২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শামসেত তাবরেজীর দুটি কবিতা

শামসেত তাবরেজী

Published : 11 Jun 2014, 07:16 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

প্রতিদান

এইটুকু ভুরুক্ষেপ হল না তোমার
কোন্ মার্গে মহাজন এতটা উঠল!
কুশন লাগল না আর, বুটি তোলা রাত
ফাটবে-ফাটবে আশ্চর্য এমনই বোমার
স্প্রিন্টার চেপে লয়ে উথলিল দাঁত
কি ব্যাকুল কামড়ে দিতে ঝাঁপিয়ে ফুটল।

এ সবই ভাষার ব্যামো, বাঁকা তরোয়াল
দিগন্ত রেখার মত ভূমিতে নামল,
রাতুল মগ্ন মাটি কেঁপে-কেঁপে উঠে
এখনি ধ্বংসিবে বুঝি বৃষের জোয়াল,
তেকারণে বোধহীন সে দূরন্ত ছোটে,
অবশ্য তার আগেই গল্প থামল।

তখনও দেখলে না তুমি তোমার কাছিম
ঈশ্বরের কোল ভরে দিয়ে গেছে ডিম!

প্রতি-পুত্রকে

কান্দন নাই বাপ, সুমাত্রা সঘন
এ রাত নামবে গ'লে জঙ্গল ডুবিয়ে।
কুর্নিকোভার মত সতত সচল পেশী
আরশ পেঁচিয়ে পুরা জন্ম-মরণও
তুলে নিলে, সেইদিন আস্ত কুপিয়ে
তুই তো জানবি না এই দেহ দেশি
অথবা বিদেশি, কিংবা নাটকের
এটা সেই অশেষ পর্ব সিন বদলিয়ে?

কুজ্ঝটিকাময় এ দীর্ঘ ঠান্ডা টানেলে
ঘুম-ঘুম ভ্রমণের শেষ কেন চাস?
কেন তুই চাস ওরে লৌকিক আসরে
ভাষার তরীকাজ্ঞান? দগ্ধ আপেলে
লোভ ছেড়ে, সুমাত্রার চৌষট্টি কবরে
শুয়ে থাক, ও আমার আদিতম লাশ!