২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জুননু রাইনের তিনটি কবিতা

জুননু রাইন

Published : 08 Jun 2014, 08:40 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

ক্লান্ত অভিমান

কী অদ্ভুত!
আমি আমার হাতকে বলছি-
তোমাকে দিয়ে আমি আর কিছুই স্পর্শ করব না
আমি আমার পা'কে বলছি-
তোমায় ভর করে আমি আর কোনোদিনই হাঁটব না
আমি আমার চোখকে বলছি-
তোমাকে দিয়ে আমি আর কোনো দৃশ্যই দেখব না
আর এই কথা শুনে শুনে অভিমান ক্লান্ত হয়ে আসে।


বেশি কিছু জানি না

আজ আমি আর এর বেশি কিছুই জানি না
যেটুকু আমি জেনেছি আমার কাছ থেকে
আমি আর এর বেশি কিছুই জানব না
যেটুকু জানব আমি নিজের কাছ থেকে
তুমিও ঘুমানোর আগে বুঝে নিও-
আমিও জেনেছি তুমি শুধুই ঘুমিয়ে আছো

আমি আর এর বেশি কিছুই জানি না…
জানব না।

আমার কী দোষ

আমার কী দোষ বলো !
তুমি অবেলায় আসো
গ্রহণে অক্ষম তখনো আসো
এসে আমার প্রতিটি দিন
ক্লান্তির জলে ভিজিয়ে রাখো
এই শব্দগুলো রক্তাক্ত হলে
তার অর্থগুলো অশ্রুসিক্ত হলে
আমার কী দোষ বলো ?