নাহিদ আহসানের কবিতা
কবি চন্দ্রাবতী
চন্দ্রাবতী সে কবিতার বোন
মনসার পাঠ শোনে রাত জেগে
হতে চায় সতী বেহুলার মত
কাল সাপ সেতো ছোবল বসায়
তার ও হৃদয়ে
কোন এক চাদঁ বসন্ত রাতে
ও চন্দ্রাবতী যৌবনে যোগিনী
গেয়ে যাও শুনি মলুয়ার গাঁথা
হেঁটে যাও ধীরে ফুলেশ্বরী তীরে
পদপাতে জাগে পদ্মের বন
চোখ বুজে দেখি সেই নারী লিখে
চুলে ফুল গুঁজে পালক কলমে
অনেক যুগের পুরনো বাতাস
পদ্ম সুরভী বয়ে নিয়ে আসে ।
প্রথম আঘাত
স্বপ্নগুলো তৈরী হয় মমতায়
কুমোরের সযত্ন হাতের স্পর্শে
স্বর্ণকার যেন সূক্ষ্ণ কারুকাজ বোনে
মৌমাছির নিষ্ঠ শ্রমের লালনে
স্বপ্নগুলো চূর্ণ হয়
চুড়িভাঙা কাঁচ যেন
ঢেকিছাটা চাল
গুড়ো গুড়ো হয়
দুধের বদলে শিশু নিমরস স্বাদ পায় স্তনে
প্রথম যেদিন
তার স্বপ্ন ভাঙে ।
ভাঙা স্বপ্ন সব একই রকম ।
প্রথম আঘাত যেন
শিশুকে আঘাত যেন ।
আর্তনাদ
:আপোষ করলে ভাল থাকা যায়
:আপোষ করলেই ভালো থাকা যায় ?
:হ্যাঁ ,তবে বুকের ভেতর যন্ত্রণা হয় ।
:বুকে ব্যথা হলে কি ভাল থাকা যায়?
রাত্রি জাগরণ
এত তুমি জ্বালাও মাকে
এত জ্বালায় কেউ
রাতে কেন কান্নাকাটি
চোখে পানির ঢেউ ।
এমন দিনে
ঘুম থেকে জেগে উঠে
আজ অন্য পৃথিবীর মুখোমুখি
এ রাজ্যে অন্ধকার
গাঢ় পদধ্বনি করে
মৌন সঙ্গীত ওঠে গুণগুণ করে ।
ঘুম থেকে জেগে উঠে মনে হলো
এমন মেঘরঙা জামদানী
কতকাল পরিনি যে আমি ।
আমার পৃথিবী প্রিয়জন
সব যেন অস্পষ্ট অচেনা
মনে হলো ঘুমপুরী থেকে
মৃত্যুর ওপার থেকে দেখছি তাদের
রেইনি ডেতে রঙচঙে ছাতার বাঁট হাতে ধরে
ভেজা ভেজা ইউনিফর্ম পরে স্কুলে যাওয়া সেইসব দিন
রিক্সা করে পারি দেই পানি পথ
ক্লাসরুমে অন্ধকার
বন্ধুরা আসেনি
দিনের বেলাতে ঘরে বাতি জ্বলা
করিডোরে টিনের দোচালা বেয়ে
জল পড়ে
বেনী ভিজে যায়
এইসব দিন কাজকে নিগূঢ় প্রশ্ন করে
নাকি তারা গভীর উত্তর দেয়
জাগরণ যেন ঢেকে যায় নিঃসীম পর্দায় ।
প্রিয় মেঘ
নিজনর্তা – প্রিয় বৃষ্টি
অরণ্যচারী বালকের মত তুমি
অন্ধকার, গাছ আর বৃক্ষ ছুঁয়ে হাটো ।
সারাটা দিনের শেষে
সারাটা দিনের শেষে
প্রিয় সব মেঘেরা নামে
পৃথিবীকে ছুঁয়ে।
সারাটা দিনের শেষে
জল ভেসে যায় জলে
রূপোলী–সঙ্গমে ।
যৌবনে কেঁদে যায় কেউ যেন
অঝোর কান্না ।
পবিত্রতা প্রিয় মেঘ
তোমার কান্নার শব্দ শুনি আমি
একদিন বৃষ্টি ঝরা রাতে।
ঘুমিয়ে ছিলাম আমি অঘোর ঘুমের ঘোরে
শেষরাতে বৃষ্টি এলো যেন
ঘুমের ভেতর
টোকা দিল কেউ
অতীন্দ্রিয় বোধে ।
সমস্ত পৃথিবী থেকে
আকাশী আলোরা নিভে যায়
অন্ধকার নামে ।
বৃষ্টি ভরা মেঘ তুমি ঠোঁট ছুঁয়ে নেম।
মেঘের আড়াল থেকে
চকিত একটি মেয়ে
উঁকি দিয়ে
অবাক কণ্ঠস্বরে বলে
"এখনো বৃষ্টি থামেনি তাহলে !"
