২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাহুল পুরকায়স্থ’র দুটি কবিতা

রাহুল পুরকায়স্থ রাহুল পুরকায়স্থ

Published : 13 Jun 2015, 12:29 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

ছিল চাঁদ

আমার সমাধি দূরে, আরও দূরে সেগুন বাগিচা
হাওয়া সাহেবের মেয়ে প্রতি ভোরে মৃত চাঁদ রেখেছে শিয়রে
বাউলেরা নাচে গায়, ফকিরেরা চিমটা বাজায়
রূপটান, ঘন মেঘ, নীল মাটি, চিতাভ্রম তরীগহনায়

তোমার কঙ্কন তুমি ফেলে গেছ সমাধির পাশে
ঘুম না ভাঙালে মেয়ে আমি কি দেখতে পারি সাঁই


চিত্রকর্ম: কাজী রকিক

সাদা কালো লেখা

আমি ফেলে এসেছি, ফেলে এসেছি
হাতপাখার মতো আমার স্মৃতি
হাতে হাতে ঘোরে, সংসারে। আনন্দ ও অনটনে।

প্রিয় বন্ধুদল, তোমাদের হাসি আর হাই তোলা
আমাকে অভিজ্ঞ করে।
চোখে চোখে আলপিন আর ডানাভরা
পতঙ্গের ছাই আমি বুঝি।
প্রতিটি দৃশ্যই তাই সন্দেহজনক,
প্রতিটি উড়াল তাই বিপদরেখায়।
পাঠসম্মতির কুকুর আমার আগে আগে যায়।

বন্ধ চটকলের পাশে, আহত ভাষার পাশে,
থেমে থাকা চাঁদের পাশে
ব্যক্তিগত পুজাবিধি, উৎসব ও আলিঙ্গন

যেসব শিশুরা আজ ইস্কুলমুখী
তাদের সবার পিঠে প্যারাট্রুপারের ঘন ছায়া।
আমার ছায়ায় শুধু বিস্ফোরণ
বায়ুহীন কল্পনা, বোধহীন হাহাকার।
অতএব নির্বাক হও।
শীতের রাতের পথে ভিখারির কাছে
উত্তাপ চাও।
বোঝো, দিকভুলের বিপরীতে আমাদের ছন্দজন্ম
আসলে বেঁচে থাকার কসরৎ।

শোকের ভিতর তৈরি হচ্ছে তোমার একা থাকার ঘর,
আনন্দের ভিতর উড়ে যাচ্ছে তোমার বিষণ্ন বায়স
তুমি আরও একা, কাছেই জল।
গন্ধ ভেসে আসে। গন্ধ পাও?
টের পাও? হাতে হাতে ঘোরো।

প্রিয় হাতপাখা, তোমার শরীরে আজ জাদুবাস্তবের নেশা, সম্ভাবনাময়।