তোমার কথাগুলো
তোমার কথাগুলো জানে প্রকৃতির ধ্বনিতত্ত্ব
অনিঃশেষ ব্যঞ্জনায় ফুটিয়ে তোলে বহুমাত্রিক অর্থ
নানা পথে আসে তোমার কথাগুলো
সদ্য ফুটে ওঠা তুলোর মতো মেঘের খামারবাড়িতে
তোমার কথার রোমাঞ্চিত পোশাকের ঘেরগুলো উড়তে থাকে।
আমি তার উষ্ণ ছোঁয়া পাই রৌদ্র ও জোছনার স্বর্ণাভ ঠোঁটে
নৈঃশব্দ্যের গভীর কিছু মুহূর্তের শব্দ আমার শরীরে শিউরে ওঠে
তোমার শব্দগুলোকে আমি আঙুলে চেপে ধরি, গালে ছোঁয়াই,
চোখের পাতায় বসিয়ে দিই এক ফোঁটা জ্বলজ্বলে অশ্রুর মতো
আবার টোকা দিয়ে ফেলে দিই। তুলে নিই জিভের ডগায়
বাষ্পাচ্ছাদিত শ্রাবণের ঝোড়ো বাতাসের মতো শব্দকণাগুলো
আমার খাতার পাতা ভিজিয়ে দিয়ে তোমাকে তুমুল জলরঙে এঁকে যায়।
তোমার রঙছোপানো গালে আমি স্পর্শ রাখি, ঠোঁটে রাখি উষ্ণ নিঃশ্বাস
অনুভব করি একটি মেঘমণ্ডল অথবা নদীমগ্ন ঢেউয়ের উচ্ছ্বাস
একটানা আমার ওপর দিয়ে বয়ে যায়। আমার শরীরে জমে ওঠো তুমি
আমার প্রবাল-শরীর ভরে উঠতে থাকে
ছোট ছোট চুমুর মতো তোমার কথার শামুক-ঝিনুকে।
