মাসুদুজ্জামান-এর চারটি কবিতা
বনের মধ্যে আমাদের শাদা বাড়ি
তোমার শরীর আমি পেয়েছি যেভাবে চাই, ডাকবা্ক্স থেকে
উড়ে আসা নীল লাজুক চিঠির মতো অপঠিত, নগ্ন, চাঁদ,
অন্ধকার রাতে যেভাবে দিগন্ত জুড়ে জ্যোৎস্নার ঝড় ওঠে,
সেইভাবে বসুধা ভেবে তুমি আমাকে জড়িয়ে ধরে শুনিয়েছো
মহিনের কালো ঘোড়া, ঘাস, আর বনের ভেতরে জেগে থাকা
সেই শাদা বাড়িটির গল্প। এরকম একটা নির্জন বাড়ি নিয়ে
তারকোভস্কি যে-ছবিটি বানিয়েছিলেন, সেই ছবি দেখে তুমি
স্মৃতিকাতর হয়ে পড়েছিলে। তোমাদের বাড়ির পাশের দীঘি,
তৃণলতা আর মাঠ থেকে রৌদ্রমাখা বিষণ্ন ডানায় ভর করে
উড়ে আসা শান্ত ঘুঘুটির মতো ওই শাদা বাড়িটির ভেতরেই
একসময় তুমি আমার হৃৎপিণ্ডে চুমু খেয়ে ঘুমিয়ে পড়েছো।
হৃদয়ের উপকথা
সে ছিল নির্জন এক ঘুম-ঘুম সোনালি দুপুর
আকাশের নীল কাফেতে সুন্দর এসে বসলো।
তখনও তার শাড়ির গোপন ভাঁজে অবিশ্রান্ত,
উড়ন্ত রোদ্দুর; কম্পাসবিহীন জাহাজের মৃত,
শীতল চুম্বন। বসুন্ধরা থেকে সে বয়ে এনেছে
পিপাসার্ত মৃত্তিকার বিহ্বলবাসনা, স্মৃতি, ঘুম,
সমুদ্রসৈকত থেকে স্নিগ্ধ ঝোড়ো-হাওয়ার ঘুঙুর।
বিষণ্ন বিকেলে প্রজাপতির মতো এভাবেই ওরা
পাশাপাশি বসলো, নীল ও হলুদ দুটি প্রজাপতি।
এরই মাঝে ঘনিয়ে এসেছে সন্ধ্যা, নিচে, শাদা
ফিতের মতো রাস্তা, জোনাকির মত সারি সারি
গাড়ি, উড়ে চলেছে দিক থেকে দিগন্তের দিকে।
এসপ্রেসো কফির ফেনায় উচ্ছসিত প্রতিটি মুহূর্ত,
নীল প্রজাপতিটির গানের ঝলকে জ্বলে উঠলো
যুবকের রক্তাক্ত হৃদয়, আর অভিভূত পুরুষকথায়
কোথায় যেন হারিয়ে গেল যুবতীর সবটুকু অভিমান।
গতজীবনের গল্প
কোনো এক বৃষ্টিপ্লাবিত ভোরে
আমাকে তুমি ডেকে নিয়েছিলে ওই মাঠে
ফসলের ভিজে যাওয়া প্রগাঢ় স্তূপে
তখনও লেগে ছিল গত রাত্তিরের চিহ্ন
মিথুনমুহূর্তে তুমি কীভাবে আমার পিঠে, চাঁদে,
বসিয়ে দিয়েছিলে হর্ষপ্রিয় মার্জারের নখ,
তখনও এলিয়ে থাকা তোমার শরীর থেকে
উঠে আসছিল মৃত্তিকার ঘুম, ঘ্রাণ,
আকাশঝরোখা থেকে ঝরে পড়ছিল
জ্যোৎস্নার জড়িবুটি ঝিলিমিলি গান
গতজীবনের এ সবই তো ছিল
আমাদের দুজনের অনিঃশেষ গল্প
এই কবিতা সূর্যোদয় দিয়ে গড়া
জলের গোপন হিংসা থেকে নিজেকে বাঁচিয়ে
যে মেয়েটি বহমান
আমি তার পাশে এসে দাঁড়ালাম।
দিগন্তের দিকে বিস্ফারিত যে বজ্রবিদ্যুৎ –
নখর দেখিয়ে সে তাকে কসাইখানার দিকে
নিয়ে যাচ্ছিল, শূন্যে গেঁথে রেখেছিল মেয়েটির
জিভ, ঘুম, অশ্রুপাত,
ধীরে ধীরে তাকে আমি সবুজ বৃক্ষের মতো
বাঙ্ময় করে তুলছি।
কবিতাসুরার প্রতি মেয়েটি যতটা না তৃষ্ণার্ত ছিল
তার চেয়ে কোনো এক প্রদর্শনপ্রিয়
হালফিল হিপি পোশাকের হন্তারক বাচাল কবির প্রতি
কখন যেন সে নিঃশব্দে ঝুঁকে পড়েছিল।
বৃক্ষতো বাঙ্ময় হয় যদি তার পাতাগুলো সূর্যোদয়ে
ময়ূরের মতো পেখম মেলতে পারে,
মেয়েটি ময়ূরই ছিল
কিন্তু সেই কাককবি ময়ূরের পুচ্ছ পরে
তাকে ঘিরে নাচতে নাচতে সুবচন শোনানোর নামে
কসাইখানার কাছে নিয়ে গিয়েছিল, আর তখনি আমি
ঝরনার মতো মৃদু বহমান মেয়েটির পাশে এসে দাঁড়ালাম
তাকে তুলে আনলাম সূর্যোদয়ের কাছে।
