কবিতাগুচ্ছ
বৃষ্টি বৃহন্নলা
(উৎর্সগ: ওয়াশিকুর রহমান বাবু)
কী আছে বাংলায় এই বৃষ্টি ছাড়া?
প্রতিকারহীন পাপ, রক্তধারা, চাপাতির কোপে
ছিট্কে পড়া ধূসর মগজ ধুয়ে নিতে দিগন্তরেখায়—
চৈত্রবন্দি গুমোট বিস্ফার কেটে বিদ্যুত ঝলকে নামে
বৃষ্টি বৃহন্নলা(কাপুরুষ সাক্ষী রেখে) সবুজান্ধকারে…
এত জোরে এত আলো মুহুর্মুহু গর্জন কম্পনে
অবিরল ধারাবেগ বাতাসে বাতাস দূর, তর্জনী সংকেত
কেন বাংলা বোবা তুমি, স্তরে স্তরে দ্রোহ, শিলালিপি
ভুলেছ কি সব? অন্ধ, কালো ছাগলের বোট্কা গন্ধ ধুয়ে
ফুলের সুগন্ধে ভারী বাতাসের অবশ রেখায়
এবার ঘুমাবে তুমি নিমীলিত চোখ!
স্বীকারোক্তি
(উৎসর্গ: তরিকুল ইসলাম শান্ত)
তোমার নিঃশব্দ মৃত্যু আমরা সনাক্ত করি বটে, তবে যে আর্তনাদে, প্রবলতায় আমাদের হৃদয়ের পাল্লাগুলো খোলার কথা ছিল তেমন উচ্চকিত আমরা হলাম কই? সহসাই নয়, তিলে তিলে তোমার মৃত্যু নিশ্চিত করে গুপ্তঘাতকের মতো বৃষ্টি তার দীর্ঘ কালোছায়া গুটিয়ে নিল আর আমরা ভাবলাম তোমার মৃত্যু দুঃখজনকভাবে দেহবিকলের ফলাফল, চিৎকৃত আত্মাহুতির মতো প্রবল ও দৃষ্টি আকর্ষণী নয়। অজস্র ধারায় বৃষ্টি তার লুক্কায়িত অস্ত্রে যখন তোমার প্রতিটি রোমকূপে হিম কাঁপুনির আঘাত ছড়িয়ে দিচ্ছিল, তুমি ততটাই সংকল্পবদ্ধ শ্লোগানের আগুনে তাকে বাষ্পীভূত করে দিতে চাইছিলে। আমরা সেই নীরব যুদ্ধ প্রত্যক্ষ করিনি, যতক্ষণ না পর্যন্ত মৃত্যু এসে জনসমক্ষে সেই ফলাফল ঘোষণা করে। আর্তনাদের মাত্রা যাই হোক না কেন, বাংলা মায়ের জন্য সরবে অথবা নীরবে আত্মদানকারী প্রত্যেকেই শহীদ, সম মর্যাদার!
শান্ত, হে বীর, এই স্বীকারোক্তি তুমি আমাদের শোকগাথার সাথে যুক্ত করে নিয়ো!
সংশপ্তক
(উৎসর্গ: রাজীব হায়দার)
স্তব্ধতা আরেক বার, ফিরে আসে একাত্তর
কাপুরুষ ঘাতকের অস্ত্রাঘাতে সহোদর
নিহত আমার, সে যে শহীদ প্রজন্ম চত্বরে
আমাদের দাবিগুলো গৃহীত হবার আগে
আমাদের উচ্চারণ সশস্ত্র হবার আগে
তোমার অন্তিম শয্যা বড় চোখে লাগে
হে রাজীব, অভিমন্যু আমাদের
জড়ো করি সমূহ যুদ্ধাস্ত্র আমাদের
চোখে জল আসার আগেই যেন তা
বিদ্ধ করে ঘাতকের দুর্বিনীত শির!
