২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জুননু রাইনের তিনটি কবিতা

জুননু রাইন

Published : 23 Dec 2014, 05:07 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

কেন বলব না 'ভালো আছি' !

আব্বা, কেন বলব না 'ভালো আছি'
আমি সেই সময়ের প্রতিবেশি
যেখানে জীবনই অভিঘাত
যেখানে ছুটে চলাই সংঘাত
যেখানে বেঁচে থাকাই প্রতিবাদ।

আমি'ত হেঁটে-চলে মানুষের মত বাঁচি
আব্বা, কেন বলব না 'ভালো আছি!'

নিজেকে হেরে যেতে দেখে

আমি জিতলে হারবে অন্য কেউ; তাই জিততে চাইতাম না,
এই কথা আমি জানতাম। আমাকে বারবার একথাই বলতাম
আজ জীবনের কাছে নিজেকে হেরে যেতে দেখে বুঝলাম-
আমিও জিততে চেয়েছিলাম …

এজন্য আমার যে দুঃখ-কষ্ট সে'ই জানালো- জেতার মতো হিংস্রতা
আর তা ভোগ করার লোভ আমার ছিল…
আমাকে চিবিয়ে নিংড়ে অর্জন করা বাস্তবতার এই বক্তব্যকে আমি বললাম-
দেখ, আমি ইচ্ছে করে ভুল অথবা পাপ করি না, করিনি
বিশ্বাস করো আমি পাপের সংজ্ঞা জানি না, এবং মানিও না
তোমার কথা শুনে শাস্তি দেব ভেবে নিজেকে খুঁজতে গিয়ে দেখলাম-
আমি আমার সন্তানের সন্তানের সন্তানের সন্তানের সন্তানের
সন্তানের সন্তানের সন্তানের সন্তানের সন্তানের সন্তানের নাতি …
আমাকে ধরতে হলে আমার লেগে যাবে কয়েক'শ বছর
বিচারে দোষী সাব্যস্ত করতে লাগবে কয়েক হাজার বছর
আর তার শাস্তি হবে কয়েক লক্ষ বছর …

নিজেকে হেরে যেতে দেখে বুঝলাম আমিও জিততে চেয়েছিলাম।

খুশবু

তুমি অফিসে আসলেই মনে হয় আজ ছুটি
আমি আনন্দে চারদিকে তাকালেই দেখি
ঝকঝকে বিকেলের তাজা হাসি
তোমাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে
আকাশ দেখি আর শাদা শাদা মেঘের গম্বুজে
থরে থরে তোমাকেই নানা রঙে আঁকি