২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলক হাসান-এর একগুচ্ছ কবিতা

পুলক হাসান পুলক হাসান

Published : 15 Oct 2014, 07:38 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

ঠিকানা

প্রজাপতি তার ধূসর ডানায়
বয়ে চলে যে পৃথিবী
তার স্বপ্ন রঙিন ছবি
তোমারই চোখের পাতায়
টলমল করে
যেন তুমি তৃতীয় বিশ্বের অন্ধকারে
আত্মবিকারগ্রস্ত পাখির কলরবে
নেমে আসা সন্ধ্যা ছায়ার গভীরে
জীবনের পাঁপড়ি ছড়ানো সেই রবি
যার মধ্যে স্রোতহীন শুকনো নদী
ছলছল এক ভাষা খুঁজে ফেরে।

ঐকতান

গোলাপ সুগন্ধির মতো
তোমার মধ্যে পথ খুঁজছে এক অন্ধ
যে-পথে ছড়িয়ে আছে জ্যোৎস্না
এবং জেগে পদ্মা ও মেঘনা
সে-পথে যে কেউই দেয় না ধর্ণা
ফুল শুকিয়ে যায়, গন্ধ ফুরোয় না
অন্ধ হলেই কেবল বোঝে
কী আছে তার মাঝে
শোনিতে ও শিরায় এক সুর বাজে।

সমান্তরাল

বিপ্লবীর বাসনা
ধানকন্যার সোনাদানা!
চড়াই চোখে তাই পরী
যদি শরীরী
দোষ কি?
উভয়ের মনছবি তো এক-ই।

স্থিরচিত্র

নৈঃশব্দ্যে চমকাচ্ছে ছবিটা
স্মৃতি ভারাতুর আয়নায়;
উৎকর্ণ উঠোনে
মৌসুমি পাখির ছায়ায়
দুপুর যেমন উছলায়
বিশেষ এক মগ্নতায়
তেমনি এক হাতছানি
দূরের এক মায়ায়
কিন্তু গতিময় জীবনে
বৃক্ষের কষ্ট শুধু স্থবিরতায়।

আড়াল

বৃষ্টি বন-খোঁপায়
শিশির বিন্দুর মতো
ফুটেছিল সে।
বরষা গানের পলাশ
হঠাৎ রোদের হরষে
কাঁপত ভিতর বাড়ির আয়না
শুনেছি মেয়েটির নাম ছিল ঝর্না

পাহাড়ে উঠতে গিয়েই
বুঝেছিল সে
চোখের সামনে থেকে
কিভাবে আড়াল হয় আকাশ।

চুল

কিভাবে গোপন রাখি
তার গোপন বিদ্রোহ
ছেঁটে দিলেও ছটফট করে
টগবগ করে
বাতাসে উড়বার জন্য।

যেন তার ভেতর ডানা ঝাপটায়
সোনারঙা এক পাখি
আগুনরঙা এক পাখি
স্বাধীনতার দূরন্ত মোহ
তাকে করেছে স্বপ্নের সমান বন্য।

রাজনীতি

তোমার শরীরভরা মাছের গন্ধ
শিকারীর চোখ তাই তোমার দিকেই
থাকে সদা নিবদ্ধ
কেউ আসে প্রেমিকের ছদ্মবেশে
কেউ আমৃত্যু নিখাদ
কারো বাঁশি ব্যর্থতার ঘোরে
শুধুই কেঁদে মরে
তুমি থাকো হয়ে দূর চাঁদ।