কয়েকটি কবিতা
১
ফিরে আর আসা হবে না। 'অনেক' দূরে গিয়ে তো হয়েছেই, 'সামান্য' দূরে গিয়েও
মনে হয়েছে ফিরতে পারবে না। কোথায় এসেছে?
এ এক অসাধ্য পথচলা। কোথায় ফিরবে?
এক জায়গা থেকে যাচ্ছে আরেক জায়গায়।
আরেক জায়গা থেকে অন্য অনামা জায়গায়। ঝাপসা একটি গাছ, একটি নারী।
ফিরতে পারবে তো? ফিরতে কীভাবে পারবে?
উৎকণ্ঠায় কেঁদেই চলেছে।
২
একশো বছরের নির্জন লেখককেও দেখি বসাতে হচ্ছে শব্দ সত্য, শব্দ মিথ্যা
ভেবেছেন যেন পৌঁছে যাবেন পাশের গ্রামটিতে
একটি জীবনেই
যদি জানতেম আমার কিসের ব্যথা
কেন পথিক, তুমি পথ হারাইয়াছ না বলেও কোনো রেখা
হেঁটে গেলে
পিছু নিতে ইচ্ছা করে তার
এ দুনিয়া পানা হবে গান ভেসে আসে অভ অল সঙ্স!
এখন কোনো সমুদ্র দেখতে অনেক দূরদেশে গিয়েও
সমুদ্র দেখছি কি না সন্দেহ জন্মালে
একটার পর একটা ছবি তুলতে থাকি
অবিশ্বাসের জন্মদিবস
খামোখাই
দোরে এসে পড়ে
৩
মাতিস খুব সুদিং
মোটেই ডিপ্রেসিং না, বিবিসি-তে দেখাচ্ছে, আর্ট অ্যান্ড কালচারে
দেখতে আশরাফের ফোনের পর ফোন
আমার ঘরভরা বইয়ের তাকে শুধু, শুধুই বিরূপতা
নিজে নিজে তাপ ৪১ ডিগ্রি নয় ৫
বই হাতে নিই আর দুটি লাইন করে পড়ি
আর বলে উঠি, জানি তো জানি তো
বলি, আমি তো,,,
আশরাফ কী ভাবে?
ডিপ্রেসিং ভাবতে ভাবতে
হাত অবশ, পা অসাড়
বুকের ওপর এক বিশাল হাতি…
মুছে ফেলবার আগে
সে কথা ছবির মতো এঁকে ফেলতে পেরেছিলাম প্রায়
৪
কয়েকটি লাইন লিখতে লিখতে মনে হচ্ছিল
এক পাতার একটি লেখা দিয়েই যদি একটি বই হত
তবে আমার একটি বই হবে
ফিরে পড়তে পারব
দুদিন পর, দুমাস পর, বিশ বছর পর
তা নাকি হয় না
এক পাতা দিয়ে একটি বই
আমার পক্ষেও সম্ভব না এক পাতার বেশি কিছু লেখা এক জীবনে
ফিরে পড়ার প্রশ্নও তাই নেই
৫
ধরা যাক, হচ্ছে
'একরকম' না হয়ে 'অন্যরকম' হতে পারত সবকিছু
অন্যরকম হতে হতে আবারও অন্যরকম
আবারও অন্যরকম
তাই তো না কি হচ্ছে
একরকম না হয়ে,
মনে একবার খুব এসেছিল আজ যে অচেনা ফোন থেকে ৭ বছর পর
ওকে ফোন করে ওর গলাটা শুধু শুনব একবার
একটিবার
৬
স্বপন চায় ওর জগৎটার মতোই হোক সবার জগৎ
হ্যাপি
আমি যা চেয়েছিলাম ক্লাস টু থেকে
নিজে অসুখী থেকেও
তারপরই স্কুল ছেড়ে দিয়ে আকাশ ভেঙে ফেলি
হাওরের সমুদ্র ধরে দৌড়তে থাকি
তারপরও প্রকৃতি মা আমার আগলে আগলে রেখে
এখানে এনেছে এই দ্বীপে
চিনি যে তা বলতে পারব না, তবু দেখামাত্র মানুষদের
কুশল শুধাই
একজন শিল্পীর কথা মনে আসতেই স্বপনকে সেদিন বলতে
যখনই গিয়েছি তার কথা
বলে উঠেছিল, আনহ্যাপি, মোস্ট আনহ্যাপি
স্বপনের কুশল জানতে চাই
