জ্যা-হীন তীর
অভিজিৎ রায় স্মরণ ক'রে
অন্যান্য মানুষের মতো
বাদামী ত্বকের পরে সবুজাভ শার্ট প'রে ঘুরেছে শহর,
চেঁচিয়েছে রেস্তোরাঁয়
আড্ডায় তুড়ি মেরে তর্ক ক'রে।
রাস্তায় দ্যাখা হলে ঘাড় নেড়ে বলেছে সে –
ভালো আছ ?
সংস্কৃতি, রাজনীতি, ডায়ালেক্টিক্স তর্কে তার তারস্বর
শোনা গেছে।
বাঙালি ও বিশ্বাস, ইতিহাস
বিতর্কে ব্যাধের মতো ছুঁড়েছে নিপুণ আলোচনা –
দামী ইস্কাপন টেক্কার মতো ।
ফেব্রুয়ারির পথে পথে সেও ছিল,
বৈশাখের গানে গানে
উন্মুখর অভ্যুত্থানে ।
ভাবতে অবাক লাগে,
পার্থিব এই সব লোক
সহসাই হয়ে যায় মুণ্ডহীন, দেহহীন, অব্যয়ী রোগ।
মৌমাছি-কুঞ্চিত অন্ধকার ঢোকে ওদের আত্মায়।
নিবে যায় দৃষ্টি, দীক্ষা
নিবে যায় মোমবাতি
ভাঙে মুষ্টী-পা জানালা, পাখি, আকাশ।
দন্ত্যজ ক্রোধ স্খলে লোল যত রোল –
কি করে নিরীহ যারা হয়ে যায় সবচেয়ে ক্রোধী !
একদিন
জ্যা-হীন তীরের মতো পরিক্রম করেছিল শহর
একদিন
দেহহীন চীৎকারের মতো ঝরিয়েছিল পাতা ।
আর এখন?
ভীড়-ঘাম-সহাস্য-কৌতুক কিছু মলাট
তার মধ্যে দিয়ে বিক্ষপ্ত হয় একটা চাপাতি –
চীৎকারও শোনা যায় না
বাড়ি ফেরে সবাই, কিন্তু কাঁঠাল আর নিমকাণ্ডে
ক্ষিপ্ত হতে থাকে একটি চাপাতি।
দন্ত্যজ ক্রোধ স্খলে লোল যত রোল –
কি করে নিরীহ যারা হয়ে যায় সবচেয়ে ক্রোধী !
আজ রাতে
জ্যা-হীন তীরের মতো পরিক্রম করছিল শহর
আজ রাতে
দেহহীন চীৎকারের ক্ষিপ্ত হলো চাপাতি।
