২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভ সিকদারের গুচ্ছ কবিতা

সৌরভ সিকদার সৌরভ সিকদার

Published : 22 Feb 2015, 12:34 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

কবিতা কি?

কবিতা কি রাজবাড়ির মাঠে বেণীদোলানো কিশোরীর কানামাছি খেলা
কবিতা কি রেললাইনের স্লিপারের কান রেখে ট্রেনের শব্দ শোনা
কবিতা কি জলহারা ব্রহ্মপুত্র একা একা হেটে পার হওয়া?
কবিতা কি স্কুলের খোলামাঠ চেকশার্ট খুলে বই নিয়ে বাড়ি ফেরা
কবিতা কি বইয়ের ভাজে লুকিয়ে রাখা গোলাপের শুকনো পাপড়ি
কবিতা কি আষাঢ়ের প্রথম বৃষ্টিতে ভিজে মায়ের বকুনি
কবিতা কি কদমের ডালে সারা দুপুর ঘুঘুর ঘু-ঘু ডাক
কবিতা কি গ্রাম ছেড়ে গঞ্জে আসা তরুণের দীর্ঘশ্বাস
কবিতা কি খেজুরেররস পাটিসাপটা পিঠা শীতের কুয়াশা
কবিতা কি মেডিকেলের মেয়ে ঘটিহাটা লাভলি আপা?

এ ভাবে হেসো না মেয়ে

এ পথে হেঁটো না মেয়ে
ঘুমন্ত শিশির জেগে উঠতে পারে।
এ দিকে তাঁকিওনা মেয়ে
মেঘহীন নীলাকাশে বৃষ্টি ঝরতে পারে।
এ পুকুরে সাঁতার দিয়ো না মেয়ে
উঠি উঠি শাপলার কুঁড়িগুলো লজ্জায় লাল হতে পারে।
এ ভাবে হেসো না মেয়ে
মেঠোপথ বেয়ে আসা একটি বোকা হৃদয়
প্রতাড়িত হতে পারে।
এ ভাবে হেসো না মেয়ে
শুরকির ধূলোমাখা মফস্বলী মন
স্বপ্নে ধূসর হতে পারে।
এ ভাবে হেসো না মেয়ে
পিচঢালা পাকা নাগরিক নিষ্ঠুর হৃদয়
নিঃশব্দে খুন হতে পারে।
এ ভাবে হেসো না মেয়ে
ফ্লাইওভারে থেমে থাকা একটি আইফোন মন
চায়না সিরামিকের মতো ভেঙ্গে খান্ খান্ হতে পারে।

কনকনে শীত

কদিন থেকেই কনকনে শীত
নাকটি আমার বন্ধ,
খুলতে পারে আর কেউ নয়
তোমার চুলের গন্ধ।

দুঃখ ডিজিটাল

এক জীবনে কতকিছু পাই,
তুমি শুধু কি-যে বল ছাই।
পাটের দাম না বাড়লেও ফ্লাটের দাম বাড়ে
এসকেলেটর শপিংমলে কে কার নজর কাড়ে।
কদিন পরে বিসমিল্লা খাঁ শরীর সুখের হয়
ভুলে গেছি গুরুবাক্য- 'যাহা ভাবিয়াছ তাহা নয়'।
দেখতে দেখতে জীবন যেন একশ মিটার দৌড়
ভালোবেসে সঙ্গি বেছেও শেষপর্যন্ত বোর।
যখন তোমার কাটলো ঘোর খুললো মনের দোর,
তখন কাছে কেই আসেনা সময় দারুন চোর।
একবিছানায় দুজন ঘুমোয় কেউ যে কারো নয়,
ঘোড়ায় চড়া রাজকুমার আর ময়ুর পঙ্খি নাও-
তুমি শুধু কি যে বল ছাই-
আমি যেন ভাঙ্গনের শব্দ পাই।
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে
সুখ পেয়েছি সস্তা দামে
ঘুম আসেনা চোখের কোনে
জব্বার ভাই বাজে রিংটোনে-
ফ্লাশব্যাকে খোলা ছাঁদে জ্যোৎস্না টালমাটাল
বুঝলে বন্ধু, তোমার আমার দুঃখ ডিজিটাল।