চৌধুরী রওশন ইসলামের কবিতা
মরণ
মরে যাওয়া এমন তো কিছু নয়—
চাইলেই টুপ করে ঝরে যাওয়া যায়।
বাসে-ট্রেনে-ট্রাকে, গাছে-ফ্যানে-ছাদে, পুকুরে-নদীতে
সবখানেই প্রাণ-ধরা-জাল পেতে বসে আছে মরণ।
মরে যাওয়া এমন তো কিছু নয়—
চাইলেই টুপ করে ঝরে যাওয়া যায়।
বেঁচে থাকা, বেঁচে ওঠা, প্রাণ-ধরা-জাল কেঁটে বাঁচাটাই সব।
মরে মরে বাঁচা নয়, বেঁচে বেঁচে মরা—
জীবনের দুধ-সর চেটে-পুটে খাওয়া।
চলে যেতে যেতে বলে যাব—
আমার জীবন পুরোটাই করেছি যাপন।
ভেঙে ভেঙে নয়, আংশিক নয়, মুঠো মুঠো ভরে
দু'হাতে ছড়িয়েছি জীবনের চারিধারে
সুখের স্বর্ণখণ্ড আর দুখের পরশ পাথর রাশি রাশি।
ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি সহজ সস্তা মৃত্যুরে।
মরে যাওয়া এমন তো কিছু নয়—
চাইলেই টুপ করে ঝরে যাওয়া যায়।
জয়-পরাজয়
তুমি জিতে গেলে আমি ঠকে যাই, আমার পরাজয় এতো তুচ্ছ নয়।
চিরকাল তোমাকে জিতিয়ে ঠকানোতেই আমার জয়।
তুমি জিতবে— আর তাতেই পরাজয়ের গ্লানীসুধা আকণ্ঠ পান করে
বুঝে নেবে, রাতের আকাশে একটি তারা অকালে গেছে ঝরে।
কতো কিছু বোঝ, মোহিনী— শুধু বোঝ না,
অহঙ্কারের আকাশে সুখ পাখি ওড়ে না।
তুমিও বোঝনি
কে বেশি বিখ্যাত— মমতাজ না কি তাজমহল ?
তাজমহলের রুপ মমতাজের মৃত্যুকে ছাড়িয়ে গেছে;
দর্শনার্থীর ভিড়ে নিশ্চিৎ হয়েছে মমতাজের মৃত্যু—
বোঝে নি শাজাহান।
তুমিও বোঝ নি, তোমার হাজারো প্রেমিকের কাছে
তোমার ঠোট, বুক তোমাকে ছাড়িয়ে গেছে।
শিশুটি
শিশুটির হাতে হাতি-ঘোড়া আঁকা একগাদা রঙিন স্বপ্ন।
শিংওয়ালা হাতি-ঘোড়ায় চড়ে ব্যাঙের ছাতা মাথায় দিয়ে
বানর-রাজা বিশ্বজয়ে ছোটে।
এইসব রঙিন স্বপ্নমাখা রূপকথা বেচে বেচে
ছাপাখানার মুখে নিত্য হাসি ফোটে।
শুধু রূপকথার আসল নায়ক শিশুটির মুখ জুড়ে অবিরাম কৃষ্ণপক্ষ।
তার রূপকথাময় শৈশব ফুটপাতে জ্যামে-জটে রোদে-জলে
ক্ষয়ে যায় প্রতিদিন।
