মাহবুব আজীজের একগুচ্ছ কবিতা
ছোট্ট একটি মেলা
ছোট্ট একটি মেলা-
ক্ষীণকটি রাস্তার দু'পাশে ইতস্তত: ছড়ানো দোকান-
আলোর সারি।
হাল্কা হাওয়ায় চুল ওড়ে-
স্মিত চোখে দেখি
উচ্ছল মানুষের ছোটাছুটি।
মায়ের হাত ধরে শিশুটির ছোটা…
-লাল জুতো কিনবো মা! লাল জুতো!
-কি নির্ভার আনন্দে ধরে আছে মায়ের হাত।
শিশুর প্রতি ঈর্ষা জাগে মনে;
-আহা, লাল জুতো! আহা, মা!
দুটি শিশু : ভাই-বোন হতে পারে।
একজন তাড়া করছে আরেকজনকে;
তারা এদিক ওদিক দিচ্ছে ভো দৌড়।
-আমি কি যোগ দেব শিশুদের সাথে?
লাজুক বউ, স্বামীর হাত ধরে
এটা ওটা কেনে সংসারের।
আহা, বউ! অনঙ্গ বউ!
ইচ্ছে হয় বলি-
'বড়দেখে কড়াই কেনো একটা বউ।
বেশি করে তেল দিয়ে বেগুণভাজি খাওয়াবে একদিন!'
ইচ্ছে হয় চারপাশের আনন্দে বিস্ময়ে
নিজেকে ছিন্নভিন্ন করে ভাসিয়ে দিই-
হয়ে যাই মেলার একজন!
না বউ, না শিশু, না আনন্দিত চারপাশ
আমি কারও নই।
আমি কেবল দেখতে থাকি-
মেলাভর্তি মানুষ-
অবিরাম কলকল, ছলছল।
২.
হঠাৎ চোখ যায়
মেলার পাশ দিয়ে বয়ে যাওয়া
একা জলের দিকে।
শান্ত, টলমল জল। ধীর, গহন-মগন।
ইচ্ছে হয় একশো বছরের নিরাশ্রয়ী মুখখানা
জলের গভীরে নিয়ে লুকাই। দিই ডুব পরম পাতালে।
আমার মুখে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে।
কি যেন মনে পড়ছে আমার! কি যেন!
চরাচরজুড়ে সেই কথাটি ভেসে আসে আবার-
'- কে আর কার জন্যে অপেক্ষা করে কবে!'
হঠাৎ দরজায়
হঠাৎ দরজায় পড়ে একটি টোকা-
জন্মান্ধ হাতের শিরা কেঁপে কেঁপে ওঠে-
করোটিতে লাল সূর্য নীল হয়ে ফোটে।
চমকে উঠি, দৌঁড়ে যাই। দেখি-ধোকা!
স্বপ্নবারান্দায় বসে ডাকে হৃৎ পাখি।
এসো, অস্তিত্বে বৈশাখ পাতা হয়ে ঝরো-
তোমার মৃগয়াকে বলো- সরো!
আমি আর কতোকাল একা বসে থাকি।
আমি, নিঃসঙ্গ কফিন, শুয়ে আছি মেঘে।
-আমাকে বৃষ্টিতে ভাসিয়ে ঝরাও।
-আমাকে রৌদ্র বারান্দায় হাঁটাও।
আমারই মতো তুমিও থাকো রাত জেগে।
এসো, অপস্মার-লুকোই মেঘের নীলে।
আবার মিশে যাই ভুলে যাওয়া মিছিলে।।
উঠান
তোমাদের উঠানে জিরোবার একটু জায়গা দেবে?
বস্তুবাদী রোদ, উদ্বাহু দৌড়; দাঁড়াবার অবসর নাই।
অবিশ্বাসীরও দ্বিধা জাগে-এ'সত্য কে মেনে নেবে!
নিক না নিক, সরাসরি স্বীকারোক্তি-ঠাঁই চাই।
আমারতো দিন যায়: দৌঁড়-ক্ষোভ-নির্ঘুম আত্মযুদ্ধ-
উদ্বাহু ছুটে চলা; আরও উর্ধ্বে পতাকা তোলা;
জীবনট্রেনের নিশানা কি? প্রশ্নে সবাই বাকরুদ্ধ।
শুধু ছুটে চলা, কেবলই ছুটে চলা; যেন আত্মভোলা।
রোরুদ্যমান আয়ুক্ষয়ী দৌঁড়-শেষ হয় না এর রেশ;
বুঝবার আগেই- শুরু হয় দৌঁড়; জীবনব্যপী চলে।
মুহুর্তমাত্র থামা যায় না, থামলেই যেন সব শেষ;
জীবনভর একটাই ভয়-কোন্ সিড়ি থেকে যে পা টলে!
তোমাদের উঠানে জিরোবার একটু জায়গা দেবে?
একটু থেমে আকাশের রঙ চেটে খাব; সঙ্গী হবে?
পাখি স্বভাব
পাখির মতো উড়ে উড়ে
ঘুরে ঘুরে এ মানুষ ও মানুষে বসা।
– মানুষের এখন এই পাখি স্বভাব।
দ্রুত পুরনো হয় একজন আরেকজনের কাছে।
হয় পরিত্যক্ত; ওঠে নাম বাতিলের খাতায়।
অচিরে সব রঙ ম্লান হয়; ধুসর থেকে ধুসরতর।
আরেক মানুষ খোঁজে সে-
অন্য এক ডালে বসা আরেক রঙের পাখি।
কত না পুলক নিয়ে একজন
ধরা দেয় অন্য ডালে-বসা আরেক পাখির নিকট।
পাখিদু'টি পরস্পরের কাছে আসে। আসতে থাকে।
ডাকে। ডাকতে থাকে। ঠোঁটে ঠোঁট রেখে তারা কথা কয়।
– চিরায়ত ক্রন্দন নতুন হয়ে
দেখা দেয় আরবার। স্মিত মধুরহাস্যে।
