অদীপ ঘোষের কবিতা
মনোকীর্তন
মন ভালো নেই একদমই মন ভালো নেই
সাত সকালেই ছড়িয়েছিলাম ফসলের দানা
তবুও পায়রা অথবা চড়াই ছায়াও ফেলেনি
রোদের আগুন বেড়ে গেছে খুব অদ্ভুতভাবে
পাতলা হয়েছে মানুষের ভিড় ফুটপাত থেকে
সবাই চেয়েছে নিজেরই ছায়ায় শরীর ঢাকতে
যদিও জানি না তা ঠিক কতটা সম্ভবপর
রাক্ষুসে রোদে শরীরটা তাই পুড়তেই থাকে
সত্যিকারের আরাম এখন কোথাও তো নেই
স্বাভাবিক তাই ভালো নেই মন মন ভালো নেই
সকাল থেকেই দরজা রেখেছি হাট করে খোলা
জলের গেলাস বসার চেয়ার সাজিয়ে রেখেছি
রাস্তায় যেতে যাকেই দেখেছি- ভেবেছি অতিথি
ধরেই নিয়েছি সবাই চলেছে আমার ঘরেই
অথচ ঘরের সামনে কোনোই চটি ছাড়া নেই
এককিত্বই সঙ্গী থেকেছে ফাঁকা কুঠুরিতে
এ যন্ত্রণায় বুকের ভেতর নীল টাইফুন
অবসাদ আর বিষাদ মিলেছে রক্তের বেগে
একদমই তাই ভালো নেই মন মন ভালো নেই
রাত্রি নেমেছে সময়তোই দশদিক জুড়ে
পেছন পেছন হামাগুড়ি দিয়ে অতীত এসেছে
মনে পড়ে গেছে নিজেই তো খেতে বিষ ছড়িয়েছি
ফসল সে বিষ পৌঁছে দিয়েছে পড়শির পেটে
ভীমবেটকায়
তখন বিকেল পাহাড় টপকে চলে যাচ্ছিল দেশান্তরে
দশদিক থেকে ছুটে আসছিল আদিম যুগের অন্ধকার
সঙ্গীরা সব ফিরে গিয়েছিল কিছুটা দূরের সরাইখানায়
থেকে গিয়েছিল আদিম পাথর এবং আমার চমৎকার
কাছেই কোথাও জলপ্রপাতে ছিল শ্রাবণের জলজ স্বর
তারাই আমায় টেনে নিয়ে গেল হাজার বিশেক বছর আগে
যেখানে আমারই আঁকা ছবিগুলো তখনও রয়েছে পরস্পর
যেখানে আদিম গুহায় লুকিয়ে অতীত হয়েও বর্তমান
ঠিক এভাবেই একালের ছবি হাজার বছর টিকে যায় যদি
এভাবেই কেউ ভাববে নিজেকে গণেশ পাইন যামিনী রায়
আজকের মতো সেদিনও হয়ত পাথরের ফাঁকে হাওয়ার শিষ
হয়ত তখনও বিকেল গড়িয়ে পৃথিবী ঢুকছে অন্ধতায়
একা নও
নিজেকে নিঃসঙ্গ ভাব কেন
মাথার ওপর দ্যাখো-
এত ঘন রাত তবু তোমাকে পাহারা দিতে নক্ষত্রের ভিড় ঠায় জেগে
চুম্বক চাঁদের এই আশ্চর্য সোনালি কথকতা
তুমি চোখ বুজলেই চুপ, এক্কেবারে চুপ
তোমার জন্যই শুধু গাছগাছালিতে এত মায়াবী আরাম
গোটা পৃথিবীটাই তো আজন্ম তোমার পাশে জেগে
একবার কান পেতে শোনো-
দেশ-বিদেশের সব মানুষজনের বুকে তোমারই তো হার্টবিট্
তোমার মুখের মতো মুখ
তোমার হাতের মতো হাত
তোমার চোখের ভাষা সকলেরই চোখে
বৃষ্টি হয়ে
নদী হয়ে পাহাড় অরণ্য হয়ে
সমুদ্র বাতাস হয়ে একবার দ্যাখো-
কত নির্ভরতা মানুষের বুকে
ফেরা
পূর্নিমার রসায়নে বালিদেশে সোনার হুল্লোড়
তাঁবু ছেড়ে ভাগ্যান্বেষী মাঝরাতে সাইকেলে চাপে
চুপচাপ পিছনের ক্যারিয়ারে উঠে বসে হলুদ লোভেরা
রক্তশূন্য সোনাটে শরীর
ছোঁয়া লেগে সাইকেলও সোনার নেশায় টলমল
দাহ্যবস্তু না হয়েও সোনার নেশায় থাকে আগুনের বীজ
যার তাপে টায়ারেরা ফাটে
বিকলাঙ্গ সাইকেল ছেড়েছুড়ে পা-দুটো অগত্যা হাঁটে রূপোলি আলোয়
প্রতিদ্বন্দ্বী না থাকায় সহজেই অবসাদ নামে
অশালীন যুদ্ধক্ষেত্রে অকাল নিহত স্বপ্ন কিছুতেই ঘুমোতে দেয় না
ফাঁকতালে দশদিকে মেঘের গভীর গুলতানি
একটু একটু করে গিলে খায় চাঁদের প্রতিভা
কুশলী চিতার বেগে অন্ধকার এলে
সচ চেনা নিপাট অচেনা
সব পথ অনুপথ মিলে মিশে নতুন ভূগোল
পুব হাঁটে পশ্চিমের দিকে
একাকার উত্তর-দক্ষিণ
স্বপ্নের ওডেসি ভেঙে ভাগ্যান্বেষী প্রাণপণে
তাঁবুর ঠিকানা খুঁজে মরে
নিয়মিত অগ্নিকান্ড
স্বপ্ন আর ঘুম নিয়ে খেলার মাঝপথেই কাক ভোর নিয়ে এল
কুচকুচে কালো কাক ধবধবে সাদা ভোর
হিসেব মেলাতে গিয়ে রোদ্দুর লোপাট
অতএব ফের ফেরা স্বপ্ন ও ঘুমের রসায়নে
আবারও মাঝপথেই একই ভূমিকায় সেই কাক
যথারীতি আবারও হিসেবে গড়মিল
রুটিনমাফিক এই গরমিলগুলো জলে স্থলে অন্তরীক্ষে ওড়ে
এবং তা তরতাজা যুবকের মাথায় সংক্রমিত হয়
মেরুদণ্ড এই রোগে বেঁকে যেতে থাকে
রোদের বদলে কাক আকাশ মাতায়
হিসেবের জাব্দা খাতা জরুরি জ্বালানি হয়ে অগ্নিশুদ্ধি আনে
স্বপ্ন পোড়ে
ঘুম পোড়ে
ইতিহাস পোড়ে
দুধ-সাদা রং মেখে ঘুম থেকে যে ভোর জাগাল
তারও গায়ে পোড়া পোড়া দাগ
যার অর্থ– এ ব্রহ্মাণ্ড গতকালও আগুনে পুড়েছে সারারাত
