মানিক বৈরাগী-র কবিতা
পথিক
মিলিলে মিলাব না মিলিলে চুপ থাকবে না কেউ
রথী-মহারথীর আশায় প্রতীক্ষা করে না পথিক
আগাবেই আগুয়ান চোরাগোপ্তা পথ রুখবেই
তৃণমূল নাবিক ঐক্যবদ্ধ আজ।
ওস পেয়ে তস পেয়ে দ্রুত বেড়ে-ওঠা আগাছারা
রুদ্ধ হবে, পথ হারাবে পালাবার, আমাদের
মানবিক বৃক্ষ মুক্ত বাতাসে নিশ্বাস নেবে তখন।
আবারও জড়ো হবে আনন্দ-প্রাণ, উড়াবেই
লাল সবুজের পতাকা, এসো মৌলিক স্বজন
নান্দনিক কলরবে মুজিবের চেতনায়।
মৎস্যগন্ধা সুখ
মেঘের আর্দ্রতা মেখে মেখে বাতাসের কিনারে পথ চেয়ে থাকা
পুরনো রোদের মিষ্টিগন্ধা রূপে পেলবতা উজ্জ্বল হয়
ফুরায় না যৌবন, ঘাসেরা সবুজ হলে নাচে গঙ্গাফড়িং
বিশেষ বিষের আশায় পাখা মেলে প্রজাপতি
প্যারাঘাসে খেছুরা ফল খুঁড়ে খায় মানবিকতা।
প্রজননহীন তেলাপিয়া অজুখানার শেওলা খেয়ে বাঁচে
কলমকে বোবা করে পোষ্য প্রাণীর আঁচড়ের ভয়ে
ফেস্টুন হাতে নামে যারা, তারাও আজ ছা-পোষা
অশরীরী পাহারা বসে বেদী ঘিরে, দণ্ড দেবে পথ্যের বদলে।
ঝাউয়েরা বাঁশি বাজায় মৎস্যগন্ধা সুরে
এই ঠাণ্ডা ঠাণ্ডা সুনীল বাতাসে ঝাউয়ের পরশে
অনায়াসে শুয়ে থাকে রবীন্দ্রনাথ কবিতা চত্বরে।
লোনা বাতাসের মৎস্যগন্ধা সুখ পেতে
আমি সাগরে যাব, আমি সাগরে যাব।
আষাঢ়ের মন ঝরে তুমুল প্রতাপে
কে কার মন ছুঁয়েছিল সেদিন? না তুমি না আমি
মনের জানালা ঠাস ঠাস খুলে যায়
'এমনি ঘন ঘোর বরষায়'
টিনের চাল বস্তির শিশু কাকের বাসা বুঝে
আষাঢ়ের একগুঁয়ে প্রতাপের মর্মফল
আর আমি
প্লাবনে ভেঙেছে বেড়িবাঁধ ঝিরিতে খরস্রোতে
আদিবাসী তরুণী জানে জুমের অঙ্কুরে কি যাতনা
ঐ শৃঙ্গটি আর কতকাল বইবে তোমার অবসর স্মৃতি
এখনও একটি শিকড় ঠেস দিয়ে ঠেকিয়ে রেখেছে ধস
'তুমি চলে এসো এক বরষায়'
এখন কোথায় মন ঘোর বর্ষায়।
দেহখানা
কত সইতে পারে কতই-বা জায়গাজমি
দহনেরও একটি মাত্রা থাকে কেন সইবে
এ পোড়া মাটি অঙ্গার হবার সুযোগ পেল না
জন্মেই পোড়ে ছাই ৭১, ৭৫, ২১ আগস্ট আরও কত কি?
দেহখানিও ও রকম,
৭১-এ ভূমিষ্ঠ হতেই ৭৫, তারপর দেখে দেখেই জ্বলন
তবুও বিশ্বাস ভাঙেনি এখনও, তবে …
কোথাও যেন আটকে আছে বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল
তবুও আমি পথিক, হাঁটব যতটুকু পারা যায়।
দেহখানা বড় লোভী, শুধু শুধু জীবন খুঁজে ফেরে
অচিন পাখিটি নাছোড় নচ্ছার লটকে থাকে বেলাজ
কোথাও কোনো জীবন দেখি না, শুধু মায়া-মরীচিকা
অতঃপর স্বপ্ন-বেদনার আশাই কি?
আশায়ই কি বেঁচে-বর্তে থাকাই দুনিয়া-যাপন।
