নেপাল ২০১৫
হাত বাড়ালেই মুঠো ভরে আসে স্মৃতির ধূসর ধুলোমাখা
এলোচুল রমণীর শীতমগ্ন দিনযাপনের খেলা;
অনঙ্গ রহস্যে, সম্পর্কের শূন্যতায় আমাদের প্রত্নকৌতুক
চৌচির নেপালে;
জলের অন্তস্থ জলে
বাতাসের শরীরিক বিন্যাসে, বিস্তারে
যোগসূত্রের স্বর্ণাভ অদেখা সুতোটি কাঠমাণ্ডুর আকাশে স্তম্ভিত;
স্বরচিত কৈশোরবিনাশী কুসুমের ঘ্রাণ মুছে যায় মৃতের আতরে।
স্মৃতি ছাড়া সবকিছু পাড়ি দেওয়া সম্ভব–
ভূমিকম্পবিক্ষত নেপাল জানাচ্ছে সে কথা:
অ্যালবামের গতরে জমা বিশ্বায়নের ময়লা ঠেলে ভক্তপুর, পাটান বলছে,
প্রাকৃত দরজা পেরিয়ে চিরন্তন শাড়ি নিয়ে এসো;
ভগ্নপ্রায় স্নায়ু, কোষ, মোহ-পরমাণু
ভাসাও নিবিড় মেঘে–
আসমুদ্রহিমাচলব্যাপী
বিপন্ন ভূগোলে।
