পুলক হাসানের চারটি কবিতা
মুহূর্তমা
মুহূর্তের ভরসা নেই, মুহূর্তমা
তোমার মধ্যে কত ক্ষোভই না ছিল জমা!
গোপন বিদ্রোহ
মুহূর্তে থামাল জীবনপ্রবাহ।
জীবনানন্দ দেখলো, কত অসহায় সে
তোমার সেই তুরুপের কাছে
দেখলো শরৎ বাবু
প্রেমের পৃথিবী
দ্রুত অসীমে লুকালো
আর হিমালয় দুহিতা
দেখলো দুঃস্বপ্নের এক দেবতা
প্রিয়ভূমে দোজখের ওম।
ভাঙন
ভিতরে ছিল এক বাঘিনীর প্ররোচণা
তাই আলোয় ভরা ভুবন হলো ফিকে।
কোন প্রকার পূর্ব ঘোষণা
ছাড়াই পঁচিশ বছর ধরে ঝড় জলে
আগলে রাখা বৃক্ষের ডাল থেকে
হঠাৎ একদিন পাখিটি গেল উড়ে
আর শূন্যতার হু হু নদী
উঠলো ভরে
তিনটি শিশুর বাঁধভাঙা অশ্রুজলে।
গণতন্ত্র
চৈতন্যের ঐ সুনীল সরোবর
মাছেদের অবাধ সাঁতার কাটবার
বৃক্ষবুকে উঠলে তাই মৌসুমী ঝড়
পাতারাও হয়ে ওঠে সমান মুখর।
যেন ভুলিয়া আত্মবিকার
জনতা জড়ো কাতারে কাতার
বায়ুসেবী পাখিরাও তাই
ভূতগ্রস্ত গাছেদের আশ্বস্ত করে
উই শ্যাল ওভার
শীতের সংহার
পাতা ঝরা আয়ুর বিস্তার।
সংস্কৃতি
গোত্রে গোত্রে বিভক্তি
তবু তার মধ্যেই
দিনরাত্রির সম্প্রীতি
আবহমান শস্যের বিস্তৃতি।
সমুদ্র ফেনার রাজ্যে
ছোট ছোট দ্বীপ জ্বলে ওঠে
উদ্বাস্তু পাখিরা তাই নিয়ে ঠোঁটে
দিয়ে যায় কালের বিবৃতি।
ফলে বুকের গভীরে
এই জ্বর অবিনশ্বর।
