছে 'জোয়ান অফ আর্কে'র মতো, কারণ যিনি কুমারী তিনিও শক্তির আধার, যেভাবে পৃথিবীর আদিকল্পে আছেন আমাদের আদিম মাতা ! জীবন কেটে যায়, শুধু কাটে না তার ঘোর !
নারীর তুমুল মুহূর্তে পুরুষ থেকে গেছে নিতান্তই দর্শক, যেভাবে রিলকে আপনার প্রথম প্রেমিক হয়েও থেকে গেছেন রোরুদ্দমান শিশু ! নীৎশে, ঈশ্বরের গোধূলি বেলার শেষ সন্ত, তবু বোধকরি, আপনার চৈতন্যের অধীশ্বর নয় । জীবনঅন্তিমে এসে পেয়েছেন সাক্ষাৎ আপনার প্রিয় দেবতা, যার নাম ফ্রয়েড, যার প্রতি আপনি রেখেছেন আপনার প্রণতি! এইখানে শারীরিক আকুতি নেই, আছে প্রণাম জানিয়ে যাবার ভঙ্গী, যেভাবে বিপুল তরঙ্গ আছড়ে পড়ে সমুদ্রসৈকতে, কিংবা যেভাবে চৈতন্য তরল চাঁদের মতো ভাসমান ! মনোবিশ্লষণের নদীতে ভেসে যায় অনাগত কাল; আর ল্যু-ভনের চৈতন্যে ভেসে যায় নীৎশে, রিলকে, আর ফ্রয়েড !
নিউইয়র্ক, জুন ২২, ২০১৫
[১, ২] নারীকে নিয়ে ল্যু ভন সলোমী'র চিন্তা
তথ্যপঞ্জীঃ
[১] সলোমী: তাঁর জীবন এবং কাজ, এঞ্জেলা লিভিংষ্টন, ময়ার বেল লিমিটেড, নিউইয়র্ক, ১৯৮৪
পাদটীকাঃ
অসামান্য এই নারী, ল্যু(ইস) আন্দ্রেয়া ভন সলোমী (১৮৬১-১৯৩৭), নিজে সাহিত্যিক-দার্শনিক হয়ে যে প্রভাব রেখেছেন, তারও অধিক প্রভাব, বোধকরি, তিনি রেখে গেছেন তাঁর সময়ের সবচেয়ে প্রতিভাবান মানুষদের (নীৎশে, রিলকে, ফ্রয়েড, আরও অনেকের) ওপর তাঁর ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে। এইক্ষণে তাঁকে নিয়ে প্রবন্ধ লেখার ইচ্ছা নেই, তাই ফ্রুলেইন সলোমীর প্রভাব নিয়ে এইসব মনীষীদের কিছু মন্তব্য এখানে জুড়ে দিয়েছি ।
[১] সেইন্ট পিটার্সবুর্গের ল্যু(ইস) আন্দ্রেয়া ভন সলোমী, একজন নারী হয়ে, জার্মান-অধ্যূষিত এলাকায়, যে গভীর এবং প্রত্যক্ষ প্রভাব রেখে গেছেন, বিগত দেড়শ বছরের ইতিহাসে তার কোনো তুলনা নেই । — [কার্ট উলফ]
[২] আমাদের মনন এবং রুচি গভীর এক বিন্দুতে সমাপিত…আমি অবাক হয়ে ভাবি আমাদের মধ্যে 'দর্শন নিয়ে যে উন্মুক্ততা' তা পূর্বে কখনো ছিল কী না…আমি এমন কাউকে চিনি না যিনি জীবনের অভিজ্ঞতা থেকে 'বস্তুগত অন্তর্দৃষ্টি' এমন গভীরভাবে উপলদ্ধি করেন, কিংবা যিনি জীবনের অর্জিত জ্ঞান থেকে অজস্রভাবে অন্তর্দৃষ্টি আহরণে সক্ষম। –ফ্রেডারিক নীৎশে
[৩] এই অসামান্য নারীর প্রভাব ব্যতীত আমার বিকাশ এতো বিবিধ ধারায় প্রবাহিত হয়ে ভিন্ন ভিন্ন বিষয়ের অবতারণা করত না । –রাইনার মারিয়া রিলকে
[৪] অন্য কারও কাছে মনোবিশ্লেষণ যে এতো গুরুত্বপূর্ণ হতে পারে, তা আমি কখনো কল্পনা করিনি ।–সিগমুণ্ড ফ্রয়েড
