২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘভাস্করদের তালিকা

fakir_elias

Published : 12 Mar 2015, 09:03 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

আমি কোনও আবিষ্কারক নই। পথের সন্ধান
নিয়ে কোনও আরণ্যের শোভা দেখবার কৃতিত্বও
নেই আমার। তবু প্রেমিকা হবে বলে আমার হাত
ঝাপটে ধরেছিল যে সিরামিক সন্ধ্যা—
আমি আজও তাকে মনে রেখেছি।

বিমূর্ত ভালোবাসা নিয়ে আমার ছায়া হয়েছিল
যে ত্রিমাত্রিক আকাশ, তাকে জানিয়ে রেখেছি
ভ্রমণের বিকাশপর্ব। দক্ষতা দেখাতে না পারলেও,
আঁকায় নাম লিখিয়েছি মেঘভাস্করদের তালিকায়।

তুমি যদি আকাশের রেখাগুলো পড়ো—
সেখানেও আমার চিত্রকর্ম পাবে।