২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মনির ইউসুফ-এর তিনটি কবিতা

monir_yusuf

Published : 23 Nov 2014, 01:06 AM

Updated : 23 Jun 2022, 04:05 PM

ঘুঘুর বিলাপ

সারাটা দুপুর ঘুঘুুুটি বিলাপ করে ঘুঘুটির জন্য
অলস দুপুরে গাছের পাতা ঝিম মেরে গেলে
ঘুঘুটির বিলাপে পুরো পাড়া সচকিত হয়ে যায়
ঘুঘুটির ক্রন্দনধ্বনি থামে না কোনো মতে–

এ এক প্রাচীন নেপ্রোপোলিয়া,
আমার বুকে সে ক্রন্দনধ্বনি আমার ঘুঘুনিও বোঝেনি
এ যেন প্রাচীন ঘুঘুর বিলাপের আধুনিক প্রতিধ্বনি
বস্তু অবস্তু মুগ্ধতা, প্রেম ও ভালোবাসার মানবিক সংবেদ

ঘুঘুটি বিলাপ করে–
সমস্ত নির্মাণ ও সৌন্দর্য্যের হন্তারক হচ্ছে মানুষ মানুষ
সমস্ত বিনির্মাণ ও সৌন্দর্য্যের হন্তারকও হচ্ছে মানুষ
ঘুঘুটি রক্ত গলায় উঠে না আসা পর্যন্ত বিলাপ করতেই থাকে

পৃথিবী অবাধ্য পৃথিবী

আমার বুকের ফুলদানীতে সকালেই তুলে এনেছি একটি অবাধ্য গোলাপ,
গোলাপটি বুকের তলে সময় ও কামনায় ফুটিয়ে তুলেছিল অধীর প্রপাত;
আমাকেও প্রলুব্ধ করছিলো বেশ।
পৃথিবীতে কখনো কখনো ইশারা ভাষাও এমন মধুর ও বোধগম্য হয়ে ওঠে,
গোলাপটির চোখের সংবেদ পড়তে না পারলে বুঝতেই পারতাম না।
আমার উঠতি কামনা যৌবনকে ছুঁয়েছিল, ফুল থেকে ছড়িয়ে পড়েছিল সুবাসিত ঘ্রাণ
হায়! পৃথিবী অবাধ্য পৃথিবী গোলাপটি স্বনিয়মেই বাসি হয়ে গেল।

বেহেশতের জন্য শোকগাথা

একদল ফিরে যেতে চায় বেহেশতে, আরেক দল পৃথিবীকে বানাতে চায় বেহেশেত;
বিনাশ্রমে ধনীক শ্রেণি ভোগ করে বাহারি জৌলুস; আর দাসত্ব করে বিশ্বের বাকী আদম,
নরক বানাতে চায়নি কেউ; নরকে যেতেও চায় না কোন দল।

তাহলে জীবনের শেষ সত্য কি, না নরক না বেহেশত,
না তার মাঝে দাঁড়িয়ে থাকা এই পৃথিবী,

ঘাতক অস্ত্র কারখানা আড়াল করে,
মর্ত্যরে পরী নিয়ে টেলিভিশন দেখায় কি দ্রুত বদলে যাচ্ছে পৃথিবী,
যেনো বেহেশতের চেয়ে অনন্তর সুখ এই যাপন এই যাত না।

তাহলে বেহেশতের পেছনে দৌড়ে কী লাভ, তা কি দিতে পারে নগদ টাকা!
অন্যের সম্পদ কেড়ে নেওয়ার মারণাস্ত্র, যত্নে বেড়ে ওঠা নারী
বেহেশতে মানুষ খুনের প্রতিশ্রুতি নেই।
মানুষ খুন করতে ভালোবাসে, ভালোবাসে লুট করতে
স্বার্থপরের মতো নগদ টাকা জমাতে ভালোবাসে
বেহেশতে তো প্রতিশ্রুত সুরা ও হুর। সেতো পৃথিবীতে আছে অঢেল।
বেহেশতে গিয়ে কি করবে তারা, স্রষ্টার বানানো নরকেও স্বেচ্ছায় যেতে চায় না।

চিন্তার এই যাতনা নিয়ে কি করে ছোঁবে তুমি অথৈ অনন্ত,
মানুষ তোমার জন্য একটা পথই খোলা ঐ যাতনা বহন করো
বেহেশতে ও নরকে রাতদিন একি সমান।