২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রেবেকা ইসলাম-এর ৪ কবিতা

রেবেকা ইসলাম

Published : 10 Oct 2014, 11:52 AM

Updated : 23 Jun 2022, 04:05 PM

আমার শুধু এতটুকুই দুঃখ

আমার শুধু এতটুকুই দুঃখ
তুমি আমায় বুঝলে না ,
আমার ভাষার কারুকার্য তোমার কাছে যেন
দুরূহ বাবুই পাখির বাসা
আমার ভালোলাগার বহিঃপ্রকাশ
তোমার কাছে দুর্বোধ্য ব্যাকরণ
যেন অব্যয়, সমাস কিংবা ক্রিয়ার রূপ
অথবা বঙ্কিমীয় ভাষা।

আমার শুধু এতটুকুই দুঃখ
তুমি আমায় খুঁজলে না,
আমি রয়েই গেলাম তোমার কাছে
অস্পষ্ট ধোঁয়া ধোঁয়া।
যেন আমি দূর আকাশের কোনো নক্ষত্র
অরুন্ধতি, লুব্ধক, স্বাতী বা অগস্ত্য
শুধু দূরেই থেকে ছড়াব আলোর বিকিরণ
রহস্যময়ী, যায় না ছোঁয়া।

আমার কিছু অনুচ্চারিত কথা ছিল

আমার কিছু অনুচ্চারিত কথা ছিল
তুমি তা জানতে চাওনি,
আজ কথাগুলো হারিয়ে গেছে ওই বিশাল আকাশ জুড়ে
দিগ্বলয়ে অলক্ষ্যেতে দূরে বহু দূরে।

আমার কিছু অনিবার্য বলার ছিল
তুমি তা মানতে চাওনি ,
আজ ভাবনাগুলো ভিজে গেছে এক বরষার রাতে
কৃষ্ণকায়া দুঃখবিলাসী মেঘবালিকার সাথে।

আমার কিছু অব্যক্ত ইচ্ছে ছিল
তুমি তা খুঁজতে চাওনি ,
আজ ইচ্ছে প্রাসাদ ভেঙে গেছে এক তাণ্ডব ক্ষণে
দিগ্বিদিক ঝড়ো হাওয়ায় উথাল সমীরণে।

আমার কিছু না-বলা কষ্ট ছিল
তুমি তা বুঝতে চাওনি ,
কষ্টগুলো বন্দি আজ দুই অলিন্দের ফাঁদে
বুকের ভেতর একান্তে গুমরে গুমরে কাঁদে ।

কার পড়েছে চোখ

কার চোখে যে কার পড়েছে চোখ?
চমকে যাওয়া কম্প অবলোক
নীরস মনে বেহাগ রাগের সুর
মাতাল ঢেউয়ে উল্টে তরী চূর
ভাবের নদে ছলাৎছলাৎ ঢেউ
জানলা পাশে দাঁড়িয়ে যেন কেউ!
শঙ্খচিলের ডানা হওয়ার ঝোঁক
সেই চোখে কি পড়ল আমার চোখ?

মৃতনগর হঠাৎ আলোয় পুরু
ঝঞ্ঝা বাতাস দ্রুতলয়ে শুরু
ঝলকানিতে দুচোখ তারা পোড়ে
উড়ুক্কু মন প্রবল বাতাস তোড়ে
চূর্ণ হয়ে মিলিয়ে গেল শোক
সেই চোখে কি পড়ল তোমার চোখ?

না হয় শুধু একদিন

না হয় শুধু একদিন, শুধু একদিন
উধাও হব তুমি আমি
নিকষ কোনো রাতে,
কী এমন ক্ষতি তাতে?
সেদিন না হয় বৈরী হলাম
নিয়ম নীতির সাথে।

না হয় শুধু একদিন, শুধু একদিন
বাঁধন ছিঁড়ে, হয়ে গেলাম
শরতের পার্বতী,
কি এমন তাতে ক্ষতি?
থাকলো না হয় একটি বাক্যে
দাঁড়ি, কমা, যতি!