লিটন তোমার অন্তহীন পাঞ্জাবী
জানতাম তোমার পাঞ্জাবীর দৈর্ঘ্য অন্তহীন নয়
কৃষ্ণ যেমন পাঠিয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণের সময়।
ধীমতি দ্রৌপদী ভালো করেই জানে তাঁর পঞ্চ স্বামীকে;
তারা কাপুরুষ। ব্যতিক্রমী কিছুটা শুধু পাগলাটে ভীম।
কিন্তু সেদিন ঐ দুর্ভেদ্য চক্র অতিক্রম করা
ভীমের পক্ষেও ছিল অতি কঠিন।
বিবেক যখন লোপ পায়; ক্ষণিকের উত্তেজনা
আর প্রগলভতা কেড়ে নেয় ন্যায়বোধ,
নববর্ষের আকাশ জুড়ে ঝোলে থিকথিকে কালো মেঘ,
যখন বস্ত্রহীন দ্রৌপদীর খোলা চামড়ায়,
দুর্যোধন, দুঃশাসনেরা আনন্দকেলি করে,
আর মাংসলোভী জন্তুদের সেই পাষন্ড খেলা
উৎসাহে, আতিশয্যে, আয়েশে বসে দেখে
প্রাজ্ঞ ভীষ্ম, প্রৌঢ় ধৃতরাষ্ট্র, সূর্যপুত্র কর্ণ,
মুরুব্বি শকুনিমামা আর রাষ্ট্রের অতন্দ্র প্রহরী,
তখন অলৌকিকতায় অবিশ্বাসী কলির যুবা
লিটন নন্দী আর কীই বা করতে পারে?
নিজের পরিহিত পাঞ্জাবী ছুঁড়ে দিয়ে
দ্রৌপদীর লজ্জা নিবারণের চেষ্টা ছাড়া?
লিটন, আমার চোখে তুমিই দ্রৌপদীর সুহৃদ, ত্রানকর্তা,
তুমি নানা নামে ডাকা নারী কৃষ্ণা-পাঞ্চালী-দ্রৌপদীর চিরকালের সখা।
নারীর শরীর থেকে পরতে পরতে খুলতে থাকা শাড়ি,
বিস্ময়ে লক্ষ্য করে দুঃশাসণ, ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।
অনিঃশেষে, রিমোটে, কৃষ্ণের আদেশে।
লিটন, তোমার অশেষ পাঞ্জাবী
শুধু দ্রৌপদীর বিবস্ত্র শরীর নয়,
ঢেকে রাখে আমাদের তামাম মানুষের চোখ,
লজ্জায়, ধিক্কারে, নাকি স্রেফ সহমর্মিতায়?
যেমন করে জাগ্রত দৃষ্টি নিয়েও একদিন গান্ধারী
বেঁধে রেখেছিল নিজের সুস্থ দুটো চোখ অন্ধ স্বামীর প্রতি সমবেদনায়!
