তানিয়া চক্রবর্তীর গুচ্ছ কবিতা
ডিজেল শেড
র-চায়ের মতো স্বর
মেল ট্রেনের মতো শরীর
ধ্রুপদী নাচের টুকরোতে ঘুঙুর
আর পচা শামুকে কাটা কোনো ক্ষত
এই সমস্ত দেখতে থাকে লোকাল বগিরা
একটা মহাভারত বুকের কলকে ফুল
বা নারীর ঘুর্ণি নিয়ে হারিয়ে যাচ্ছে
গাঢ় গাঢ় ডিজেলবাহী ট্রেন
যেন অশ্বমেধের ঘোড়ার কারশেড
গাছগুলোর আর কিছু নেই
ওকে বেদীর কেন্দে বসানো হয়েছে
যাতে ভিনদেশী মানুষ
শহরের গর্ত না দেখে ফেলে
একটা প্রাচীন ডিজেল শেড
ভ্রান্ত শহরকে আহ্লাদ দিচ্ছে অযথা
সম্পর্ক
সুতোরা সব লোপাট খেলা
বৈধ খুলে ঝরনা মাপি
মা ভীষণ মাকে আঁকড়ে ধরি
নিনাদ বাজে তেতুল পাতায়
পোষ মানে না আলো
মা তোমায় মঞ্চ দেখাই চলো
চলো দেখাই ছুরি-কাঁচি
চলো দেখাই জীবন খুলে জীবন রাখা
কঙ্কনেরা আদিম শেকল
আমারও কিছু ধার হলো–ভীষণ কিছু ঋণ
ধারের সঙ্গে পুংকেশরের পরাগধানী
ত্বকবিনাশী আঁচল দাও-আসল দাও
মুছিয়ে দাও গ্যাসের মুখ
কতদিন খাই না আলো
পুংকেশরের খেলা শেষ
কেউ তো নয় কারোর দাবি
সবাই শুধু ব্যাপ্তি খোঁজে
তুমিই কেবল স্ফটিক খেলা
মা ভীষণ মাকে আঁকড়ে ধরি।
বৃত্ত জুলে
বৃত্ত জুড়ে কাটো লক্ষ্মণরেখা
এখন পতঙ্গের চেয়ে দুর্বল দিন
বিকল পল্লবে ধুতরার কাঁটা
অলিভ পাতার মুকুটগুলো
কে যেন চুরি করবে বলেছে
তবু সত্যি বলব শেষ অবধি
ব্রাত্য গুহায় যাবো না আর
নিজেরই সুতোয় ঈশ্বরীয় ভো-কাট্টা
বৃত্ত জুড়ে অমোঘ স্তন্যপায়ী
কোনো তপোবন ছিল না কোনোদিন
মায়ের নামে বিকোচ্ছে প্রেমিকা
ধোঁয়ার নামে গলার চেন
একটা নির্মম বুক্কনে শরীর মুচড়েছে
আমি তার অশ্লীল কৃন্তকের নামে নদী কিনব
নদীর পাড়ে জ্বালাব ভদ্র আগুন— নীল
মৃত্যুর আগে মুছব চন্দ্রকলার দাগ
যার তির্যক কোণে
এক পাগল আরেক পাগলকে শেখাবে আহ্নিক
বৃত্ত জুড়ে আর কেটো না লক্ষ্মণরেখা
ক্রমশ ক্রমশ খুঁড়তে খুঁড়তে
কোথাও বিলীন হয়ে গেছে জলের বিন্দু—
কাজল
নদীর ধারে বসে সে আগুন বাঁচাচ্ছিল
তার জন্য নিয়ে গেলাম বাঁশি
সমস্ত নিভৃতি নিলামি করে সে সুর দিল
ভাঙাচোরা সুরে গোলার্ধ হারালো
একথালা ভাত নিলাম তার জন্য
এক একটা গ্রাসে
সে খেয়ে নিল সকাল দুপুর সন্ধ্যা রাত
— গোগ্রাসে
বিনিময়ে একটা আমপাতায় একটু কাজল
আর কোথাও কাজল নেই
পুড়ে যাওয়ার জন্য জ্বালানি জমেছে নিয়তাকার–
