২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কামরুল হাসানের পাঁচটি কবিতা

কামরুল হাসান কামরুল হাসান

Published : 01 Oct 2014, 11:32 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

না ফেরার ইতিবৃত্ত

নীলিমায় ভেঙ্গেছে আমার চোখের চৌকোন।
বায়ুস্তরে ভেসে গেছে ফুসফুস,
ভুলবশে সমুদ্রে রেখেছিলাম পা
সেই থেকে লোনাজলে সিক্ত-দগ্ধ তাঁবুর স্থিতি
পা আর পেল না কোন যাত্রার সৌরভ।

বনবিহারে এত বেশি সবুজের মৌতাত মদ
গিলেছিল হৃদপিণ্ড আমার, যে একটি প্রাণবান বৃক্ষ
হয়ে উঠা ছাড়া রক্তসঞ্চালনও ভুলে গেল সে।

চড়ুইয়ের গলার কবজে, শাখামূলে, পোয়াতি নদীর ভরপেটে
আটকে আছে হৃদপিণ্ড আমার।

বিকেলের ছায়াচ্ছন্ন স্বরে
আদিগন্ত আউশের ছড়ানো মাদুরে
শুয়ে পড়া মাত্র জুড়ে মিশে গেল ত্বক।

তরুণী এক বৃক্ষের কোমরে যে মাত্র রেখেছিলাম হাত
হাত হয়ে গেল মোহন অলঙ্কার।

এভাবে খোয়াতে খোয়াতে আমি আজ সর্বস্বহীন!

নারী ও গৃহের কাছে, সংসার ও আন্দোলনের কাছে
ফিরতে চেয়েছি বহুবার, পারিনি ফিরতে।
হে নারী, হে গৃহ, হে আন্দোলন তোমরাই বলো
ফিরে কি আসব এক হৃদপিণ্ডবিহীন মানুষ
হাত-পা ছিন্ন এক খিন্ন বাউল
দৃষ্টি ও লেবাসহীন অলীক বিভ্রম?


বনভোজন

আদিম লতাপাতা, শেকড়সেদ্ধ, টকফল কিছুই না ছুঁয়ে
আট একর সাতশ সারি কাণ্ডের নির্জনতা বুঝে
বনভোজনে এসে আমাদের আহার হল না

রাহিলা মেলালো তার টিকালো নাকের সাথে
পাখিটির ঠোঁটের বক্রতা,
সোমার চেতনা হল–
প্রাকৃতিক দোকান ছাড়া বকসাদা কাপড় মেলে না।
কেউ ভাবে এর চেয়ে ঢের শান্ত শৈশবের আমবন,
অনেকেই হ্রদ নয়, জলে পায় রক্তচক্ষু চিলের চাহনি।

পুরনো সুরের সাথে ক্ষণিক বিচ্ছেদ কেউ কেউ চায়নিকো
তাদের ক্যাসেটে ভরা শহুরে সঙ্গীত
আশরাফ একা একা হেঁটে গেল পাখির সাম্রাজ্যে।
অনেকেই হয়ে যায় প্রিয় কোন তরুর শরীর,
লীরার বাটিকে এক পত্রময় বনের ভূগোল।

এইসব ছায়া-জল, নীরবতা, পাখির ঝাপটা দেখে
রৌদ্রপোড়া বনভূমে কখন নেমেছে শান্ত বিকেলের আভা।

কে কার কাছে আসে, আমরা বনভূমির কাছে
না আমাদের কাছে বনভূমি?
আমাদের বিচ্ছিন্ন কাণ্ডের সীমানা ঘিরে দাঁড়ায়
এক পরিপূর্ণ বনভূম।

কাটাঁচামচে ভোর

দূরত্ব তোমাকে খুব পৃথক করে নিল।

সময় তিমির পেটে আমাদের যৌথ হাসাহাসি
শয্যাসম্মিলন
ঝাঁকের মৎস্যসম চলে গেছে
ঠোঁট ও হাতের জোড়াকাঠ।

আমাদের ফুঁ দেয়া বাঁশি বাজে না বৈশাখী বাটে।

ঊরুভাঙ্গা নদীর শত্রুতা
সহ্য করে আছি
রাত্রির পানপাত্র চাঁদের মাতলামো নিয়ে
দুঃস্বপ্ন মেনে আছি।

আমি আছি মরাডাল, জবাচোখ, বিচূর্ণ পাথরে
ভুল ক্রান্তির কাছে নতজানু গ্রহের ভূমিকায়
নীলিমা সর্বনাশ ঢুঁড়ে বেসামাল পায়ের ভূগোলে;

আছি অন্ধকারের ডিশ উল্টে কাঁটাচামচে গেঁথে নিতে ভোর।

ভাঙ্গো সেই বরফস্তর

জলের এপিঠ-ওপিঠ, কোন পিঠ নিতে চাও তুমি?
পাহাড়টা ধরতো একটু
যাই গিয়ে কংসাবতীকে ডেকে আনি
স্ফটিক স্তরের ভেতর ঘেরাও মাছদের কথা ভাবো,
একি অভিমানের সময়, যাই বুঝিয়ে বলি।

ওদিকটায় অতখানি উঠে গেল আকাশ
কুরুনী বিঁধিয়ে ফের নামাতে হবে
বরফের উপর সূর্য নেমেছে স্কেটিংয়ে
বরফ ভাঙ্গার ভূমিকাই ভুলে গেল নাকি?
একি প্রহ্লাদের ক্ষণ, যাই নিরস্ত করি।

ভাবো সেই মীনকুমারীর কথা
সঙ্গমের সুখ, সন্তানের ঝাঁক
আহা যার স্বপ্নেই থেকে গেল
পুরূপাষাণ মাছদের কথা ভেবে কী যে কষ্ট পাই,
কষ্ট, কি সে?

পাখি নই আশ্চর্য মানুষ

পাখি নই, আশ্চর্য মানুষ রয়েছি!
শুধু আমি শিখিনি উড়াল, আকাশ তো চিনি

পালকে প্রণত প্রান্তর, স্বরে আহত হাওয়ার শীস
উদ্ভিন্ন অরণ্যের খোঁজ দু'বেলাই রেখেছি ঠোঁটে।

পথের রৌদ্রের দাগ মুছে যায় জলের চুম্বনে
ঝিলের আলপনা মিশে ফিরতি আলোর কারুকাজে।

পাখির নিয়মে বারবার ছেড়ে গেছি অরণ্যের হাত
ঘিরে আসা নীলিমা ফুড়ে পুনর্বার নেমেছি ছায়ায়।

পেয়েছি এই খাঁচা ভাঙ্গার অবিরল উল্লাস!

পাখি নই, তবু আশ্চর্য মানুষ রয়েছি!