২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝর্না রহমানের কবিতা: নোনা বাতাসের ঘ্রাণে

ঝর্না রহমান ঝর্না রহমান

Published : 02 Jun 2015, 09:33 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

পাখি নই তবু, উড়ে গেছি আমি, জলজিয়া গাঙচিল
তোমাকে ভেবেছি চারপাশ জুড়ে যতটা আকাশ নীল
তোমাকে রেখেছি পাখনার ভরে নোনা বাতাসের ঘ্রাণে
ঝরনার জল ছুঁয়েছে নদীকে সাগর সে কথা জানে
উড়ে গেছি আমি, দূরে গেছি আমি, ঘুরেছি জলস্থল
মুঠোর ভেতরে নীল কৌটোয় ভোমরাই সম্বল!
রেখেছি তোমাকে চন্দ্রচূড়ায় অলীক স্বপ্নলোকে
আমি যা দেখেছি তুমিও দেখেছো অভিন্নতার চোখে

বিগত দিনের জলকণাগুলো সাগরের সৈকতে
ওষধিস্পর্শ হৃদপিণ্ডের শুশ্রুষাহীন ক্ষতে
তখন তোমার বিপুল পরিধি ছাড়ে সাগরের সীমা
দক্ষিণায়ন পাখির পালকে পশ্চিম-রক্তিমা
আভা লেগে রয়। তোমার ঘরের জান্লার থেকে এসে
ভোরের রৌদ্র চুমু খেয়ে যায় সন্ধ্যাকে অক্লেশে
তখন আমার পাখিপরিযায়ী ভ্রমণের কথাগুলো
একদা তোমার নীল চিঠিভরা জাদুকরী রঙ ছুঁলো

অমনি উহারা জলের কথক ঝরনা নদীর স্বর
সাগর মোহানা ছুঁয়ে চলে যায় বালিয়াড়ি প্রান্তর
অমনি উহারা জলের কাব্য কবিতার চোখে নুন
অমনি আমার গাঙ্নী ডানার পালকে জ্বলে আগুন
অমনি আমার জলের চূড়াতে সুনীল ফসফরাস
তোমার আমার যৌথ ভূমিতে তখন কলম্বাস।

২.৬.১৫