মাসুদ খান-এর ৩টি কবিতা
স্বপ্নভূভাগ
এবার বলো হে ফিরতিপথের নাবিক,
ও মাথা-মুড়ে-ফেলা ভিনদেশি কাপ্তান,
সেই দ্বীপের খবর বলো
যেখানে মানিপ্ল্যান্ট আর সোলার প্ল্যান্টের পাতারা
একযোগে চিয়ার্স-ধ্বনি তুলে পাল্লা দিয়ে
পান করে রোদের শ্যাম্পেন।
কোন প্রজন্মের উদ্দেশে তাদের সেই স্বতঃস্বাস্থ্যপান?
সেই দ্বীপদেশের কথা বলো যেখানে নারীরা
সামান্য একটি কাঠের কুটিরে
ফুটিয়ে তোলে বাষট্টি রকমের মায়া ও ম্যাজিক।
মায়াপরবশ সেই কুটিরের কথা বলো, সেই
একটানা মমতালোকের কথা বলে যাও হে কাপ্তান
যে-দেশে নিশুতি রাতে রাধিকা পুরের ঝিয়ারিরা
পথ চলে শিস দিয়ে, তুড়ি বাজাতে বাজাতে।
আর আশপাশের ঝোপঝাড় থেকে
তালে-তালে পাল্টা তুড়ি বাজিয়ে সাড়া দেয়
নবীন উলটকম্বলের চটপটে পাতা ও পল্লব।
এবং হঠাৎই, টাশ-টাশ করে কথা বলে ওঠে
তরুণী বনবিড়ালিনীর সদ্য-বোল-ফোটা কনিষ্ঠা মেয়েটি।
তাক লাগিয়ে দেয় দ্বীপদেশের অরণ্য চ্যাপ্টারে।
নাবিক, সেই অবাক ভূভাগের কথা বলো
যেখানকার মাটি উষ্ণ, অপত্যবৎসল,
যেখানে মানুষ সোজা মাটিতে শুয়ে প'ড়ে
শুষে নেয় ষাষ্টাঙ্গে ভূতাপশক্তি সঞ্জীবন…
দেহ ও মাটিতে যোগাযোগ হয় একদম সরাসরি,
সোজা ও সহজ।
ও ফিরতিপথের নাবিক, ও মাথা-মুড়ে-ফেলা প্রবীণ কাপ্তান,
ওই সেই প্রসন্ন দ্বীপের কথা বলো, কী কী দেখলে হে সেখানে?
জলবায়বীয় পরিস্থিতির কথা বলো
প্রাণী ও পতঙ্গদের উল্লোল উচ্ছ্বাস
আর গাছেদের স্বতঃস্ফূর্তির খবর…
আমরাও তো চলেছি উজানে।
চলছি তো চলছিই অনিঃশেষ
উত্তর পেরিয়ে আরো দূর উত্তরোত্তর অঞ্চলে…
উগ্র লোনা বাতাসের সোহাগে, লেহনে
বিকল হয়েছে আমাদের সেক্সট্যান্ট
মর্চে ধরেছে কম্পাসে, দূরবীনে।
চলেছি তবুও।
বহু-প্রত্যাশার, বহু সাধ-সাধ্য-সাধনার ভোগ্য
স্বপ্নভূভাগ কি এরকমই দূর ও দুর্গম, যোগাযোগাযোগ্য?
মূর্ছনা
জানোয়ার-জাগানো অসভ্য হাওয়া বইছে বনে। আর মনে।
শিস দিয়ে, চোখটিপ মেরে, এলোপাতাড়ি ডিগবাজি
খেয়ে খেয়ে ধেয়ে যাচ্ছে লুম্পেন বাতাস
যত বন্য-বাইসন-খ্যাপানো অশিষ্ট উপভাষায়…
সঙ্গে-সঙ্গে ছাড়া-পাওয়া বাসনারা সব
লাফিয়ে উঠছে জ্বলে-ওঠা জাগুয়ারের ভঙ্গিতে।
পক্ষান্তরে,
এই দেশে লোকালয়ে আষাঢ়ের গুমোট নিরাক
থম ধরে আছে বহু বিষণ্ন বাতাস–
তারই মধ্যে কোথা থেকে হঠাৎ একটি
প্রসন্ন পাহাড়ি সুর হালকা মূর্ছে উঠেই মিলিয়ে যাচ্ছে দূরে।
বাণিজ্য
হ্যাকটিভিস্টরা এলোধাবাড়ি হ্যাক করে চলেছে
শত্রুদেশের ওয়েব সাইট
তাদের মীড়ের চেয়ে গমক বেশি, ঠাঁটের চেয়ে ঠমক।
ওদিকে, জন্ম-, মৃত্যু- আর বাণিজ্য-দেবতা…
তিনজনে মিলে শলাপরামর্শ শেষে
সোল্লাসে হাই-ফাইভ মেরে
তর্জনী-মধ্যমায় ক্রস ফিঙ্গার দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে–
যদি বাড়ে জন্মহার,
বাণিজ্য বাড়বে তবে শিশুখাদ্য ও ডায়পারের
আর মৃত্যু বাড়লে চিরবিদায় স্টোরের।
জন্ম মৃত্যু যেটাই বাড়ুক, বাণিজ্য বাড়বেই।
