কুমার চক্রবর্তীর দুটি কবিতা
মেমেন্তো মোরি
মনে রেখো, মৃত্যুই নিয়তি,' দিয়োনুসিয়োস,
শীতকাল জুড়ে জমা হওয়া মদ শেষ হলে
মনে রেখো, যা তোমাকে ঘিরে ধরে রাখে
তার অর্ধেক বিস্ময় আর বাকিটা নৈঃশব্দ্য।
হাহাকার ফুটেছিল তোমার আয়নায়, লীলা, লাস্য,
চিরবিশ্রামের পথে ক্ষীণ ছিল সমগ্রের ছায়া, ছিল
মারাত্মক বিসুবিয়স, আর শৈল্যবিদের গান
তোমার স্মৃতির হাত ধরে … যে চেয়েছে
স্পর্শের সৌন্দর্য, কোনোকিছু বাড়াবাড়ি নয়
তোমাকে তো ঘিরে আছে শুকনো কাঠের ঋজুরেখ
ঘোড়াগুলো উচ্চঃস্বরে করে গেল আত্মপ্রতারণা
কেবল তারাই পারে চিনে নিতে পথের নির্লিপ্তি
চরিতার্থতার কথা তুমি জানো, দিয়োনুসিয়োস,
কেননা তুমিই বলো পুনরুদ্ধারের কথা: অমরত্ব
আর অন্ধবিশ্বাস, মানুষ নিজের কাছে নিজেই অচেনা
আরও সে অচেনা তার সর্বস্বের কাছে
তারা তো জানে না, নিষ্পন্ন বাস্তব আজ এদিকে
রেখে গেছে বিপর্যস্ত যাপনের সিগনেট,
জেনো দিয়োনুসিয়োস, জীবন হলো অস্পষ্ট এক স্মৃতিশাস্ত্র
রাত শেষ হলে তার নিঃশব্দ করোটি, একা,
অন্তর্মুখে গেয়ে ওঠে হননের গান।
সমুদ্র এক ফাঁদ
যুদ্ধ শেষ হলে তুমি ফিরে গেলে তোমার জাহাজে
সঙ্গে নিয়ে গেলে তোমার উদ্ভাবিত ট্রয়ের ঘোড়াগুলো
অতঃপর ফেলে দিলে তাদের … সমুদ্রের গভীর অতলে
হায় ওদেসেউস, তুমি কি জানতে, ছোটো ফাঁদগুলোকে
তুমি বিসর্জন দিলে বড়ো এক ফাঁদে আর তাতেই
শুরু হলো তোমার ধাঁধা, তোমার অন্তহীন বিমূঢ়তা।
জীবন এক ফাঁদ যার অন্ধ্রেরন্ধ্রে খেলা করে গোপন সমুদ্র
তুমি তার আত্মকেন্দ্রে পুনরায় খুঁজে ফিরলে সেই কাঠের ঘোড়াগুলো
কিন্তু জানলে না, একবার যা হারায় তা ফিরে আসে না আর, এমনকি
জোড়াতাড়া স্বপ্নেও অতএব প্রত্যাহার করলে নিজেকে আর
মনোভার নিয়ে ত্রিকালদর্শীর মতো ছুট বেড়ালে ফাঁদ থেকে ফাঁদে।
এখন বুঝেছো জীবন এমন এক ফাঁদ যা সমুদ্রেরই মতো তোমাকে একা করে ফেরে,
আর তুমি একা হতে হতে অবশেষে হলে নির্জন এবং সুমহান,
যা তোমাকে এখন আবার আসলেই এক সমুদ্র করে তোলে।
