২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণজি বসাক-এর কবিতা

pranji_basak

Published : 14 May 2015, 07:24 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

দিনে দিনেই

কোথায় বন্দি হয়ে আছি আমি
চারদিকে মোটামোটা লোহার গরাদ থাকা উচিত
তা নেই- অদৃশ্য পাপবোধ আমায় ঘিরে পাহারায়

কার কাছে বিছিয়ে দিলাম শীতল করতল
সে ছুঁয়েও দেখল না জ্বর কতটা নেমেছে
আজকাল কিছুই আর সময়ে থাকবে না
এই চৈত্রেও অস্বাভাবিক বান নেমেছে ভূ-স্বর্গে

ভেসে যাচ্ছি স্রোতে সমূহ বোধ থেকে দূরে
খোলসমুক্ত হয়ে নিম্নগামী হয়ে দিনে দিনেই।

দূরত্ব মিনিটে

নতুন ফ্ল্যাটবাড়ি কিনতে গিয়ে
প্রমোটারকে জিজ্ঞেস করি
শ্মশানঘাটটা কতদূর
কেন না-
বন্ধুরা যেন কুড়িমিনিটের মাথায়
নির্বিঘ্নে ফিরে যেতে পারে বাসায়

কভার

কত কত ড্রাইভ শেষে
এখন পেনড্রাইভে
বেশ আছি-
ভাইরাসবন্ধুদের কভারে

রোদ-ছায়া

প্রখরতা রোদের অহংকার
শীতলতা ছায়ার অলংকার

চোখের ভাষা

ভাষা এনেছে চোখ
এইবার এইবার নিষ্পলক ওড়ে অজস্র কবিতা
শিরোনামহীন ভূমিকাহীন কথারা কথা বলে বেশ

শব্দের সংসার

পুরানো বোতলে ঢুকে পড়ে
কবির সংসার
রাস্তার বাউন্ডুলে কুকুর নামান্তরে স্ট্রে-ডগ্
ফ্ল্যাট-পালিত কুকুর নামে যাই হোক
সে ফালতু
ঘেউ ঘেউ সমস্বর শব্দের মহল্লায় কবি চলে আসে
নিঃশব্দে
কবিতা পড়তে পড়তে সেও একসময় ঘেউ ঘেউ
করতে করতে ঢুকে পড়ে
শব্দের আঁধারে

বসন্তে

জোড়া জোড়া পাতায় অস্বাভাবিক মহক
মেরুদন্ড বেয়ে উঠে আসে চিকন গান
তোমাকে
শুধু তোমাকে নিয়ে না-জানি কেন
গাছ হতে ইচ্ছে করে খুবই…

সন্ধ্যা সন্ধ্যার মতই

প্রতিদিন অফিসচেয়ারে বসেই আমার মৃত্যু হয়
প্রতিদিনের পার্কারপেনের নিব বেয়ে নেমে আসে
তরল রক্ত
ছড়িয়ে পড়ে টেবিলময় মেঝেয়
বৈধ অবৈধ
তেল নুন

কোথাও যাওয়া হয় না দিনভর
দুপুরের রোদ খাবলে খায়
জানলার ফাঁক দিয়ে দেখা
আকাশটুকু
প্রতিদিন অফিস শেষে নৌকোয় উঠে বসি
রক্তহীন
প্রতিদিনের অফিসফেরত কফি নিয়ে সত্যি
কিছুই ভাবিনা

সন্ধ্যা সন্ধ্যার মতই ফিরে আসে আবার ফিরে যায়ও।

যাও

রাত সরে গেছে
কাকেদের তৎপরতায় ওড়ে আলোপোশাক
দু'একটা পাখি মেতে ওঠে ভোর উৎসবে
শরীরে গলিত সিমফনি অপেক্ষা জানে না

পুকুর জলে কেউ একজন ঝাঁপ দেয়
সেখানে জল নেই কিছুটা কাদামাটি স্থির
নরমকাদায় ঘুরঘুর করে অস্থির আঙুলগুলো
আগুন এসে ধমকায়-আর না আর না ওঠো

ঐ যে ঐ দিকে মাঠপ্রাস্তর দিগন্তে শস্যের সংসার
করমচাবাগান শেষে শোক আর রোদের বাহার-যাও

ঘুমের অক্ষর

বুক থেকে নেমে যাচ্ছে তীব্র স্রোত
অক্ষরময় শরীর শরীরের আখ্যান

অতএব দেখে নাও কতটা গভীরে আলো নিবিড় স্বপ্নে নিমজ্জিত বোধ আর জল
অথবা জোছনা বুঝেছে পাথরচোখ কালো
কোন দিকে যাবে কতটা শূন্য আঁধার
সোজা পথ ঐ গেছে ঘুমের সীমানায়
সমস্ত খিদে রক্তে পোড়াশরীরে শব্দহাট
তীব্র স্রোত হুহু নেমে যাচ্ছে অক্ষরহীন

Image
Flag Counter