২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুল সালাহ্উদ্দিনের একগুচ্ছ কবিতা

শিমুল সালাহ্উদ্দিন শিমুল সালাহ্উদ্দিন

Published : 14 Mar 2015, 01:46 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM


বুনোছক; অন্ধকার

কালো ঘাসের দেশ জঙ্গলে ছেয়ে আছে

আহা, গোপনে গহীন অরণ্য তুমি
এখনো কী ভালোবাসো!

আগুন স্পর্শের ভূমি
বিভোর কুয়াশা বিউগল—

অনেক কোশেশ করে পেয়েছি রাস্তার দিশা
জেনেছি, গোপনে গহীন অরণ্য তুমি
ভেতরে ভেতরে কিভাবে বড়ো করো!

যারা জঙ্গল ভালোবাসে, যুগপৎ ভালোবাসে
পাহাড় ও বৃক্ষচূড়া; সাগর ভালোবাসে নাকি তারা!

মখমল কার্পেটে ঢাকা অনন্তের পথ খুঁজে নিতে
চিরদিন ঘাসের জঙ্গল কেটে ছিড়ে যেতে হয়
পায়ের তলা থেকে সরে সরে যায় বালিতট

সমুদ্রজাহাজের ঠাঁটানো মাস্তুল থেকে
কাদাঘ্রাণ ও ভেজাদুপুর ভাসতে ভাসতে এসে
জঙ্গলপ্রান্তে নোঙর করে; বলে একঘেয়ে
বিছানা কিনারের স্মৃতি—

কালো ঘাসের জঙ্গলে একটা গোপন গোলাপ
লালের নদীতে শুতে আসে;
শেষ কী হয়ে এলো সংবরণের দিন!

কালো ঘাসের দেশ জঙ্গলে ছেয়ে গেলে
বুঝি, গোপনে কতটা অরণ্য তুমি, কতটা গহীন!


আরাধনা

এসো, একই বিন্দুতে পড়ে থাকি আজ, তন্ময়… ধ্যানবিন্দুতে পড়ে থাকি, একা হয়ে দুইজনে, তন্ময়, আর এক গান ছেড়ে রাখি, মৃদুলয় কাহারবার, আর সেই বিন্দুতে, ঐ চূড়ার চূড়ায়, চলো রাখি চুমুশ্লেষঈর্ষা ও ঘৃণা— যা কিছু তরল, এসো, নিয়ে এসো বিবশ বিকার তোমার, কল্পনাসীমার পর্দা ছিড়ে, এসো, ওষ্ঠে তুলে দিয়ে পবিত্রতা, প্রার্থণা করো, বিন্দু বাড়িয়ে দিয়ে, চুপ করে, বুজে থাকো চোখ…

আরামে নয়, পরম বিন্দুর ধ্যানে।

এসো, বিন্দুতে পড়ে থাকি আজ তন্ময়, সমূহ সম্ভাবনা ও জালের ভেতর দিয়ে, দেখা হবার আগ পর্যন্ত এসো, একই বিন্দুতে পড়ে থাকি আজ তন্ময়; তীরের ফলার মতো নিজেদের দিকে ছুটে আসবার আগে…

এসো একই বিন্দুতে পড়ে থাকি আজ তন্ময়…ধ্যান ও সংযমে…

এক ধরণের সংকেত

ছাতিমফুলের মাতালমদঘ্রাণ

চরমমুহূর্তের মুখভঙ্গি

ডাহুকডাকের মায়াযুথ,

পুরনো হলুদ চিঠিতে

কথা লেপ্টে গিয়ে তৈরি হওয়া নতুন মিনিং

কিংবা শিশুর লালগালে গাল রাখার স্বপ্ন—
দেখতে দেখতে
মনের মধ্যে দ্যাখো টেনে, হিঁচড়ে নামিয়ে আনছি
গনগনে কিছু সূর্য, ভাঙাচোরা ক্ষয়ে যাওয়া স্মৃতিমুখ…

সিড়ি ভাঙা অন্ধকারে বসে শুনছি
আক্রান্ত বোবাবাতাসের নিঃশ্বাস,কান্না।

শিরায় শিরায় ছড়িয়ে দিয়েছি এক অরণ্য থেকে
অন্য অরণ্যে উড়ে-যাওয়া পাপের প্রপেলার

এবং প্রহেলিকা—

আহা! বিভ্রম জানব বলেই তো সারাজীবন
এতোএতোএতো মুখ ও প্রশ্বাস…

সময়ের এক বেদম দরোজা খুলে পার হয়ে যাওয়া
অন্য দরোজা দিয়ে,

এক-একটা নিটোল আয়োজনের চূড়ান্ত চূড়ায় রেখে
নতুন তরঙ্গনিনাদ, অভ্ররঙ রক্ত-গর্জন—
চেনা অতীতের সাথে
সঙ্গমনিরত ধুলোনির্মিত মানুষ
একে একে দ্যাখো
স্বেচ্ছায়
ছিঁড়ে ফেলছি আপন আপন মুখ…

একটা প্রশ্নের জন্য

প্রাণখোলা প্রান্তর
ভাসছে
হিজল বনের পাশে

ঝরাফুল বুকে
কী গভীর অহম তার!

শরীরঘ্রাণের মতো
ফেটে ফেটে পড়ছে
প্রত্যেক দুঃখঢেউ

মরণের কাঁটা
গেঁথে আছে
পিপাসার বুকে

অমৃত চাখার অসুখ;
চারপাশে সংকেতবিহীন
কণ্ঠরব আর
বিশ্বাস-ঘাতিনী ভাষা ও উপহাস…

হে অনন্তধামের সন্ধ্যা
একা হিম কারো
বুকের ভেতরে
প্লাটফর্ম আছে নাকি
নির্জন কোনো!

যেখানে ধুলোয় ভরা গ্রন্থে
কেবলি প্রেরণাভাষা লেখা—

লেখা,
মাখন ঊরুর জোড়ে,
খোলা গম্বুজ আর তার অবয়বে
কী রকম সারল্য!

লেখা,
আশ্চর্য জলের মতোন
সজলকালো থেকে বেরিয়ে
অন্বয়ীনীল দ্রিদিম জ্যোৎস্না
বাজবে কোন নিশিডাকসুরে!

যাকে এখনো একটুও দেখা হয়নি—
দাঁড়ানো যায় তার
একা হিম সনখ বুকের ভেতর
অকস্মাৎ!

হঠাৎ হঠাৎ যে কী না
ইচ্ছা-বন্দী আয়ু ও
অভিমানিনী ফুল
মুচড়ে দিয়ে আলুথালু
হেসে ওঠে, জলঘরে,
একা আয়নার সামনে
তাকে পেয়ে বসে
নিজেকে ছিঁড়বার নেশা—

(দেয়াসিনী তোর,
একা হিম বুকের ভেতর
মৃত সরোবর আছে নাকি!)

উপচ্ছায়াময় রক্তগন্ধ,
আলোড়ন—
হরিৎ ও বিষাদে
মিশে যাওয়া ঝনঝন—

একা এক হিম
বুক নিয়ে দুজন হয়ে
হেসে ওঠা,
জেগে ওঠা— হায়!

এমন একা হিমে কার,
বুকের ভেতরে,
দুম্ করে দাঁড়িয়ে পড়া যায়!

দিনের বিবিধ ক্ষতে
যেভাবে অস্তপ্রলেপ লাগে,
রাত্রি নামে সন্ধ্যায়,

তেমন স্মৃতির ফিতায়
লেপে দিয়ে
গোবরজলের মাটি

সন্ধ্যা নামলেই

আমার ভীষণ
উড়ে যেতে ইচ্ছে করে,
নৈঋতের দিকে…

ইচ্ছে করে
একা হিম কারো
বুকের ভেতরে
দুম্ করে ঢুকে পড়ি—

দেয়ালে ঠেঁসে ধরে
প্রশ্ন করি
উভঠোঁট পরশদূরে রেখে—

"জগতের সত্যগুলি
প্রতিমুহূর্তে বদলে যায়
তোমার কী জানা আছে
শঙ্খিনী?"

পড়তে পড়তে

পড়তে পড়তে আমরা কেবল নিচের দিকে যাই

পাঠ মানে কী পতন তবে? পাঠ মানে কী ছাই!

পড়তে পড়তে আমরা কেনো নিচের দিকে যাই?

প্রেম

আকাশগঙ্গার দিকে তাকিয়ে, তাকিয়ে মেঘপৃথিবীর অবেলার আলোর দিকে যৌনতার সিঁড়ি বেয়ে আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করেছিলাম, তিনি আমাদের একটি পুত্রসন্তান দান করেছেন…

আমরা দুজন, সন্তানের চোখে চোখ রেখে, তার গোল গোল নির্মল নয়নসরোবরে দেখি হাতছানি দেয় কতশতদৃশ্য ও স্বপ্নের দল। দেখি, কবে সেই ফেলে আসা অযৌন শৈশব, যে দেশের মানুষগুলি রূপালী আগুন হয়ে, হয়ে স্মৃতি, জ্বেলে জ্বেলে যায় আমাদের চিলেকোঠার ছোট্টঘর…

শিশু এ ঈশ্বরের দিকে চেয়ে, তার গায়ের অপার্থিব গন্ধে আমরা হঠাৎ ঘুরে আসি ঢিল মেরে ভেঙ্গে দেওয়া যুগপৎ অতীত ও ভবিষ্যের এক জানালার ভেতর থেকে, যেখানে চীৎকার করতে থাকে ছেলেবেলার সজল, কি রে! খেলতে যাবি না?

তেপান্তরের মাঠ পেরিয়ে দেখা ছোট্ট সোনামুখ যেনো কচুরিপানার গায়ে লেগে থাকা নির্বাক শ্যাওলা, ঘাট থেকে দেখতে হয় অথচ ঠিক স্পর্শযোগ্য নয়, মেঘলা দিনে জানালায় আসা হঠাৎ রোদ্দুর, মা'র কালচে দাগ পরা চন্দ্রহারের মায়া, আমাদের হারিয়ে যাওয়া বিভ্রম ও গল্পের প্রতিরূপ…

একদিন, নিরুদ্দেশ সংবাদের নীচে খবর কাগজে ছাপা এই কবিতা চোখে পড়বে আমাদের রক্তছানার, নিভন্ত উনুনের ধোঁয়ায় চোখ মুছতে থাকবে তুমি আর মা, মনখারাপ ছেলে স্কুলে গেলে, উষ্ণতার রাতগুলো আসবে তোমার কাছে প্রলাপ বকতে বকতে… অন্যত্র দূরাবদ্ধ খাঁচা খুলে উড়ে যাবে রূপকথার নীলকন্ঠ পাখি..

ঝাপসা চোখের আয়নায় একদৃষ্টে দাঁড়িয়ে হাত নাড়ে ছেঁড়া কাঁদামাখা হাফপ্যান্ট— তার পকেটে মার্বেল, হাতে লবণ লাগানো আমসত্ব। ওর অপ্রেমের কৈশোরকে সময়ের ধারালো মাঞ্জায় রক্তাক্ত করো না, যতই অনির্দিষ্ট ছাদের এন্টেনায় লেগে থাকুক ওর উড়ে যাওয়া ঘুড়ির সুতো ও দৌঁড়, তুমি ওর নাম রেখো প্রেম…

সে আসে

সে আসে, ঘুরে ঘুরে আসে।

আসে যেনো এক সুবাতাস, স্রোতস্বিনী তরঙ্গ এক, অধীর নদীর

সে আসে, বুকভরা উচ্ছ্বাসে, শুধু বেপরোয়া জল নিয়ে ধূ ধূ বালুচর
প্লাবিত করে দিতে আসে, ঘুরে ঘুরে কথা কয়,
চোখের ভেতর থেকে, আরো সুগভীর চোখের ভেতরে—

সে আসে, ঘুরে ঘুরে আসে
যেনো এক জানালায়, কোন দিন না আসা ভোর
হঠাৎ এসেছে বলে, কোলাহলে, আড়মোড়া ভাঙছে, জেগে ওঠা ঘুমের শহর

সে আসে, ঘুরে ঘুরে, যেনো নির্বাচনের আগে
দেয়ালে দেয়ালে মারা অধিকারচিকা—
বহুরঙচঙে, সে আসে যেনো বাঁবাহুলগ্না লাজভারানত আমার প্রেমিকা।

সে আসে আমার কাছে ঘুরে ঘুরে একাকী নদীর মতোন একা।

এই আলোকিত উজ্জ্বল শহর, এর ইতিহাস, যত সব শব কিংবদন্তী
কথা কয়ে ওঠে স্মৃতিজাগরণ আর স্নায়ুর ভেতরে থাকা ধ্যানের সলীলে—
সে এলে…

সে আসে, দূর থেকে মনে হয়,
মেঘলাসবুজমায়ায়ভরা যেনো এক কামুক হরিণী,
রোদের সুরভি মেখে, হেমন্তশিশিরভোরে,
সারাগায়ে আলস্য নিয়ে বসে আছে—

সে আমার রাই।
এলে, না এলেই ভালো হতো বোধ করে,
আমি, মরে মরে যাই।।